ডিজিটাল অলিম্পিক!
চলছে বিশ্বের সেরা ক্রীড়া আসর গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস। লন্ডনে অনুষ্ঠিত এবারের আসরে বিশ্বের ২০৪টি দেশের সাড়ে ১০ হাজার খেলোয়াড় অংশ নিচ্ছেন। অনেকেই একে বলছেন ডিজিটাল অলিম্পিক। আনুষ্ঠানিক ওয়েবসাইটে (www.london2012.com) হালনাগাদ তথ্য পাওয়ার পাশাপাশি এবারের অলিম্পিক আসরে সবচেয়ে বেশি ব্যবহূত ও আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি। অলিম্পিক ২০১২-এর আনুষ্ঠানিক ফেসবুক ফ্যান পেইজে (facebook.com/London2012) রয়েছে ১১ লাখ ৪৭ হাজার ৮১ জন আর টুইটারে (twitter.com/London2012) রয়েছে ১২ লাখ ৯১ হাজার ৯৮৬ জন অনুসরণকারী। যাঁরা প্রতিনিয়ত এ মাধ্যম থেকেই পাচ্ছেন সর্বশেষ হালনাগাদ। এবারের অলিম্পিকে প্রযুক্তি সহায়তা করছে অ্যাটমস এবং এসার। এ দুটি প্রতিষ্ঠান অলিম্পিকের প্রযুক্তিবিষয়ক নিরাপত্তার ব্যবস্থাও করেছে। প্রায় দুই লাখ ঘণ্টা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। যে অলিম্পিকের কোনো তথ্য চুরি করা সম্ভব নয়। অলিম্পিকের আসরে ব্যবহূত হচ্ছে দারুণ সব প্রযুক্তি। সেসব নিয়ে এই প্রতিবেদন। লিখেছেন নুরুন্নবী চৌধুরীস্টেডিয়ামেও প্রযুক্তিঅলিম্পিক ২০১২-এর মূল স্টেডিয়ামে যুক্ত হয়েছে দারুণ সব প্রযুক্তি। এ পর্যন্ত যত অলিম্পিক স্টেডিয়াম গড়া হয়েছে, এবারের লন্ডন অলিম্পিক স্টেডিয়াম তার মধ্যে সবচেয়ে হালকা। মাত্র ১০ হাজার টন লোহা আর ইস্পাত দিয়ে তৈরি হয়েছে এবারের স্টেডিয়াম। সম্পদের অপচয় না করে কীভাবে তার পুরো সদ্ব্যবহার করা যায় সেদিকে জোর দেওয়া হয়েছে সবচেয়ে বেশি। স্টেডিয়াম এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে অলিম্পিক ও প্যারা অলিম্পিক গেমস চলাকালে আসনসংখ্যা হবে ৮০ হাজার। এর নিচের স্তর বা টায়ারে আছে ২৫ হাজার স্থায়ী আসন। আর ওপরের স্তরে থাকবে ৫৫ হাজার অস্থায়ী আসন, যা খুলেও নেওয়া যাবে। উপবৃত্তাকার আকারের এই স্টেডিয়ামের লম্বা দিকের ব্যাস ৩১৫ মিটার এবং চওড়া দিকের ব্যাস ২৫৬ মিটার। স্টেডিয়ামের সীমানার মোট দৈর্ঘ্য ৮৬০ মিটার। উচ্চতা ৬০ মিটার। ৭০ মিটার উঁচু ১৪টি স্তম্ভ থেকে টিভি সম্প্রচারের উপযুক্ত ৫৩২টি অত্যাধুনিক আলোর মাধ্যমে খেলা চলাকালে স্টেডিয়ামে আলোর ব্যবস্থা করা হয়। বসানো হয়েছে অত্যাধুনিক অ্যাথলেটিকস ট্র্যাক যেখানে ঘটানো হয়েছে প্রযুক্তির সমন্বয়। এবারের আয়োজনে নানা চমকের মধ্যে একটি হলো দর্শকদের বসার আসনের সাহায্যে আলোর দারুণ খেলা। অডিয়েন্স পিক্সেলের এ সুবিধার মাধ্যমে দর্শকদের বসার আসনে ৭০ হাজার ৭৯৯টি ছোট প্যানেল যুক্ত করা হয়েছিল, যা আলোর খেলার সময় দর্শকদের আলাদা আনন্দের পাশাপাশি সারা বিশ্বের দর্শকদের আনন্দ দিয়েছে। প্রতিটি প্যানেলে ছিল নয়টি এলইডি পিক্সেল, যা সব মিলিয়ে ছিল ৬ লাখ ৪০ হাজার! কেন্দ্রীয়ভাবে কম্পিউটারের মাধ্যমে এ কার্যক্রমটি পরিচালনা করা হয়। ছবি আর সুন্দর দৃশ্যগুলো সুন্দর করে ফুটিয়ে তুলতে কেন্ন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে ৩১৭ কিলোমিটার তার যুক্ত রয়েছে। ৪০ জনের একটি দল দুই মাস ধরে এ ব্যবস্থা যুক্ত করে। কোয়ান্টাম টাইমারঅলিম্পিক গেমসে সময় দারুণ ভূমিকা রাখে। বেশ কয়েকটি খেলায় যুক্ত থাকে সময়ের নিখুঁত হিসাব। তাই এবার সময়ের সব ধরনের ত্রুটি দূর করতে আধুনিক সুবিধার টাইমার ব্যবহূত হচ্ছে এবারের অলিম্পিকে। ওমেগার তৈরি কোয়ান্টাম টাইমার নামের বিশেষ ঘড়ি ব্যবহার করা হচ্ছে এবারের আসরে। অলিম্পিক শুরু থেকে হিসাব রাখার জন্য যে সময়ানুক্রমিক ঘড়ি ব্যবহূত হচ্ছে তা ওমেগার তৈরি। এবারের বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তৈরি কোয়ান্টাম টাইমার দিয়ে একসঙ্গে ১৬ জন প্রতিযোগীর নিখুঁত সময় পরিমাপ করা যাবে। এবারের ঘড়িটি প্রায় এক সেকেন্ডের ১০ লাখ ভাগের একভাগ পর্যন্ত সময় গণনা করতে সক্ষম। অ্যাপসঅলিম্পিকের এবারের আসরকে সামনে রেখে স্মার্টফোনের জন্য নানা ধরনের অ্যাপস তৈরি করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। বিবিসি তৈরি করেছে পূর্ণাঙ্গ সুবিধার অলিম্পিক অ্যাপস। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা http://goo.gl/7Zbk3 ঠিকানা থেকে এবং আইওএস ব্যবহারকারীরা http://goo.gl/oO6Vo ঠিকানা থেকে অ্যাপসটি নামাতে পারবেন। আইফোনের জন্য এনবিসির অলিম্পিক অ্যাপস পাওয়া যাবে http://goo.gl/D8rJ2 ঠিকানা এবং অলিম্পিক ও প্যারা অলিম্পিকের অ্যাপস পাওয়া যাবে http://goo.gl/a9t5d ঠিকানা থেকে। এ ছাড়া অফিসিয়ালভাবে পূর্ণাঙ্গ অলিম্পিক, অলিম্পিকের বিভিন্ন খেলার ফলাফল ও ভিডিও গেমসের জন্য রয়েছে বিশেষ অ্যাপস। পূর্ণাঙ্গ অলিম্পিকের ‘জয়েন ইন’ নামক অ্যাপস এবং ফলাফলের জন্য তৈরি অ্যাপস পাওয়া যাবে http://goo.gl/k2QuH ঠিকানায়। অ্যাপসগুলোর অ্যান্ড্রয়েড, আইওএস, ব্ল্যাকবেরির জন্য আলাদা সংস্করণ রয়েছে। এর বাইরে ভিডিও গেমস অ্যাপসের খবর পাওয়া যাবে http://goo.gl/7S650 ঠিকানায়।কুইনক্যাম ও রোবটিক ক্যামেরাবরাবরের মতোই ছবি তোলার ব্যাপারটিকে খুব গুরুত্ব দিয়েই দেখা হয় গেমসের আসরে। দারুণ সব ছবি তোলার জন্য এবার রাখা হয়েছে দুই লেন্সের সমন্বয়ে তৈরি বিশেষ সুবিধার ক্যামেরা। ‘কুইনক্যাম’ নামের আধুনিক প্রযুক্তির এ ক্যামেরাটি দুটি লেন্স দিয়ে তৈরি বলেই এর নাম কুইনক্যাম রাখা হয়েছে। এ ছাড়া এবারের অলিম্পিক গেমসে ব্যবহূত হচ্ছে রোবটিক ডিএসএলআর ক্যামেরা। যা কাছে বা দূরের ত্রি-মাত্রিক ছবি ধারণ করতে পারে এবং এটি ৩৬০ ডিগ্রি পাশাপাশি ঘুরতেও পারে। দূর থেকে জয়স্টিকের সাহায্যে এ ক্যামেরা দিয়ে ছবি তোলা সম্ভব। আর ছবি ধারণ করার জন্য আসরে রয়েছে প্রায় ৩০ হাজার প্রশিক্ষণপ্রাপ্ত চিত্রগ্রাহককে।ট্র্যাকিং ডিভাইসসাধারণত অ্যাথলেটরা লাফ, দৌড়, উচ্চতা শীর্ষক প্রতিযোগিতায় যখন প্রতিযোগীরা অংশ নেন তখন তাঁদের নানা বিষয়গুলোর তথ্য প্রয়োজন হয় আয়োজকদের। এবার তাই প্রতিযোগীদের জন্য রাখা হয়েছে বিশেষ প্রযুক্তি। এর ফলে প্রতিযোগিতার সময় প্রতিযোগীর শরীরে ট্র্যাকিং ডিভাইস যুক্ত থাকবে। এর ফলে প্রতিযোগীর শরীরের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পরিবর্তন রেকর্ড করা সম্ভব হবে। এ ছাড়া অপটোজাম্প ও ফানটম ফ্লেক্স ক্যামেরার সাহায্যে প্রতি সেকেন্ডে দুই হাজারটি ফ্রেম সংগ্রহ করা হবে। এসব প্রযুক্তি ব্যবহূত হবে যখন অ্যাথলেটরা লাফ, দৌড়, উচ্চতা আরোহণ ইত্যাদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।স্টার্টিং ব্লকদৌড়বিদদের সঠিক স্থান নির্ণয়ের ক্ষেত্রে নানা ধরনের ভুলের সম্মুখীন হয়েছেন অলিম্পিক কমিটির সদস্যরা। এজন্য এবার চেষ্টা করা হয়েছে প্রযুক্তির সর্বোচ্চটুকু ব্যবহার করে এ ভুলের নিরসন করতে। এবার তাই দৌড়বিদ বা সাঁতারুদের জন্য রয়েছে আধুনিক ‘স্টার্টিং ব্লক’। এটি বাতাসের চাপ পরিমাপের মাধ্যমে দৌড়বিদদের সঠিক স্থান নির্ণয় করতে পারে। এর ফলে নিখুঁত হিসাবের মাধ্যমে সেরা নির্বাচন সম্ভব হবে বলে আশাবাদী অলিম্পিক কমিটির সদস্যরা।লাইভ স্ট্রিমিংএবারের আসরে নানা খেলার নানা অংশ সরাসরি ইন্টারনেটে দেখার সুযোগ করা হয়েছে। এ সুবিধার ফলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সরাসরি অলিম্পিক আসরের খেলাগুলো উপভোগ করতে পারছেন ক্রীড়াপ্রেমীরা। বিভিন্ন মাধ্যমের প্রায় ১৩ হাজার ব্রডকাস্ট ব্যক্তিত্ব নিয়োজিত আছেন এ ধরনের কাজে। ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) নানা অ্যাপসের পাশাপাশি সরাসরি লাইভ স্ট্রিমিং সেবা দিচ্ছে। এ যাবৎকালের সর্বোচ্চ লাইভ স্ট্রিমিং এ অলিম্পিক আসরে ব্যবহূত হচ্ছে বলে ধরে নেওয়া হয়েছে।ইন্টারনেট আর ওয়াইফাইনানা ধরনের প্রযুক্তিভিত্তিক সুবিধা যেখানে মাতিয়ে দিচ্ছে অলিম্পিকের আসর সেখানে ধারণাই করা যায় ইন্টারনেট এবং ওয়াইফাই সুবিধার কেমন অবস্থা। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ব্রিটিশ টেলিকম (বিটি) প্রায় এক হাজারের বেশি ওয়াইফাই হটস্পট বিনা মূল্যে ব্যবহারের সুযোগ করে দিয়েছে, যার মাধ্যমে প্রায় তিন লাখ মানুষ সহজে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। এটিই এখন পর্যন্ত যুক্তরাজ্যের সবচেয়ে বড় সংখ্যক হটস্পট। গতির দিক দিয়ে চমক রেখেছে বিটি। প্রতি সেকেন্ডে ইন্টারনেটের গতি ১.৭ গিগাবাইট, যার মাধ্যমে প্রতি মিনিটে প্রায় ১৩ হাজার ২০০ ওয়েবসাইট দেখা সম্ভব!