ডিজিটাল উদ্বোধন
বুটিক শপ বা ব্যাংকের নতুন শাখার যাত্রা শুরুর আগে গণ্যমান্য, নামীদামি অতিথিরা আসেন। মূল দরজায় লাল ফিতা ঝোলানো হয়। প্রধান অতিথি কাঁচি দিয়ে সেই ফিতা কাটেন। মুহুর্মুহু করতালিতে ভরে ওঠে চারদিক। একসময় প্রধান অতিথি ঝকঝকে, তকতকে ঘরে পা রাখেন। একে একে ঢোকেন সবাই। ছবির এই কুশীলবেরাও কিন্তু রীতি রক্ষার কাজটিই করেছেন। লাল টুকটুকে ফিতা এনেছেন, এনেছেন কাঁচি। আরও ছিল ল্যাপটপ ও প্রজেক্টর। নিমন্ত্রিত হয়ে এসেছেন ইউএনওসহ গণ্যমান্য ব্যক্তিরা। প্রজেক্টরের মাধ্যমে একটি ছবি ফেলা হলো দেয়ালে। ছবির এ মাথা থেকে ও মাথা অবধি ঝোলানো হলো ফিতা। কাঁচি হাতে এগিয়ে এলেন ইউএনও, কাটলেন ফিতা। তবে তিনি যে জিনিসটি উদ্বোধন করলেন, সেটি নতুন কোনো বাড়ি, দোকান বা প্রতিষ্ঠানের শাখা নয়। একটি ওয়েবসাইট। সমপ্রতি নীলফামারীর সৈয়দপুরের ইতিহাস-ঐতিহ্যের ওপর তৈরি ওয়েবসাইটটির উদ্বোধন হয় সৈয়দপুর রেলওয়ে অফিসার্স ক্লাব মিলনায়তনে। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এনালগ উদ্বোধনের অনন্য এক নজির। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি এম আর আলমের তথ্য ও ছবি অবলম্বনে আবুল হাসনাত