ডিজিটাল উদ্ভাবনী পুরস্কার পেল হালদাভিত্তিক ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ডিজিটাল উদ্ভাবনী পুরস্কার-২০১১ পেয়েছে হালদা নদীভিত্তিক ওয়েবসাইট (www.haldariver.org)। প্রতিযোগিতায় ‘ই-সংস্কৃতি ও ঐতিহ্য’ শাখায় এ ওয়েবসাইট সেরা নির্বাচিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক এবং হালদা গবেষক মনজুরুল কিবরিয়া এ ওয়েবসাইট তৈরি করেন। এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীর ওপর ভিত্তি করে এই ওয়েবসাইট তৈরি করা হয়। গত ৬ ফেব্রুয়ারি ওয়েবসাইটটির আনুষ্ঠনিক যাত্রা শুরু হয়। গবেষক মনজুরুল কিবরিয়া প্রথম আলোকে বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়ায় দায়িত্ব ও কর্তব্য আরও বেড়ে গেছে। হালদা নদী শুধু দেশের জন্য নয়, এটা বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘ই-সংস্কৃতি ও ঐতিহ্য শাখায় সেরা মনোনীত হওয়ায় হালদা নদীকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করায় আন্দোলন অনেক এগিয়েছে।’ আয়োজক সূত্রে জানা যায়, মোট ১০টি শাখায় ডিজিটাল উদ্ভাবনী পুরস্কার দেওয়া হয়। ১০টি শাখায় মোট ১৮০টি সাইটকে মনোনয়ন দেওয়া হয়। যাচাই-বাছাই শেষে এর মধ্যে চূড়ান্ত তালিকায় ছিল ৪৭টি ওয়েবসাইট। আর ১০টি শাখায় সেরা নির্বাচিত হয় ৩১টি ওয়েবসাইট। ‘ই-সংস্কৃতি ও ঐতিহ্য’ শাখায় পাঁচটি ওয়েবসাইটের মধ্যে সেরা নির্বাচিত হয় হালদা নদীভিত্তিক ওয়েবসাইটটি। এ শাখায় বিশেষ সম্মাননা দেওয়া হয় বিপ্লবীদের কথা ডটকমকে।উল্লেখ্য, বাংলাদেশের তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে এটাই সর্বোচ্চ জাতীয় পুরস্কার।প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। ১০টি শাখার পুরস্কার দেশের ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে উৎসর্গ করা হয়।মনজুরুল কিবরিয়া জানান, এই ওয়েবসাইট এর আগে ‘ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড’ প্রতিযোগিতায় প্রশংসিত হয়।