ডিজিটাল ওয়ার্ল্ডে শিক্ষার্থীদের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের উন্নত প্রযুক্তির সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য দেশ-বিদেশে ঘটে যাওয়া ঘটনাবলির সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। সেই সঙ্গে চেষ্টা থাকতে হয় জানা ও জানানোর, দেখা ও দেখানোর। আগামী ডিসেম্বরে শিক্ষার্থীদের জন্য এমনই একটা সুযোগ আসছে ডিজিটাল ওয়ার্ল্ডে। ৬ থেকে ৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১২’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। ‘সমৃদ্ধির জন্য জ্ঞান’—স্লোগানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক এ আয়োজনে রয়েছে শিক্ষার্থীদের জন্য নানা আয়োজন। তারই কয়েকটি এখানে তুলে ধরা হলো।বর্তমান সময়ের বড় দাবি হচ্ছে উদ্যোক্তা হওয়া। আইসিটিভিত্তিক ক্ষদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎসাহ দিতে ডিজিটাল ওয়ার্ল্ডে থাকছে উদ্যোক্তা সম্মেলন। ‘ডিজিটাল এন্টারপ্রিনিয়র কনফারেন্স’ শীর্ষক এ সম্মেলনে থাকবে সফল উদ্যোক্তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়, নেটওয়ার্কিং, ব্যবসা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক প্রশিক্ষণ। এর একটি পর্বে নতুন উদ্যোক্তাদের বিকাশের প্রধান তিনটি ধাপ উদ্ভাবন, পরিচর্যা ও বিনিয়োগ নিয়ে আলোচনা করবেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। উদ্যোক্তা সম্মেলনে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বিজনেস ইনকিউবেশন অ্যাসোসিয়েশনের পরিচালক টম স্ট্রোডথবেক, স্পার্কলাইন অ্যানালিটিকসের প্রতিষ্ঠাতা বিনোজ বিজয়কুমার, বাংলাদেশের সিদ্দিক-ই রাব্বানী, মাহমুদুল হাসানসহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সফল উদ্যোক্তা।এ ধরনের আয়োজনে সুযোগ পাওয়া যায় প্রযুক্তিবিদ ও অগ্রসর ব্যক্তিদের সঙ্গে সংস্পর্শের। মুহম্মদ জাফর ইকবাল এ বছর উপস্থাপন করবেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ডিজিটাল ডিভাইড ইনস্টিটিউটের পরিচালক ক্রেক ওয়ারেন স্মিথ, যুক্তরাজ্যভিত্তিক হ্যান্ডহেল ডিভাইস প্রতিষ্ঠান ডেটা উইন্ডের প্রধান নির্বাহী ও স্বল্পমূল্যের আকাশ ট্যাবলেটের উদ্ভাবক সুনিত সিং এবং ইউএসএইডের প্রধান উদ্ভাবনী কর্মকর্তা মওরা ওনিলকে।স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য আরেকটি আয়োজন হচ্ছে নলেজ টু প্রোসপারিটি। এখানে শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, মুহম্মদ জাফর ইকবাল, এমআইটির পরিচালক ইকবাল কাদির ও মাইক্রোসফট এশিয়ার প্রধান শিক্ষা কর্মকর্তা ভিনসেন ওয়া।