ডিজিটাল পরিচয়পত্র পেল সীতাকুণ্ডের সাড়ে তিন হাজার জেলে
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাড়ে তিন হাজার নিবন্ধিত জেলে ডিজিটাল পরিচয়পত্র পেয়েছে। ১৩ আগস্ট উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে জেলেদের পরিচয়পত্র দেওয়া হয়।
উপজেলার নয়টি ইউনিয়নে তিন হাজার আট শ জন জেলে নিবন্ধিত হন। সরকারি উদ্যোগে নিবন্ধিত এসব জেলেদের মধ্যে সাড়ে তিন হাজার জেলেকে ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হয়েছে।
উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করে সীতাকুণ্ডের মৎস্য কর্মকর্তা সেলিম রেজা। তিনি বলেন, যেসব জেলে দুর্যোগের সময় মৃত্যুবরণ করবেন, তাঁরা ৫০ হাজার টাকা অনুদানসহ সরকারি বিভিন্ন সহযোগিতা পাবেন।
পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-৪ সংসদীয় আসনের এমপি দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন, সীতাকুণ্ড পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি এম সেকান্দর হোসাইন, চেয়ারম্যান নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা সাহাব উদ্দিন প্রমুখ।