ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা সময়ের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত তথ্যপ্রযুক্তিবিষয়ক সেমিনারে বক্তারা বলেছেন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করা সময়ের দাবি, ইচ্ছে করলেই তা থেকে পিছিয়ে যাওয়া অসম্ভব। দেশের তথ্যপ্রযুক্তি খাতে দ্রুত উন্নয়ন ঘটানোর মাধ্যমে যোগাযোগের সব মাধ্যমকে ডিজিটাল করতে হবে।বক্তারা বলেন, দেশের প্রতিটি নাগরিক যাতে তথ্য দুনিয়ার সঙ্গে সখ্য করতে পারে সেজন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। কম্পিউটার ব্যবহার থেকে শুরু করে ভাষা আদান-প্রদানের মাধ্যমকে আধুনিকায়ন ও সহজতর করাও জরুরি। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ‘তথ্যপ্রযুক্তি উন্নয়ন ও সুশাসন: প্রসঙ্গ ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে। এটি সাংবাদিকতা বিভাগের প্রয়াত শিক্ষক এ্যান্ড্রু অলক দেওয়ারীর স্মৃতিতে নিবেদন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ। সভাপতিত্ব ও মূল প্রবন্ধ পড়েন বিভাগের সভাপতি মীর মোশারেফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন গাজী সালেহ উদ্দিন ও প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন। মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান। বিভাগীয় শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন আলী আজগর চৌধুরী ও শহীদুল হক। এ্যান্ড্রু অলক দেওয়ারীর ছেলে পাভেল পাটোয়ারী অনুষ্ঠানে বাবার স্মৃতিচারণ করেন। মূল প্রবন্ধে বলা হয়, এ মূহূর্তে বাংলাদেশের ১৪ শতাংশ জনশক্তি তথ্যপ্রযুক্তিবিষয়ক পণ্য বিপণনের সঙ্গে যুক্ত। কিন্তু এর বেশির ভাগই যে পণ্য বিক্রি করছেন তা সম্পর্কে খুব কমই জানেন। আর এ কারণেই বিশ্বে বাংলাদেশ থেকে তৈরি কোনো সফ্টওয়্যার তেমন পরিচিতি পায়নি।