ঢাকার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ আখতার শরীফ ই-কমার্স নিয়ে কাজ করছেন দীর্ঘদিন। তিনি গবেষণা করেছেন পরিচয় চুরি বিষয়ে। সম্প্রতি নিউইয়র্ক থেকে ই-কমার্স বিষয়ে প্রোলিফিরেশন অব দ্য ইন্টারনেট ইকোনমি নামে বই বেরিয়েছে। এর অন্যতম লেখক মাহমুদ আখতার শরীফ। বাংলাদেশের প্রেক্ষাপটে পরিচয় চুরির বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ সে কথাই লিখেছেন তিনি।বাংলাদেশে এখন বেশ জোরেশোরেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) ব্যবহার শুরু হয়েছে। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারে ব্যাপকভাবে কম্পিউটার, ইন্টারনেট এবং বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার শুরু হয়েছে কিংবা হতে যাচ্ছে। নিশ্চয়ই এ পদক্ষেপ ই-গভর্নমেন্ট এবং ইলেকট্রনিক কমার্স (ই-কমার্স) চালু করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। বাংলাদেশ ব্যাংকও ই-কমার্স পরিচালনার জন্য দরকারি কিছু অনুমোদন দিয়েছে। এমনিতেই আইসিটি ব্যবহার করে ব্যাংকের গ্রাহকসেবার মান উন্নয়নের প্রচেষ্টা এখন মোটামুটি একটা উন্নত পর্যায়ে পৌঁছেছে। গত কয়েক বছরে নতুন যুক্ত হওয়া এই উন্নত সেবাগুলোর অন্যতম হচ্ছে গ্রাহকদের ক্রেডিট এবং ডেবিট কার্ড প্রদান, এটিএম (অটোমেটেড টেলার মেশিন) থেকে টাকা তোলা এবং অনলাইন ব্যাংকিং। এই সেবাগুলো নিশ্চয়ই আমাদের ব্যাংকিং খাতের সেবাকে অনেক উন্নত করেছে এবং করবে। প্রযুক্তির এমন ব্যবহারে আশা যেমন জাগে, তেমনি ভর করে শঙ্কা। আইসিটির ব্যাপক ব্যবহারে পরিচয় চুরি, হ্যাকিং ইত্যাদি বিষয় আসবেই। যেহেতু এটি ব্যাপক একটি বিষয়, এই আলোচনা মূলত ব্যাংকিং খাতে আইসিটির ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। প্রথমেই একটি ছোট উদাহরণ—আমি ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত, অর্থাৎ তিন বছর কানাডায় একটি গবেষণা প্রকল্পে কাজ করেছি। আমার পিএইচডির জন্য গবেষণার বিষয় ছিল ‘পরিচয় চুরি’। এ জন্য বিভিন্ন দেশের কিছু ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। কানাডা ও যুক্তরাষ্ট্রে শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জিজ্ঞেস করি, কীভাবে পরিচয় চুরির ঘটনাগুলো ঘটছে, কারা ঘটাচ্ছে, কীভাবে তা প্রতিহত করা যায় এবং প্রতিহত করার যে পদক্ষেপগুলো ব্যাংক কর্তৃপক্ষ নিচ্ছে তা চূড়ান্তভাবে ব্যাংকের সার্বিক পরিচালনায় কেমন প্রভাব ফেলছে। কীভাবে তা প্রতিহত করা যায় এবং তার প্রভাব কী—এই বিষয়গুলোতে ব্যাংকারদের মতামত যথেষ্ট ভিন্ন হলেও তারা এই বিষয়ে একমত ছিল যে, আইসিটির সর্বাধুনিক ব্যবহারের মাধ্যমে অনলাইন ব্যাংকিং এবং এটিএমের মাধ্যমে ক্রেডিট ও ডেবিট কার্ডের প্রচলনের ফলে পরিচয় চুরির কারণে প্রতি মাসে লাখ লাখ ডলার জালিয়াতির ঘটনা ঘটছে। মূলত এই ঘটনাগুলোর শিকার নির্দোষ গ্রাহকেরা। খুবই সংক্ষিপ্ত অনুসন্ধানের মাধ্যমে যখন ব্যাংক কর্তৃপক্ষ বুঝতে পারে গ্রাহক তার ক্রেডিট কার্ডে (বা অন্যান্য ব্যাংকসেবায়) জালিয়াতির শিকার হয়েছে, তখন তারা সেই টাকার দেনা নিজেদের কাঁধে তুলে নেয়। একই বিষয়ে ২০০৭ সালে তথ্যপ্রযুক্তির ব্যবহারের দিক দিয়ে শীর্ষস্থানীয় কিছু বাংলাদেশি ব্যাংকের পলিসি মেকারদের সাক্ষাৎকার নিই। খুবই আশ্চর্যের বিষয়, যেখানে উন্নত বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংকগুলো পরিচয় চুরির মাধ্যমে জালিয়াতির ঘটনা নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, সেখানে আমাদের দেশের ব্যাংকাররা এ বিষয়ে খুবই নিরাসক্ত এবং সাদামাটা উত্তর দেন। সেই সাক্ষাৎকারগুলো থেকে এটাও বোঝা যায়, তাঁরা বিষয়টি সম্পর্কে তেমন একটা সচেতন নন। অনুমান করা যাচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে হয়তো বাংলাদেশেও পরিচয় চুরির মাধ্যমে জালিয়াতি করার জন্য শিক্ষিত চোরশ্রেণীর উদ্ভব ঘটবে। তখন ফলাফল কী ঘটবে? ফলে উন্নত বিশ্বের চেয়ে আমাদের দেশে ব্যাংকিং খাতে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। উন্নত বিশ্বে পরিচয় চুরির মাধ্যমে গ্রাহক যে আর্থিক জালিয়াতির শিকার হচ্ছে, ব্যাংক তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে ক্ষতিপূরণ দিচ্ছে। আমাদের দেশের ব্যাংকগুলো কি তা করতে পারবে? সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, আমাদের দেশের জনগণ বিষয়টি নিয়ে একেবারেই সচেতন নয়। এ জন্য সরকারকেই পদক্ষেপ নিতে হবে। পরিচয় চুরি একটি নতুন ধরনের এবং নতুন মাত্রার অপরাধ, যদিও তা বহুল পরিচিত অপরাধ যেমন পকেটমারা, সাধারণ চুরি, প্রতারণা, ডাকাতি এসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ১৯৯৮ সালে আইডেনটিটি থেফট অ্যাসাম্পসন অ্যান্ড ডিটেরেন্স আইন ১-এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে একে একটি অপরাধ হিসেবে ঘোষণা করা হয়। অবৈধ এবং কর্তৃত্ববহির্ভূতভাবে অন্যের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে নিজের ব্যক্তিগত কাজে তা ব্যবহার করাকেই ‘পরিচয় চুরি’ বলা হচ্ছে। ক্যালিফোর্নিয়া মোটর ভেহিক্যালস ডিপার্টমেন্ট ২০০২ সালে ব্যক্তিগত ‘তথ্যাবলি’ বলতে বুঝিয়েছে নিজের নাম, ঠিকানা, টেলিফোন নম্বর, ড্রাইভিং লাইসেন্স নম্বর, সোশ্যাল সিকিউরিটি নম্বর, চাকরির ঠিকানা এবং পরিচয়পত্র (কিংবা নম্বর), মা-বাবার নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ডেবিট ও ক্রেডিট কার্ড নম্বর। এখন কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির অগোচরে তার এই তথ্য চুরি করার পর ব্যবহার করে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়, তবে তাকে পরিচয় চুরি বলা হবে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান গার্টনার রিসার্চ অ্যান্ড হ্যারিস ইন্টারঅ্যাকটিভের মতে, আগস্ট ২০০২ থেকে জুলাই ২০০৩-এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই ৭০ লাখ জনগণ পরিচয় চুরির মাধ্যমে আর্থিক জালিয়াতির সম্মুখীন হয়। কীভাবে জালিয়াতিগুলো ঘটছে? যারা আইসিটিতে অত্যন্ত দক্ষ তারা পরিচয় চুরির মাধ্যমে জালিয়াতি করে। আর পরিচয় চুরির প্রথম ভাগে যে কেউ জড়িত হতে পারে। অর্থাৎ পরিচয় চুরির মাধ্যমে যে অর্থ জালিয়াতি ঘটে তার দুটি পর্ব আছে। প্রথম পর্বে কোনোভাবে সাধারণ জনগণের ক্রেডিট/ডেবিট কার্ডের তথ্য কিংবা মূল কার্ড কিংবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চুরি যায়। এই কাজের জন্য যেকোনো ধরনের চোরই জড়িত থাকতে পারে। আর দ্বিতীয় অংশটি এর ব্যবহার। এই পর্বে অবশ্যই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে অভিজ্ঞ চোর যুক্ত হয়। তারা ক্রেডিট/ডেবিট কার্ডের নম্বরসংক্রান্ত তথ্য পেলে তা অনলাইন ব্যাংকিংয়ে ব্যবহার করে টাকা উত্তোলন করে, কিংবা ইলেকট্রনিক কমার্সের মাধ্যমে বড় বড় কেনাকাটা করে ফেলে কিংবা দ্বৈত কার্ড বানিয়ে এটিএমে ব্যবহার করে টাকা উত্তোলন করে। এ ক্ষেত্রে তারা কোনোভাবে পাসওয়ার্ড ভেঙে ফেলে। সুতরাং দেখা যাচ্ছে, পরিচয় চুরির প্রথম পর্বটি যেকোনো সাধারণ চোরের মাধ্যমে হতে পারে। তবে এ ক্ষেত্রেও চুরির বিরাট একটা অংশে সংশ্লিষ্ট থাকে ইন্টারনেট হ্যাকাররা। যখন আপনি ইন্টারনেট ব্যবহার করে কোনো কেনাকাটা করবেন ইলেকট্রনিক কমার্সে, ইলেকট্রনিক গভর্নমেন্টের মাধ্যমে সরকারের বিভিন্ন সেবা গ্রহণ করার সময় ব্যাংক অ্যাকাউন্টসংক্রান্ত বিভিন্ন তথ্য দেবেন, কিংবা অনলাইন ব্যাংকিং করবেন, তখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে অভিজ্ঞ হ্যাকাররা ইন্টারনেট থেকেও আপনার তথ্য সংগ্রহ অর্থাৎ চুরি করতে পারে। পরিচয় চুরির ব্যাপারে সরকারসহ সব পক্ষেরই বেশ কিছু করার আছে। এই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হলে, নিরীহ লাখ লাখ মানুষকে আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে হলে এখনই সময় সমন্বিত নীতিমালা ও আইন তৈরি করার। নিরাপত্তা এবং প্রাইভেসির ব্যাপারে শুধু প্রযুক্তি এবং আইনগত বিষয়গুলো দেখলেই চলবে না—এর সামাজিক, সাংস্কৃতিক, মানসিক, অর্থনৈতিক এবং সংস্থাগত বৈশিষ্ট্যগুলোকেও বিবেচনায় আনতে হবে। কারণ সামগ্রিক নীতিমালা এমনই হতে হবে, যাতে সর্বক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্ব্বোচ্চ ব্যবহার সম্ভব হয়, পরিচয় চুরির ক্ষেত্রে জনগণের সার্বিক নিরাপত্তা এবং প্রাইভেসি নিশ্চিত হয়, আবার একই সঙ্গে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সম্ভব হয় এবং বেসরকারি বা সরকারি সংস্থাগুলোর কার্যক্রমের গতিশীলতা আইনের বেড়াজালে শৃঙ্খলিত না হয়ে পড়ে।