ডিজিটাল বাতায়নে জেলার মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ জানুয়ারি ছিল উল্লেখ করার মতো একটি দিন। ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসীন বর্তমান সরকারের এক বছর পূর্তি হওয়ার এ দিনে দেশের ৬৪টি জেলার জন্য ওয়েব পোর্টাল বা তথ্য বাতায়ন চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘এদিনে আমরা সরকার গঠন করে নতুন প্রজন্মকে কথা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ব। তারই অংশ হিসেবে আজ এ তথ্য বাতায়ন চালু হলো।’জেলার তথ্য বাতায়ন মানে ইন্টারনেটে বাংলাদেশের ৬৪টি জেলার ৬৪টি ওয়েব পোর্টাল। ১৯ জানুয়ারি পোর্টালগুলো দেখছিলাম। প্রথমেই ওয়েবসাইটের প্রথম পাতার ‘সাইটম্যাপ’ বোতাম টিপে জেনে নিয়েছি কী আছে এখানে। প্রথমেই দেওয়া আছে—জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়, স্থানীয় সরকার, সরকারি দপ্তরগুলো, ফরম ও প্রতিবেদনসংক্রান্ত তথ্য। এর পরই রয়েছে জেলাসম্পর্কিত তথ্য যেমন: এক নজরে জেলা, জেলার পটভূমি, ভৌগোলিক প্রোফাইল, শিল্প-বাণিজ্য, পত্রপত্রিকা, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা, প্রখ্যাত ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ইত্যাদি তথ্য। সবশেষে অন্যান্য লিংকের অধীনে জরুরি সেবা, ফটো গ্যালারি, প্রয়োজনীয় ওয়েবসাইট, মন্তব্য খাতা, সচরাচর জিজ্ঞাস্য ইত্যাদি বিষয়। এক কথায় বললে দরকারি প্রায় সব তথ্যই এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর পরও যদি কেউ মনে করেন তাঁর জেলার দরকারি কোনো তথ্য দেওয়া হয়নি সে ক্ষেত্রে তিনি ‘অভিমত ও পরামর্শ‘ শিরোনামের বোতাম টিপে নিজের মতামত ও পরামর্শ জানাতে পারেন। কারণ জেলা প্রশাসন কর্তৃক ওয়েবসাইটটি নিয়মিত হালনাগাদ করা হবে। এক দিনে ৬৪টি জেলার সব কয়টি ওয়েবসাইটের খুঁটিনাটি বিশ্লেষণ করা সম্ভব নয়, এখানে মোটা দাগে কয়েকটি বিষয়ের অবতারণা করা হলো। তবে জেলার বাসিন্দারা তাঁদের নিজ নিজ ওয়েবসাইট ভালোভাবে দেখে সরকারকে পরামর্শ দিতে পারেন।তথ্য বাতায়ন ওয়েবসাইটগুলো তৈরি করা হয়েছে বাংলা ভাষায়, যে কারণে পর্যালোচনার শুরুতেই ধন্যবাদ জানাতে হয় ওয়েবসাইটের স্বত্বাধিকারী মন্ত্রিপরিষদ বিভাগ এবং ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত জেলা প্রশাসন এবং ওয়েবসাইটের পরিকল্পনা ও নির্মাণে সহায়তা প্রদানকারী প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন কর্মসূচিকে। তবে পাঠক, তথ্য বাতায়নের তথ্যগুলো এখনো সরকার দ্বারা স্বীকৃত না হওয়ায় ব্যবহারের আগে জেনে নিতে হবে। কারণ প্রথম পাতার নিচের অংশে লাল কালিতে লেখা আছে: ‘এই জেলা তথ্য বাতায়নে সন্নিবেশিত তথ্যাবলি সাময়িক এবং চূড়ান্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশ সরকারের তথ্য হিসেবে বিবেচিত হবে না।’ তার মানে এই তথ্য বাতায়নগুলো এখনো চূড়ান্ত হয়নি। এটি ভালোই হলো। কারণ জেলা তথ্য বাতায়নে এখানে এমন অনেক কিছু আছে, যার পরিবর্তন হওয়া দরকার। নতুবা জনমনে তথ্য বাতায়নগুলোর গ্রহণযোগ্যতা কমে যেতে পারে।জেলাগুলোর তথ্য বাতায়ন ঘুরতে ঘুরতে মনে হয়েছে এটি কি জেলার তথ্য বাতায়ন নাকি জেলা প্রশাসক ও তাঁর প্রশাসনিক দপ্তরগুলোর তথ্য বাতায়ন? প্রথমে ওয়েব ঠিকানার কথাই ধরুন: জেলার তথ্য বাতায়ন হলেও এর ওয়েব ঠিকানা কিন্তু জেলা প্রশাসক বা ডিসি দিয়ে লেখার দরকার ছিল না। ঠিকানা হলো: ডব্লিউডব্লিউডব্লিউ ডট ডিসি (জেলার নাম) ডট গভ ডট বিডি। যেমন: www.dcpatuakhali.gov.bd ‘জেলা প্রশাসক’ বোতামের অধীনে যে কয়টি বিষয় রয়েছে তার একটি হলো: ‘জেলা প্রশাসকের বার্তা’। কয়েকটি জেলার জেলা প্রশাসকের বার্তা পড়ে সেগুলোকে নিতান্তই অপ্রয়োজনীয় মনে হয়েছে। কোনো একজন জেলা প্রশাসক লিখেছেন: ‘নাম না জানা আরও কত বৃক্ষ এবং গাছগাছালির পত্রপুষ্পে বিভূষণা বনরাজিনীর সমারোহে ভরপুর’। আরেকজন জেলা প্রশাসক তাঁর জেলার ওয়েবসাইটের গুরুত্ব তুলে ধরতে গিয়ে লিখেছেন, ‘এর মাধ্যমে সমগ্র দেশের প্রতিটা অংশই সূক্ষ্মভাবে ফুটে উঠবে গোটা বিশ্ব দরবারে।’ কম-বেশি সব জেলা প্রশাসকই তাঁদের নিজ নিজ জেলার তথ্য বাতায়নের মাধ্যমে দেশের মানুষের পাশাপাশি বিশ্বের মানুষের উপকৃত হওয়ার কথা বলেছেন। এসবই অতিকথন। কোনো একজন জেলা প্রশাসকের ‘মাসিক কার্যপত্র’টি হলো এমন—অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত দর্শন, জেলা কারাগার দর্শন ইত্যাদি। আবার এমনও আছে যে জেলা প্রশাসক কোথাও ‘দর্শন’ করছেন আবার কোথাও ‘পরিদর্শন’ করছেন। কেউ কেউ মাসিক কর্মসূচি অগ্রিম জানিয়ে দিয়েছেন। কেউ বা এটি প্রতিদিন হালনাগাদ করছেন। আসলে কোনটি হওয়া উচিত? আর জানানোর ধরনটিই বা কেমন হওয়া উচিত?কোনো কোনো পাতায় লেখা রয়েছে: ‘এই পাতাটি অতিসত্বর আপডেট করা হবে।’ এখানে অতিসত্বর বলতে কী বোঝানো হয়েছে জানা নেই। কত দিনে অতিসত্বর হয় তা জানা নেই।আমরা ধারণা করতে পারি, জেলার মাস্টহেড বা শিরোনামে ব্যবহূত ছবিগুলো ওই জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে জেলার পরিচিতিকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। সব ক্ষেত্রে সঠিক চিত্র দেওয়া সম্ভব হয়নি। আর যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো পরিচিতিসহ ফটো গ্যালারিতে থাকা দরকার, যাতে করে মানুষ ছবিগুলোর পরিচিতি থেকে জেলার দর্শনীয় স্থানগুলো সম্পর্কে জানতে পারে। জেলার তথ্য বাতায়ন নির্মাণ শুধু কারিগরি বিষয় নয়। যেহেতু এখানে জেলা প্রশাসনের সঙ্গে জেলায় বসবাসকারী মানুষের যোগসূত্র স্থাপনের কথা বলা হয়েছে, যেহেতু এর সঙ্গে মানবসম্পদ, জনগণের সংযুক্তি, মানুষের দোরগোড়ায় প্রযুক্তিসেবা পৌঁছে দেওয়া ও ব্যবসার জন্য প্রযুক্তি ব্যবহারের মতো বিষয়গুলো রয়েছে। তাই জেলা তথ্য বাতায়নগুলো নির্মাণের সঙ্গে যোগাযোগ বিশেষজ্ঞদের সম্পৃক্ততা থাকা দরকার ছিল, যাঁরা সঠিক তথ্য সঠিকভাবে উপস্থাপনের ব্যাপারে সহায়তা দিতে পারতেন। দাতা সংস্থার অর্থায়নে কাজের ক্ষেত্রে যে দুর্বলতাগুলো থাকে তা থেকে মুক্ত হতে পারেনি জেলা তথ্য বাতায়নগুলো। এভাবে থাকলে এগুলো বদলে যাওয়ার ইঙ্গিতই শুধু দেবে, সত্যিকার বদল হবে না।