ডিজিটাল ব্রেইল যন্ত্রে বাংলা!
আমাদের দেশে দৃষ্টিপ্রতিবন্ধীদের সংখ্যা নেহাত কম নয়। চোখে দেখতে না পারার কারণে তাদের লেখাপড়া করাটাও বেশ কষ্টসাধ্য। বিশ্বে দৃষ্টিপ্রতিবন্ধীদের লেখাপড়া করার একটি ভালো মাধ্যম হচ্ছে ব্রেইল পদ্ধতি। আমাদের দেশেও বেশ কয়েক বছর ধরে ব্রেইল পদ্ধতিতে পড়ালেখা করে আসছেন অনেক দৃষ্টিপ্রতিবন্ধী। কিন্তু ব্রেইলের উপকরণ অনেক ব্যয়বহুল ও সহজলভ্য না হওয়ার ফলে অনেকের ইচ্ছা থাকার পরও লেখাপড়া করতে পারেন না। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইলে লেখাপড়া সহজ করতেই নতুন একটি ডিজিটাল যন্ত্র উদ্ভাবন করেছেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের তড়িৎ প্রকৌশল বিভাগের দুই শিক্ষার্থী মনযুরউল মামুন ও শরীফ উল্লাহ্। এর আগে মনযুরউল মামুন শিশুদের বর্ণমালা শেখার জন্য ডিজিটাল যন্ত্র তৈরি করেছিলেন। এ যন্ত্র তৈরির পর তিনি দৃষ্টিপ্রতিবন্ধীদের পড়ালেখা সহজ করার জন্য একটি নতুন যন্ত্র তৈরির কথা চিন্তা করেন। আগের যন্ত্রটির সফলতা তাঁকে নতুন স্বপ্ন দেখায়।এরপর দুই বন্ধু মিলে দৃষ্টিপ্রতিবন্ধীদের পড়ালেখার মাধ্যম ব্রেইল নিয়ে ইন্টারনেটে নানা তথ্য খুঁজতে গিয়ে কলকাতার বর্ণমালার বাংলা ব্রেইল বর্ণমালার তালিকা পেয়ে যান। এরপর আরও বেশি তথ্য পাওয়ার জন্য বাংলা একাডেমীতে গিয়ে দৃষ্টিপ্রতিবন্ধীদের ওপর লেখা একটি বই খুঁজে পান। মনযুরউল মামুন জানান, বাংলা একাডেমীতে গিয়ে আমরা সারোয়ার হোসেন খানের লেখা বাংলাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠী অবস্থা ও সম্ভাবনা’ নামের একটি বই সংগ্রহ করি। তাঁরা জানতে পারেন, বইয়ের লেখক নিজেও একজন দৃষ্টিপ্রতিবন্ধী। এরপর লেখকের ঠিকানা জোগাড় করে তাঁর সঙ্গে এ নিয়ে কথা বলেন তাঁরা। লেখক সারোয়ার হোসেন খান তাঁদের কথা শুনে বাংলা ব্রেইল বর্ণমালার ছকগুলো তাঁদের হাতে তুলে দেন।মনযুরউল মামুন জানান, আগের তৈরি যন্ত্রটির সফটওয়্যার পরিবর্তন করে সেখানে একটি কিবোর্ড সংযোজন করা হয়। এই কিবোর্ডের ওপর বাংলা বর্ণমালা লিখে তার ওপর ব্রেইলের ছক (ফোটা) দেওয়া হয়। ফলে তৈরি হয় বাংলা বর্ণমালার ডিজিটাল ব্রেইল যন্ত্র। এই যন্ত্রে একজন দৃষ্টিপ্রতিবন্ধী কিবোর্ডের বিভিন্ন বোতামে চাপ দিলেই সেটি কোন বর্ণ তা শোনা যায়, পাশাপাশি এটি কত ফোটায় হয় তা-ও শোনা যায়। যেমন: ১ এ অ। অ তে অজগর, তিন, চার, পাঁচ এ আ, আ তে আম। এর দ্বারা একজন দৃষ্টিপ্রতিবন্ধী যেমন অক্ষর চিনতে পারছেন, তেমনি শুনতেও পারবেন। বাড়তি শিক্ষকের প্রয়োজন নেই। একজন দৃষ্টিপ্রতিবন্ধীকে বিভিন্ন বর্ণমালা শেখার জন্য শিক্ষককে আলাদা আলাদা করে সময় দিতে হয়। কিন্তু এই যন্ত্রের মাধ্যমে তিনি একা একাই বর্ণমালা চিনে নিতে পারবেন বলে জানালেন মনযুরউল মামুন। তিনি আরও জানান, এই যন্ত্র ব্যবহারের ফলে দৃষ্টিপ্রতিবন্ধীরা ব্রেইলে বর্ণমালা লিখতেও পারবেন। বিশেষ করে যাঁরা নতুন, ব্রেইল শিখছেন, তাঁদের জন্য এ যন্ত্র বেশ সহায়ক হবে। এ যন্ত্রে হেড ফোনের ব্যবহার করা যায়, পাশাপাশি সাউন্ড বাড়ানো বা কমানোর সুযোগ রয়েছে। এ যন্ত্রে আপাতত বাংলা বর্ণমালা সংযোজন করা হলেও এখানে পরে ইংরেজি ও গণিত সংযোজন করা হবে।এ যন্ত্রটি দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য কেমন সহায়ক, তা জানতে মনযুরউল মামুন, শরীফ উল্লাহ্ ও সারোয়ার হোসেন খান ঢাকায় দৃষ্টিপ্রতিবন্ধীদের স্কুল ব্যাপ্টিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুল ও ভাসানটেকের বিশেষ শিক্ষা কার্যক্রম স্কুলে যান। সেখানে তাঁরা দৃষ্টিপ্রতিবন্ধীদের হাতে এ যন্ত্রটি তুলে দেন। এ যন্ত্র পেয়ে দৃষ্টিপ্রতিবন্ধীরা যেন খুশিতে আত্মহারা হয়ে যান। আর ফেরতই দিতে চান না এটি! জানালেন শরীফ উল্লাহ্।দৃষ্টিপ্রতিবন্ধীদের বিনোদনের তেমন কোনো মাধ্যম নেই। এ যন্ত্রটি যেমন তাঁদের পড়ালেখায় সহায়ক হবে, তেমনি বিনোদনেও নতুন মাত্রা যোগ করবে বলে জানালেন মনযুরউল মামুন। তিনি বলেন, সাধারণত দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইলের উপকরণ বা ব্রেইলের বই অনেক ব্যয়বহুল; কিন্তু এ যন্ত্রটি অনেক সাশ্রয়ী। এ যন্ত্রটি একটি মুঠোফোনের ব্যাটারি দিয়ে চালানো যায়, যা রিচার্জ করা যায়। গ্রামে যেখানে বিদ্যুৎ ও কম্পিউটার খুব একটা সহজলভ্য নয়, সেখানে শিক্ষক ছাড়াই এ যন্ত্রের সাহায্যে দৃষ্টিপ্রতিবন্ধীরা বর্ণমালা শিখতে পারবেন। এ যন্ত্রটি সৌরবিদ্যুৎ দিয়েও রিচার্জ করা যায়।অনেক প্রতিষ্ঠান আগ্রহ দেখালে এ যন্ত্র তৈরির খরচেই তা তৈরি করে দেওয়া হবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের পড়ালেখার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। মনের আনন্দেই তাঁরা বর্ণমালা শিখবেন—এমনটাই ইচ্ছা ডিজিটাল ব্রেইল যন্ত্রের উদ্ভাবকের।