ডিজিটাল ভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৈশোরের এক সমাগত সন্ধ্যা। তিন টাকা দামের একটা কাঠিওয়ালা আইসক্রিম চাটতে চাটতে হাট শেষে বাড়ি ফিরছি। পশ্চিম আকাশে সূর্য মিলিয়ে যাওয়ার পরও খানিকটা আলো বিরাজ করছে। গাছের পাতাগুলো সবুজ থেকে ক্রমেই যেন কালো বর্ণ ধারণ করছে। বড় বড় গাছের পাতার আড়ালে শুয়ে থাকা লাজুক মেঠোপথটি ধরে হাঁটছি। আনমনে কখন যে শ্মশানঘাটের কাছাকাছি চলে এসেছি, টেরই পাইনি। বাঁক ঘুরতেই সামনে পড়ল ছানার বটতলা। শতবর্ষী বটগাছটির বিরাটকায় ডালগুলো পথের ওপর ঝুঁকে থাকায় পথটুকু অন্ধকারে ঢেকে গেছে। একা একা গাছটির নিচ দিয়ে যেতে সাহস হলো না। কিছুক্ষণ অপেক্ষা করলাম, যদি কোনো হাটুরে আসে এ পথে। দূরের কোনো মসজিদ থেকে ভেসে আসা আজানের ক্ষীণ আওয়াজ এইমাত্র আকাশে-বাতাসে মিলিয়ে গেল। বাতাসের সামান্য খসখস ধ্বনি ছাড়া চারপাশ সম্পূর্ণ নিঃশব্দ। কোনো জনমানবের দেখা নেই। এদিকে আঁধার দ্রুত বেড়ে চলেছে। শেষমেশ ভয়ে ভয়ে পা বাড়ালাম। গাছের নিচে আসতেই লোকমুখে শোনা বিভিন্ন ভৌতিক কাহিনি মনে পড়তে লাগল। শরীরটা হঠাত্ যেন ভারী হয়ে উঠল। রাস্তার দুই পাশে ঝিঁঝি ডাকছে। একটা শেয়ালও ডেকে উঠল বোধহয়। পা দুটি মাটিতে আটকে যেতে চাইছে। এমন সময় শুনতে পেলাম তিন-চার বছরের একটি বাচ্চা মেয়ে হেসে উঠল। বুকের ভেতর ঢিপ করে উঠল। মন শক্ত করে ভাবার চেষ্টা করলাম, ভুল শুনেছি। কিন্তু কী আশ্চর্য! হাসির শব্দটা আবার শুনলাম। এবার আরও স্পষ্টভাবে আমার একেবারে কাছেই। একটা বরফগলা শীতল স্রোত একঝটকায় শিরদাঁড়া বেয়ে কোমর থেকে ঘাড় পর্যন্ত উঠে গেল। প্রাণপণে চিত্কার করার চেষ্টা করলাম। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরলে দেখলাম, আমার চারপাশে মানুষের জটলা আর বড়দা সবাইকে বলছেন, কী হলো, বুঝলাম না। বাজার থেকে মুঠোফোনটা ওর পকেটে দিয়ে বললাম, বাড়ি চলে যা। এর মিনিট বিশেক পর ফোন করেছিলাম পৌঁছেছে কি না জানার জন্য। কিন্তু ও তো রিসিভ করল না। তখন এসে দেখি, এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি মনে মনে বুঝে নিলাম, মুঠোফোনে বাচ্চাদের হাসির রিংটোন অ্যাকটিভ করা ছিল বলেই আমার এই অবস্থা। কিন্তু ব্যাপারটা কাউকে বললাম না।অরুণ কান্তি পালরসায়ন বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ।