ডিজিটাল মাধ্যমে আনন্দে পড়াশোনা
টাঙ্গাইলের রশিদ দেওহাটা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র রফিক মিয়া। পড়াশোনায় আগ্রহের কমতি নেই। সব বিষয়ই তার ভালো লাগে। বিশেষ করে গণিত বিষয়টি। কিন্তু ঐকিক নিয়মের অধ্যায়টি এলেই গণিতের প্রতি সব ভালোবাসা নিমেষেই উবে যায় রফিকের। তার মতো আরও অনেক শিক্ষার্থীর পাঠ্যবইয়ের নানা রকম সমস্যার সমাধান দিতে এগিয়ে এসেছে ব্র্যাক। কম্পিউটার এইডেড লার্নিং (সিএএল) কার্যক্রমের আওতায় প্রকাশ করেছে পাঠ্যবইয়ের নানা অধ্যায়ের অনুশীলনীর রকমারি সমস্যার ধারণা এবং সেসবের আনন্দদায়ক সমাধানসহ চলমান চিত্রের মাল্টিমিডিয়া সিডি।বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে বিভিন্নভাবে অবদান রাখা ব্র্যাক এ ব্যবস্থাকে আরও উন্নত করতে ২০০৩ সালে শুরু করে তাদের শিক্ষাবিষয়ক ‘পেইস’ কার্যক্রম। যে কার্যক্রমে সারা দেশের বিভিন্ন বিদ্যালয় বিশেষ করে গ্রাম এবং মফস্বলের বিদ্যালয়ের শিক্ষকদের সাধারণ প্রশিক্ষণ দেওয়া শুরু হয়, যাতে ওই সব অঞ্চলে শিক্ষার মান বৃদ্ধি পায়। দ্রুতই সাফল্য লাভ করে এ কার্যক্রম। তাই নেওয়া হয় দীর্ঘমেয়াদি পরিকল্পনা। ফলে ২০০৫ সালে এ ‘পেইস’ কার্যক্রমের আওতায় শুরু হয় সিএএল কর্মসূচি।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিত, বিজ্ঞান, ইংরেজি বইয়ের মাল্টিমিডিয়া সিডি তৈরির পদক্ষেপ নেয় ব্র্যাক। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং (সিএলটি) পদ্ধতির ওপর জোর দিয়ে এ উপকরণগুলো পরিকল্পনা ও তৈরি করা হয়েছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, বিশেষ করে গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে গণিত, বিজ্ঞান ও ইংরেজি বিষয়ে একটি ভীতি সব সময়ই কাজ করে থাকে। শিক্ষকেরাও অনেক সময় দক্ষ প্রশিক্ষণের অভাবে পাঠদানকে জটিল করে তোলেন। তাই শিক্ষার্থীরা যাতে সহজ উপায়ে ও আনন্দের সঙ্গে পাঠ্যবইয়ের কঠিন সমস্যাগুলো সম্পর্কে ধারণা পায় সে ব্যবস্থাই করেছে ব্র্যাক।শুরুতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিত, বিজ্ঞান ও ইংরেজি বইয়ের সিডি প্রকাশ করা হয়েছে। এসব সিডি প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া এবং তাদের শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা চলছে। ‘আমাদের মতো শিক্ষক, যারা মফস্বলের শিক্ষার্থীদের শিক্ষাদান করে থাকি, তাদের জন্য এই সিএএল অনেক গুরুত্বপূর্ণ। এই পদ্ধতিতে শিক্ষাদানের জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের ফলে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় সম্পর্কে যেমন বাস্তব ধারণা জন্মায়, তেমনি তাদের পাঠ্যবইয়ের জটিল, দুর্বোধ্য পাঠগুলো সহজ হয়ে ওঠে।’ বলছিলেন সিএএল প্রশিক্ষণপ্রাপ্ত টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার রশিদ দেওহাটা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. হারুনুর রশীদ।‘শুধু তাই নয়, সিএএল কার্যক্রমের আওতাভুক্ত প্রতিটি বিদ্যালয় থেকে মেন্টর নির্বাচিত করা হয়, যাঁদের মধ্যে থাকেন একজন শিক্ষক ও ৩০ জন শিক্ষার্থী। মেন্টররাও কম্পিউটার চালনা এবং সিএএল সিডি চালনার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন।’ জানালেন একই বিদ্যালয়ের শিক্ষক মো. মকবুল হোসেন।দেওহাটা উচ্চবিদ্যালয় ঘুরে দেখা গেল, মেন্টররা ভাগ হয়ে শ্রেণীকক্ষে তাদের সহপাঠীদের সিএএল লার্নিংসহ বিভিন্ন বিষয়ে নানা উপায়ে সাহায্য করছেন। ফলে শ্রেণীকক্ষে পাঠ গ্রহণ, উপস্থিতির হার বাড়ানো, পরীক্ষায় অংশগ্রহণসহ সব ক্ষেত্রেই বিদ্যালয়গুলো উন্নতি করছে।পেইস কার্যক্রম টাঙ্গাইল জেলার মির্জাপুরে সাতটি বিদ্যালয়ে পাইলট কর্মসূচি হিসেবে সিএএল উপকরণ ব্যবহার নিশ্চিত করেছিল। এ জন্য এই বিদ্যালয়গুলোকে কম্পিউটার, মাল্টিমিডিয়া সরঞ্জাম বা মনিটর দেওয়া হয়েছে, যা স্প্লিটারের মাধ্যমে সংযুক্ত। সম্প্রতি টিকিউআই-সেপ প্রকল্পের সহায়তায় কুমিল্লা, গাজীপুর, বগুড়া, হবিগঞ্জ ও গোপালগঞ্জ জেলার ১৫টি বিদ্যালয়ে এই কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে।সপ্তম শ্রেণীর শিক্ষার্থী কথা মণি জানায়, সিএএল সিডির মাধ্যমে পড়ানোর ফলে তাদের অনেক মজা লাগে। বলে, ‘তাই আমরা স্কুলের পড়া স্কুলেই শেষ করতে পারি।’