ডিজিটাল মিটার না বসানোয় অতিরিক্ত বিদ্যুৎ বিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল মিটার প্রতিস্থাপন না করার অজুহাতে গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল ধরিয়ে দিচ্ছে সাতকানিয়া বিদ্যুৎ সরবরাহকেন্দ্র। ছয়-সাত মাস ধরে গ্রাহকদের এমন বাড়তি অঙ্কের বিদ্যুৎ বিল দিচ্ছে সংস্থাটি। বিষয়টি বিদ্যুৎ সরবরাহকেন্দ্রের আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও স্বীকার করেছেন।
গ্রাহকদের অভিযোগ, সাতকানিয়া বিদ্যুৎ সরবরাহকেন্দ্রের লোকজন ছয়-সাত মাস ধরে মিটারের রিডিং না দেখেই দ্বিগুণ বা তিনগুণ বিদ্যুৎ বিল প্রদান করছে। অতিরিক্ত বিদ্যুৎ বিল কেন দেওয়া হচ্ছে জানতে চাইলে, আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের লোকজন ডিজিটাল মিটার না বসালে বিদ্যুৎ বিল আরও বাড়বে বলে জানিয়ে দেন।
গ্রাহক ফজল কবির ও মো. ইলিয়াছ বলেন, ‘আগে মিটারের রিডিং দেখেই বিল দেওয়া হতো। ওই সময় বিদ্যুৎ বিলে টাকা আসত কম। গত কয়েক মাস ধরে মিটার না দেখেই বিল প্রদান করা হচ্ছে। ফলে আমাদের দ্বিগুণ বা তিনগুণ বেশি টাকা পরিশোধ করতে হচ্ছে। বিষয়টি জানার জন্য বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করলে ওখানকার লোকজন জানান—ডিজিটাল মিটার না বসালে সামনের মাস থেকে বিদ্যুৎ বিলের টাকার পরিমাণ আরও বাড়বে।’
বিদ্যুৎ সরবরাহকেন্দ্রের ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী মো. গোলাম ছারওয়ার প্রথম আলোকে বলেন, যে সব গ্রাহক এনালগ মিটার পরিবর্তন করে ডিজিটাল মিটার প্রতিস্থাপন করেননি, তাঁদের দীর্ঘদিন আগে থেকেই বিষয়টি সর্ম্পকে তাগিদ দেওয়া হচ্ছে। তাই এ ধরনের গ্রাহককে সরকারি সিন্ধান্ত মোতাবেক গড় বিল প্রদান করা হচ্ছে।
গোলাম ছারওয়ার বলেন, এনালগ মিটার পরিবর্তন করে ডিজিটাল মিটার প্রতিস্থাপন করলেই ওই সব গ্রাহককে সঠিক নিয়মে মিটারের রিডিং মোতাবেক বিদ্যুৎ বিল প্রদান করা হবে।