ডিজিটাল মেলায় তারুণ্যের উচ্ছ্বাস!
প্রকৃতিতে লেগেছে বসন্তের ছোঁয়া। শিমুল-পলাশের ডালে ডালে টিয়া-কোকিলের কলকাকলিতে মুখরিত হচ্ছে জনপদ। প্রকৃতির এমন বৈচিত্র্যের সঙ্গে এবার নতুন এক মাত্রা যোগ করেছে বিশ্বকাপ ক্রিকেট। গোটা দেশই যে এখন ক্রিকেট-জ্বরে কাঁপছে! ঢাকা শহর সেজেছে নতুন সাজে। উৎসবমুখর রাজধানীর পালে আরও খানিকটা হাওয়া লাগিয়ে দিয়েছে ‘ডিজিটাল কম্পিউটার মেলা’। ‘বিসিএস ডিজিটাল এক্সপো-২০১১’ শিরোনামে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে পাঁচ দিনের এই মেলা। মেলার স্লোগান হচ্ছে, ‘নতুন প্রজন্মের জন্য ডিজিটাল বাংলাদেশ।’ বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর আয়োজক। এই মেলায় মানুষের ডিজিটাল জীবনধারার বিভিন্ন অনুষঙ্গ তুলে ধরা হয়েছে।নানা আয়োজনের ডিজিটাল মেলামেলা বলতেই চোখে ভাসে অনেক মানুষের মুখ। তারা মেলায় ঘুরে ঘুরে বিভিন্ন পণ্য দেখে এবং পছন্দ হলে কিনে নেয়। ডিজিটাল মেলাও এর ব্যতিক্রম নয়। মেলায় আসা বিপুলসংখ্যক মানুষ ঘুরে ঘুরে দেখছে ডিজিটাল তথ্যপ্রযুক্তির পণ্য আর সেবা। এবারের এই মেলায় প্রয়োজনীয় কম্পিউটার তো বটে, মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা, থেকে শুরু করে কম্পিউটার-নিয়ন্ত্রিত বা স্বয়ংক্রিয় বিভিন্ন যন্ত্রপাতি ও বিনোদনের নানা উপকরণ দেখা যাচ্ছে। তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা নিয়েই আমাদের ডিজিটাল জীবনধারা। আর প্রতিনিয়ত বদলে যেতে থাকা এই জীবনধারার একটি চমৎকার চিত্র উঠে এসেছে ডিজিটাল মেলায়। ডিজিটাল মেলায় ৬৬টি প্রতিষ্ঠান, ২৯টি প্যাভিলিয়ন ও ৭৩টি স্টলে তাদের প্রযুক্তি প্রদর্শন করছে এবং সেবা দিচ্ছে। ডিজিটাল জীবনধারার বিভিন্ন সেবা ও পণ্য প্রদর্শনের পাশাপাশি মেলা উপলক্ষে প্রায় প্রতিটি প্রতিষ্ঠানেই আছে বিশেষ আয়োজন। আজ মেলায় শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা থাকছে। ১৩ মার্চ বিকেলে ‘ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের সম্ভাবনা ও আমাদের করণীয়’ বিষয়ে থাকছে একটি সেমিনার। বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার জানান, এই সেমিনারের মাধ্যমে হাতে-কলমে আউটসোর্সিং শেখানো হবে।মেলার আহ্বায়ক মজিবুর রহমান স্বপন বলেন, ‘মেলায় একটি নির্দিষ্ট স্থানে সব সময় বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন পণ্য প্রদর্শন, ফ্যাশন শোসহ জারি-সারি ও বাউল গানের মাধ্যমে তথ্যপ্রযুক্তির নানা গল্প উপস্থাপনের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া মেলায় প্রতিদিনই রয়েছে বিভিন্ন কুইজ প্রতিযোগিতা ও প্রবেশ টিকিটের র্যাফল ড্র। মেলা প্রাঙ্গণজুড়ে দর্শনার্থীদের জন্য আছে ওয়াইম্যাক্স ব্যবহারের সুবিধা।ক্রিকেট আর মুক্তিযুদ্ধ!বাংলাদেশের সমর্থকদের জোরালো সমর্থন আর প্রাণ উজাড় করা ভালোবাসার জোরেই নাকি বাংলাদেশ দল আয়ারল্যান্ডকে হারাতে পেরেছে! বলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ এবারের বিশ্বকাপ ক্রিকেটের অন্যতম আয়োজক। সে কারণে এবার ক্রিকেট নিয়ে একটু বেশি মাতামাতি।বিসিএস ডিজিটাল এক্সপো-২০১১ মেলার আহ্বায়ক মজিবুর রহমান স্বপন বলেন, ‘যেহেতু বিশ্বকাপ আর মেলা একই সময় হচ্ছে, তাই দর্শকদের জন্য মেলার বিভিন্ন স্থানে বড় পর্দায় টেলিভিশন দেখানোর ব্যবস্থা করা হয়েছে। খেলা দেখার স্থানে কুইজের ব্যবস্থা আছে। পুরস্কার হিসেবে রয়েছে ক্রিকেটের ব্যাট, বলসহ ক্রিকেট খেলার নানা উপকরণ।’মজিবুর রহমান স্বপন আরও জানান ‘এই মাস যেহেতু স্বাধীনতার মাস, তাই পুরো মেলাকে লাল-সবুজ বেলুনে সাজানো হয়েছে। বিভিন্ন স্থানে নানাভাবে স্বাধীনতাকে স্মরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে কম্পিউটারের ব্যবসা করছেন, এমন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবারের মেলায়।’এই মেলা তরুণদের!ডিজিটাল মেলার শুরুর দিন থেকেই নানা প্রযুক্তি পণ্যের প্রতি তরুণদের আগ্রহ ও অংশগ্রহণ চোখে পড়ছে। দল বেঁধে বন্ধুদের নিয়ে নিজের পছন্দের সেরা প্রযুক্তি পণ্য দেখতে দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহাদত হোসেন বলেন, ‘মেলা অন্যরকম একটা ব্যাপার। এখানে এলে একসঙ্গে অনেকগুলো পণ্য দেখার সুযোগ থাকে। বেছে বেছে তাই সেরাটা কেনা যায়। এ কারণেই মূলত মেলায় এসেছি।’বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার বলেন, ‘আমাদের মূল আয়োজনটা তরুণদের নিয়ে। নতুন নতুন প্রযুক্তির দিকে তরুণদের আগ্রহ সবচেয়ে বেশি থাকে। তাঁদের বিষয়টি মাথায় রেখেই নানা ধরনের আয়োজন রাখা হয়েছে।’মেলায় ল্যাপটপ কিনতে এসেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা হামিদ। তিনি বলেন, ‘আমার একটি ডেস্কটপ কম্পিউটার আছে। কিন্তু বিভিন্ন প্রয়োজনে কম্পিউটার নেওয়ার প্রয়োজন হয়, তাই ল্যাপটপ কিনছি।’ডিজিটাল মেলায় এবারই প্রথম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি ‘ডিজিটাল বাংলাদেশ অর্জনের পন্থা নির্ধারণ’ শীর্ষক ‘ভার্চুয়াল প্রকল্প’ প্রদর্শন করা হচ্ছে। এখান থেকে সেরা প্রকল্প নির্বাচন করে পুরস্কার দেওয়া হবে। তরুণদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে, গান শোনার এমন বিভিন্ন ধরনের শৌখিন যন্ত্র, ডিজিটাল ক্যামেরাসহ বিভিন্ন প্রযুক্তি পণ্য স্থান পেয়েছে এবারের মেলায়।রকমারি প্রযুক্তি পণ্যের সমাহারএবারের ডিজিটাল মেলায় সবচেয়ে বেশি দেখা গেছে ল্যাপটপ কম্পিউটার কেনাবেচার দৃশ্য। এসার, আসুস, এইচপি, সনি ভায়ো, অ্যাপল, লেনেভো, ফুজিৎসু প্রভৃতি ব্র্যান্ডের ল্যাপটপের সর্বশেষ সংস্করণ পাওয়া যাচ্ছে। মেলায় ইনটেলের স্টলে প্রতিষ্ঠানটির সর্বশেষ সংস্করণের প্রসেসর, কোর আই-৩, কোর আই-৫ ও কোর আই-৭ প্রদর্শন করা হচ্ছে। মেলায় গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড নিয়ে এসেছে আসুসের বিজনেস সিরিজের ল্যাপটপ। এতে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া আসুসের ল্যাম্বার গিনি মডেলের ইপিসি পাওয়া যাচ্ছে। এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ কিনলেই মিলছে ক্রিকেটার তামিম ইকবালের অটোগ্রাফসহ ব্যাট। কম্পিউটার সোর্স লিমিটেডের স্টলে ফুজিৎসু ও ডেল ল্যাপটপ কিনলেই সাথে পাওয়া যাচ্ছে বাংলালায়নের ওয়াইম্যাক্স মডেম। ডেল নিয়ে এসেছে অ্যাডামো সিরিজের ল্যাপটপ। এই কম্পিউটারে অনেক ধরনের বাড়তি সেবা পাওয়া যাবে। একই সঙ্গে কম্পিউটার গেম খেলার বিভিন্ন শৌখিন ল্যাপটপ পাওয়া যাচ্ছে ডেলের স্টলে। স্যামসাং ব্র্যান্ডের বিভিন্ন অত্যাধুনিক এলসিডি ও এলইডি বড় পর্দার টেলিভিশন কিনলে পাওয়া যাচ্ছে বিশেষ সুযোগ।ফ্লোরা লিমিটেড তাদের বিভিন্ন পণ্যে ১০ থেকে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে। কম্পিউটারের নিরাপত্তা রক্ষার সফটওয়্যার নর্টন, ক্যাসপারস্কি, ই-স্ক্যানসহ নানা ব্র্যান্ডের অ্যান্টিভাইরাস পাওয়া যাচ্ছে মেলায়।মেলায় কিউবি দিচ্ছে এক হাজার টাকায় ইন্টারনেটের মডেম। মেলায় ওরিয়েন্টাল সার্ভিসেস এডি লিমিটেড নিয়ে এসেছে অনফিনিটি ব্র্যান্ডের স্পর্শকাতর (টাচস্ক্রিন) বোর্ড। লেনোভোর স্টলে পাওয়া যাচ্ছে ট্যাবলয়েড নোটবুক। এই ব্র্যান্ডের ল্যাপটপ কিনলে মিলছে ৪ গিবা পেনড্রাইভ, অপটিক্যাল মাউস ও একটি টি-শার্ট। মেলায় ইকারাস ইনফোটেক লিমিটেড নিয়ে এসেছে নতুন সফটওয়্যার বাংলাদেশ ডিজিটাল ডিরেক্টরিস। এর মাধ্যমে বিভিন্ন ব্যাংক, হাসপাতাল, শপিং মল ইত্যাদির সঠিক ও বিস্তারিত অবস্থান এবং তথ্যাদি জানা যাবে। এ ছাড়া অত্যাধুনিক প্রিন্টার, নিরাপত্তার যন্ত্র, প্রজেক্টর, ইউপিএস, স্পিকার, হোমথিয়েটার পাওয়া যাচ্ছে মেলায়।ডিজিটাল মেলা শেষ হবে ১৩ মার্চ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে দর্শনার্থীদের জন্য। মেলায় প্রবেশমূল্য ২০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে প্রবেশ করতে পারবে।