ডিজিটাল রূপ পাচ্ছে চাকমা বর্ণমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকমা বর্ণমালাগুলো ডিজিটাল ব্যবস্থায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে দুই বছর ধরে চাকমা বর্ণমালাগুলো কম্পিউটারাইজড করার কাজ করছেন রিবেং আইটি সলিউশনের দুই তরুণ সূজমরিজ চাকমা ও জ্যোতি চাকমা। এ নিয়ে গত বৃহস্পতিবার আয়োজিত এক কর্মশালায় চাকমা ভাষা ও বর্ণমালার গবেষকেরা অংশ নেন। রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রশিক্ষণকেন্দ্র ভবনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।সূজমরিজ চাকমা ও জ্যোতি চাকমার সহযোগিতায় এগিয়ে এসেছে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট। সূজমরিজ ও জ্যোতি চাকমা জানান, চাকমা বর্ণমালাগুলো যুগোপযোগী না হওয়ায় কম্পিউটারাইজড করায় সমস্যা ছিল। নানা পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলোকে সুশৃঙ্খল করা হয়েছে। কর্মশালায় গবেষকেরা সর্বসম্মতিক্রমে বর্ণমালাগুলো অনুমোদন করায় ডিজিটাল ব্যবস্থায় নিয়ে আসা সহজ হবে। আগামী ছয় মাসের মধ্যে চাকমা বর্ণমালাগুলো বিজয় কি-বোর্ডের মাধ্যমে কম্পিউটারে সহজে লেখা ও পড়ার সফটওয়্যার তৈরি করা হবে বলে তাঁরা জানান। ইনস্টিটিউটের গবেষণা কর্মকর্তা শুভ্রজ্যোতি চাকমা বলেন, ‘বর্তমানে বাংলা বা ইংরেজি বর্ণমালার মাধ্যমে চাকমা ভাষায় গল্প কবিতা লেখা হয়। এমনকি উপন্যাসও লেখা হচ্ছে। সেক্ষেত্রে উচ্চারণ ও ভাব প্রকাশে মাঝেমধ্যে সমস্যা দেখা দেয়। আশা করি, এ উদ্যোগ চাকমা বর্ণমালাগুলো সুশৃঙ্খল ও প্রকাশভঙ্গিকে সহজ করবে।’ রাঙামাটি উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউটের সাবেক পরিচালক সুগত চাকমা বলেন, ‘চাকমা ভাষার উন্নয়ন ও সাহিত্যচর্চার ব্যাপক সম্ভাবনা রয়েছে। বর্ণমালা কম্পিউটারে লেখা ও পড়ার ব্যবস্থা সব বয়সীদের চাকমা বর্ণমালায় পড়াশোনা করতে উৎসাহ জোগাবে।’ তিনি জানান, চাকমা বর্ণমালা প্রধানত ৩৩টি। সেগুলোতে কী কী সমস্যা আছে কর্মশালায় তা নিয়ে আলোচনা হয়েছে। কর্মশালায় শ্রদ্ধালংকার মহাস্থবির, প্রসন্ন কান্তি চাকমা, কীর্তিময় চাকমা, আর্য্যমিত্র চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।