
‘প্রতিবার একইভাবে ঈদ উদ্যাপন করতে ভালো লাগে না, আমি তোদের এবার নতুন কিছু করে দেখাব। তোরা শুধু আমাকে সাপোর্ট দিবি।’ বড় আপার কথা শুনেই কলিজা শুকিয়ে অর্ধেক হওয়ার জোগাড়! যতবার তিনি ‘নতুন কিছু’ করার ঘোষণা দিয়ে ময়দানে নেমেছেন, প্রায় প্রতিবারই ফলাফল ভয়াবহ রকমের খারাপ হয়েছে। সে ধারাবাহিকতা বজায় থাকলে তার এ ঘোষণায় আনন্দিত হওয়ার আপাতত কোনো কারণ নেই। তবু আপার মুখের ওপর দুলাভাই তো নয়ই, এ বাড়ির কেউ কথা বলার দুঃসাহস করে না। করবেই বা কেন! বলতে গেলে তার কর্মতৎপরতাতেই ঈদের সময়ে নানাবাড়ি মুখর হয়ে ওঠে। তো আপার এমন ঘোষণা শুনে বুকের মধ্যে কিঞ্চিৎ বল সঞ্চার করে বললাম, ‘আপা, আমরা তো তোমার সাথে থাকবই। তোমার পরিকল্পনাটা একবার শুনি।’
‘তোদেরকে আর গৎবাঁধা খাবার খেতে হবে না। সেমাই-সুজির দিন শেষ। এখন ডিজিটাল যুগ। রান্নাবান্নায় নতুনত্ব আনতে হবে না!’ আপার কথা শেষ হওয়ার আগেই দুলাভাই কোত্থেকে ছুটে এসে বললেন, ‘অবশ্যই ডিজিটাল হতে হবে। শুধু বলো তোমার কী কী লাগবে?’
কিছু সময় পর আপা বিরাটাকার একটা ফর্দ আমার হাতে ধরিয়ে দিলেন। ‘তুই তোর দুলাভাইয়ের সঙ্গে গিয়ে ঠিকঠাকমতো জিনিসগুলো নিয়ে আয়।’ দুলাভাই বরাবরের মতোই ‘জো হুকুম’ ভঙ্গিতে আপার আজ্ঞা পালন করতে আমাকে নিয়ে বেরিয়ে পড়লেন। বাইরে বেরিয়ে বিমর্ষ কণ্ঠে বললেন, ‘তোর আপার মাথায় আবার নতুন ভূত চেপেছে। সে সবকিছু জগাখিচুড়ি বানিয়ে ছাড়বে!’
আমি একটু কৌশলে দুলাভাইয়ের আশঙ্কায় আশার সঞ্চার করার চেষ্টা করলাম, ‘তাতে অসুবিধার কিছু তো দেখছি না! ফলাফলটা ভালোও হতে পারে। আপা যখন নতুনত্ব আনতে চাইছে, তাকে আমাদের সব রকম সহযোগিতা করা উচিত।’ মুখে কিছু না বলে দুলাভাই কেবল একটি দীর্ঘশ্বাস ছাড়লেন!
ঈদের আগের রাতে বড় আপার নেতৃত্বে বাড়িতে বিরাট কর্মযজ্ঞ আরম্ভ হয়ে গেল। বাজার থেকে আক্ষরিক অর্থেই ‘মাথার ঘাম পায়ে ফেলে’ অতি কষ্টে কেনা হাজারো উপকরণ আর রান্নার আধুনিক যন্ত্রপাতি নিয়ে সে কী তোড়জোড়! খটকা লাগল আপার হাতে রান্নার চকচকে একটা বই দেখে। তার মানে তিনি সবগুলো রেসিপিই পরীক্ষামূলকভাবে তৈরি করবেন! কোনোটার সঙ্গেই তাঁর পূর্বযোগ নেই! শেষ অবধি কী হয় তা দেখার আগ্রহ দুলাভাই আগেই হারিয়ে ফেলেছেন। আমি কষ্টেসৃষ্টে যৎসামান্য ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ঈদের দিন তিন পর্বে আপার ‘ডিজিটাল রেসিপি’র খাবার পরিবেশন করা হবে। ঈদগাহে নামাজ পড়তে যাওয়ার আগে শুরু হলো প্রথম পর্ব। আমরা বারান্দায় পাটি বিছিয়ে বসে পড়লাম। একমাত্র আপা ছাড়া কারও মধ্যে তেমন উৎসাহ নেই। উল্টো উপবাসের শঙ্কা বিরাজ করছে। এমন সময় আপার ঘোষণা, ‘দয়া করে আমাকে খুশি করার জন্য কেউ মিথ্যা বলবে না। খেতে খারাপ হলে সরাসরি বলবে। ভালো-মন্দ থাকবেই। আমি চেষ্টা করেছি, এর বেশি কিছু নয়।’
আমি আর দুলাভাই পরস্পরের মুখ চাওয়া-চাওয়ি করে ওপরওয়ালার নাম জপে খাবার মুখে দিলাম। মুহূর্তেই পাল্টে গেল সবার চেহারা!
সত্যিই অপূর্ব স্বাদ হয়েছিল সেদিনের সব রান্না। আমাদের সবার মুখে অকুণ্ঠ প্রশংসা শুনে আপার চোখে পানি চলে এসেছিল। পুরোমাত্রায় সার্থক হয়েছিল তাঁর ‘ডিজিটাল ঈদ রেসিপি’। এখন আমরা আর আপার আদিখ্যেতায় ভয় পাই না। বরং অপেক্ষায় থাকি, তাঁর সৌজন্যে নতুন কিছু পাওয়া যায় কি না!
সোহেল নওরোজ
বেতাই, গান্না বাজার, ঝিনাইদহ।