ডিজিটাল সাংবাদিকতার ওপর জোর দিচ্ছে স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবন ভ্রমণে এসইউবির সাংবাদিকতার শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

সারা বিশ্বে গণমাধ্যমের বদলে যাওয়া ধরন ও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল সাংবাদিকতার ওপর গুরুত্ব দিচ্ছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। গবেষণার ওপর বিশেষ জোর দেওয়া হয় এই বিভাগে। বিভাগ সংশ্লিষ্টরা জানালেন, শিগগিরই জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে নিয়মিতভাবে জার্নাল প্রকাশনা শুরু হবে।

সামার সেমিস্টারে বিভাগের মিডিয়া রিসার্চ মেথোডলজি কোর্সটি কয়েল (কোলাবোরেটিভ অনলাইন ইন্টারন্যাশনাল লার্নিং) এর অধীনে, যুক্তরাষ্ট্রের সাউথ অ্যালাবামা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই কোর্স কারিকুলাম অনুসরণ করবেন এবং পরস্পরের সঙ্গে এই কোর্সের বিভিন্ন বিষয়ে মত বিনিময়ের সুযোগ পাবেন।

২০১৩ সালে চালু হওয়া সাংবাদিকতা বিভাগ শুরু থেকেই শিক্ষার্থীদের উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। বিভাগের এক সাবেক শিক্ষার্থী বনি ইবনে কামাল বর্তমানে ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে ইনডিপেনডেন্ট টিভিতে কর্মরত আছেন। তিনি বলেন, ‘এই বিভাগে আমাদের সাংবাদিকতার তত্ত্বীয় ও ব্যবহারিক দিকগুলো ভালোভাবে শেখানো হয়েছে। এ পর্যায়ে আসতে শিক্ষকদের কাছ থেকে আমরা সঠিক দিকনির্দেশনা পেয়েছি।’

সাংবাদিকতা বিভাগের প্রধান মো. সামসুল ইসলাম বলেন, ‘আমাদের লক্ষ্য আন্তর্জাতিক মানের মিডিয়া ও কমিউনিকেশন পেশাজীবী তৈরি করা। দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা যেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় যোগাযোগ কর্মকর্তা হিসেবে কাজ করতে পারে, সেভাবে আমরা তাঁদের গড়ে তুলছি।’

‘আমাদের লক্ষ্য আন্তর্জাতিক মানের মিডিয়া ও কমিউনিকেশন পেশাজীবী তৈরি করা। দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা যেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় যোগাযোগ কর্মকর্তা হিসেবে কাজ করতে পারে, সেভাবে আমরা তাঁদের গড়ে তুলছি।’

জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে এই সংশ্লিষ্ট বিভিন্ন পেশা; যেমন উন্নয়নকর্মী কিংবা তথ্য ও যোগাযোগ কর্মকর্তাসহ নানা ক্ষেত্রে চাকরির জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে কয়েকটি সার্টিফিকেট কোর্স চালু করা হচ্ছে।

শিগগিরই ‘করপোরেট কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া রিলেশনস’ এবং ‘ডিজিটাল স্টোরিটেলিং’ নামে দুটি সার্টিফিকেট কোর্স শুরু হবে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, করপোরেট বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, অভিজ্ঞ সাংবাদিকেরা এই অনলাইন কোর্সে পাঠদান করবেন। এই নতুন সার্টিফিকেট কোর্সটি এক দিকে যেমন পেশাজীবীদের কর্মদক্ষতা বৃদ্ধি করবে, অন্যদিকে চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীদের পেশাজীবনে সহায়তা করবে।

ভর্তি হতে চাইলে

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাত মসজিদ রোডের মূল ক্যাম্পাস, মিরপুর রোডের বিজয় ক্যাম্পাস এবং দক্ষিণ পূর্বাচলের স্থায়ী ক্যাম্পাসে জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে সামার সেমিস্টারে ভর্তি কার্যক্রম চলছে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www@sub. edu. bd) অথবা ফেসবুক পেজে পাওয়া যাবে।

ভর্তিবিষয়ক পরামর্শ ও আলোচনার জন্য সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত যে কোনো সময় সরাসরি হটলাইন নম্বর (১৬৬৬৫) অথবা জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নির্বাহী কর্মকর্তা আহমেদ ফারুকের (০১৭৬৬৬৬৩১৩৩) নম্বরে যোগাযোগ করলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।