ডিজিটাল হচ্ছে চন্দ্রঘোনা টেলিফোন এক্সচেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের ১১ বছর পর ডিজিটাল হচ্ছে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা টেলিফোন এক্সচেঞ্জ। পাঁচ শ টেলিফোন সংযোগের ক্ষমতাসম্পন্ন এক্সচেঞ্জের যন্ত্রপাতি বসানোর কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এখন চলছে লাইন টানার কাজ। গত মঙ্গলবার পর্যন্ত কেপিএম (কর্ণফুলী কাগজকল), খ্রিষ্টিয়ান হাসপাতাল ও ডাকঘরসহ ১০টি প্রতিষ্ঠানে সংযোগ দেওয়া হয়েছে। এ মাসের মধ্যে আরও দেড় শ সংযোগ দেওয়া সম্ভব হবে। তবে নতুন ক্যাবলের অভাবে পাঁচ শ সংযোগ ক্ষমতার পুরো এক্সচেঞ্জ চালু করা সম্ভব হবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চন্দ্রঘোনা টেলিফোন এক্সচেঞ্জের কর্মকর্তারা জানান, এখানে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ বসানোর প্রক্রিয়া শুরু হয় ২০০১ সালে। অর্থবরাদ্দ পেতে দেরি হওয়ায় প্রয়োজনীয় যন্ত্রপাতি আসে ছয় বছর পর অর্থাৎ ২০০৭ সালে। কিন্তু এক্সচেঞ্জ বসানোর জন্য প্রয়োজনীয় জমি না থাকায় প্রায় পাঁচ বছর ধরে বাক্সবন্দী অবস্থায় পড়ে থাকে কোটি টাকা দামের যন্ত্রপাতি। এরই মধ্যে কেপিএম কর্তৃপক্ষ প্রয়োজনীয় জমি দেওয়ার পর এক্সচেঞ্জ বসানোর কাজ শুরু হয়। বিটিসিএলের (বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড) চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী প্রদীপ দাশ প্রথম আলোকে বলেন, এক্সচেঞ্জ বসানোর কাজ শেষ হয়েছে। এখন লাইন টানার কাজ চলছে। তবে ১৫ বছর এক্সচেঞ্জটি অচল থাকায় আগে মাটির নিচে বসানো অনেক কেব্ল বেহাত হয়ে গেছে। নানা কারণে অনেক কেব্ল একাধিক স্থানে কাটা পড়েছে। তাই ৫০০ সংযোগ দিতে হলে নতুন কেব্ল প্রয়োজন হবে। আপাতত মাটির নিচে বসানো পুরোনো কেব্ল খুঁজে বের করে জোড়া দিয়ে সংযোগ দেওয়ার কাজ চলছে। সহকারী প্রকৌশলী নুরুল আমিন বলেন, দুই সপ্তাহের বেশি সময় ধরে মাটির নিচ থেকে পাওয়া পুরোনো কেব্ল জোড়াতালি দিয়ে এ পর্যন্ত কেপিএম, খ্রিস্টিয়ান হাসপাতাল ও ডাকঘরসহ ১০টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ফোন নম্বর চালু করা হয়েছে। এ মাসের মধ্যে আরও দেড় শতাধিক ফোন ডিজিটালে রূপান্তর করা যাবে বলে তিনি আশা করছেন। চন্দ্রঘোনা টেলিফোন এক্সচেঞ্জের টেকনিশিয়ান মনিরুল আলম পাটোয়ারী জানান, ডিজিটাল সংযোগ নেওয়ার জন্য অনেকে যোগাযোগ করছেন। আগের এনালগ সংযোগ গ্রহীতারা সরকারি বকেয়া বিল পরিশোধ করে ডিজিটাল সংযোগ নিতে পারবেন। তবে নতুন কেব্ল না পাওয়া পর্যন্ত চাহিদা অনুযায়ী সংযোগ দেওয়া যাবে না। পাঁচ শ সংযোগ দিতে হলে এক কোটি টাকার নতুন কেব্ল প্রয়োজন হবে। এ ব্যাপারে বিভাগীয় প্রকৌশলী প্রদীপ দাশ বলেন, ‘নতুন কেব্ল সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে। কিন্তু এখনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।’