ডিজিটালসেবার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তির অন্য সব মেলা থেকে এই মেলার স্বাতন্ত্র্য চোখে পড়ার মতো। তথ্যপ্রযুক্তির কল্যাণে জনসেবায় যে আধুনিকতা এসেছে কিংবা জনগণ সরকারের কাছ থেকে কী সেবা পেতে পারে, মূলত তাই দেখানো হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১০-এ। এই মেলায় বর্তমান সরকারের প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশের পথে জনগণের দোরগোড়ায় নিয়ে আসা এসব সেবা নিয়ে সবার মধ্যে থাকা আগ্রহটা ছিল স্বাভাবিক। ৪ থেকে ৬ মার্চ ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে এই মেলায় তাই সব শ্রেণীর মানুষের উপস্থিতি দেখা গেছে। মেলার আয়োজক ছিল বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন তহবিল—ইউএনডিপির আর্থিক সহযোগিতায় পরিচালিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম। মেলায় সরকারের সব কয়টি মন্ত্রণালয় ও বিভাগ ডিজিটাল সেবায় তাদের অগ্রগতি তুলে ধরে। তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সেবা নিয়ে এসেছিল বেসরকারি উদ্যোক্তা ও গণমাধ্যমও।মেলায় সরকারের তথ্যভান্ডারে নানা তথ্য হালনাগাদ করার মতো বিষয় যেমন ছিল, তেমনি ছিল মোবাইল ফোনের মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের নিবন্ধন কিংবা ভূমি ব্যবস্থাপনার মতো বেশ কিছু ডিজিটাল সেবার উপাস্থাপনাও। অনেকেই রোমাঞ্চিত হয়েছে আবহাওয়ার পূর্বাভাস ব্যবস্থা দেখে, আগ্রহ ছিল নির্বাচন কমিশনের ইলেকট্রনিক ভোটযন্ত্র ঘিরেও। তবে মেলার সবচেয়ে আকর্ষণীয় ছিল সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং এগুলোর অন্তর্গত নানা প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলোকে পরিচিত করার বিষয়টি। মেলায় আসা তরুণ ব্যবসায়ী মো. সুমন ফারাস বেশ উচ্ছ্বাসের সঙ্গে বলেন, ‘ভাবতেই ভালো লাগছে, এখন সাধারণ ডায়েরি করা (ডিজি) করা যাবে ইন্টারনেটের মাধ্যমেই।অনলাইনে এ ধরনের জনসেবা পাওয়া যাবে ঘরে বসেই ঝামেলামুক্তভাবে।’ একই ধরনের উচ্ছ্বাস ছিল মেলায় আসা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের মধ্যেও। তিনি বলেন, ‘আমাদের সবার একটা ধারণা আছে, সরকার তথা জনপ্রশাসন সব সময়ই একটু দূরে থাকে। কোনো কিছুর প্রয়োজন হলে তাদের কাছে যেতে হয়। কিন্তু আজ এখানে সরকার আক্ষরিক অর্থেই জনগণের কাছে এসেছে। জনসেবাগুলো নিয়ে এসেছে জনগণের দোরগোড়ায়। বিষয়টি খুবই ইতিবাচক। জনগণের প্রতি সরকারের এই সেবার মনোভাবটা মেলার পরেও রয়ে যাবে, সেটাই আশা করি আমরা।’ডিজিটাল উদ্ভাবনী মেলায় সব মন্ত্রণালয়ের বিভিন্ন সেবাসংক্রান্ত একাধিক ওয়েবসাইটকে তুলে ধরা হয় সবার কাছে। বাংলাদেশ ব্যাংকের সমৃদ্ধ ওয়েবসাইটটিতে (www.bangladesh-bank.org) দেশের অর্থনীতির বিভিন্ন সূচকসহ নানা তথ্য যে খুব সহজে পাওয়া যায়, তা তুলে ধরা হয়। দেখানো হয় কোনো আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনলাইনে অভিযোগ করার ব্যবস্থাও। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে (www.railway.gov.bd) ট্রেনের সময়সূচি ও ফিরতি টিকিট সংরক্ষণ-ব্যবস্থার পাশাপাশি দেখানো হয় মোবাইল ফোনে টিকিট কাটার ব্যবস্থা। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ অধিদপ্তরের স্টলে সবার আগ্রহ ছিল প্রবাসী কর্মীদের তথ্য ব্যবস্থাপনার জন্য করা স্মার্ট কার্ড এবং অনলাইনে ভিসা ও ছাড়পত্র পরীক্ষণপদ্ধতির বিষয়টি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টলে সবার আগ্রহ ছিল ভিসা আবেদনের অবস্থা অনলাইনে জানার ব্যবস্থাটিকে ঘিরে। তবে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টলে ভিডিও সম্মেলনের মাধ্যমে কৃষকদের তথ্যসেবা কার্যক্রমের প্রদর্শনীতে। সবার আগ্রহ ছিল ইলেকট্রনিক ভোট ব্যবস্থানা নিয়ে। শিক্ষা মন্ত্রণালয়ের স্টলে মেলা উপলক্ষে ছিল একটি বিশেষ সেবা। মাধ্যমিক পরীক্ষার্থীরা সেখানে নাম নিবন্ধন করলে ই-মেইলের মাধ্যমে বিস্তারিত ফলাফল পাঠানোর বিশেষ সেবা নিতে আসেন অনেক শিক্ষার্থী ও অভিভাবক। জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন টিআইএন নম্বর-ব্যবস্থা কিংবা ডিজিটাল ভূমিব্যবস্থা পুরোপুরি কার্যকর হবে—এই প্রত্যাশা ছিল মেলায় আসা দর্শনার্থীদের মধ্যে। বিদ্যুত্ বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলগুলোতে ইলেকট্রনিক পদ্ধতিতে বিল পরিশোধ ও প্রি-পেইড কার্ড প্রযুক্তিকে ঘিরেও আগ্রহ ছিল দর্শনার্থীদের। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির ওয়েবসাইটে (www.desco.org.bd) লোডশেডিংয়ের সময়সূচি জানার বিষয়টিও রোমাঞ্চিত করে অনেককে।ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পর্কে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার বলেন, ‘এটি সরকারের একটি অনন্য উদ্যোগ। সরকার কী করে, জনগণ বেশির ভাগ ক্ষেত্রেই তা দেখতে পারে না। এই মেলায় সরকার তার নিজের কাজগুলো বাইরে নিয়ে আসছে এবং মানুষ তা দেখতে পারছে—এটা আমাদের জন্য একটা বিরাট ব্যাপার।’ ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১০-এর সমন্বয়কারী নাইমুজ্জামান বলেন, ‘প্রথমবারের আয়োজনেই আমরা আশাতীত সাড়া পেয়েছি এই মেলায়। আসলে সরকারি সেবা আর উদ্যোগ নিয়ে জনগণের এমনিতেই আলাদা একটা আগ্রহ থাকে, আর এটা তো সরাসরি জনগণের সেবার সঙ্গে সম্পর্কিত। আশা করছি, ভবিষ্যতে মেলার পরিসর আরও বড় হবে।’