খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ব্রিটিশ শাসনামলের ম্যাগনেটো সিস্টেমের টেলিফোন এক্সচেঞ্জটি দীর্ঘ ২৮ বছর পর ডিজিটাল এক্সচেঞ্জে রুপান্তরিত করা হলেও গ্রাহকেরা এখনো টেলিফোন সংযোগ পায়নি। গত বছরের ২১ মে ২৫০টি টেলিফোন সংযোগ ক্ষমতা সম্পন্ন ডিজিটাল এক্সচেঞ্জটি চালু করা হলেও এক বছরের মধ্যে মাত্র ৩০টি টেলিফোন সংযোগ দেওয়া হয়েছে। গ্রাহকদের চাহিদা থাকলেও ক্যাবল না থাকার কারণে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। উপজেলা টেলিফোন এক্সচেঞ্জের কর্মচারীরা জানান, এক্সচেঞ্জটি রক্ষণাবেক্ষণের জন্য একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ), একজন ওয়ারল্যাস লাইনম্যান, একজন মেকানিক ও দৈনিক ভিত্তিতে দুইজন কর্মরত আছেন।এদিকে, গ্রাহকেরা নতুন ডিজিটাল সংযোগে নানা ত্রুটি আছে বলে অভিযোগ করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোশারাফ হোসেন বলেন, ‘আউট গোয়িং কল ঠিক আছে। সমস্যা হচ্ছে ইনকামিং কল নিয়ে। কল আসলে বোঝা যায় না। ফলে বিড়ম্বনায় পড়তে হয়।’উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বজিত চাকমা অভিযোগ করে বলেন, ‘ডিজিটাল টেলিফোন নিয়ে এখন আরও বড় সমস্যায় পড়েছি। আমার কার্যালয়ের ফোন থেকে আউটগোয়িং কল হয় কিন্তু ইনকামিং কল আসে না। কিছুদিন আগে এই নম্বরে ঊর্ধ্বতন কর্তপক্ষ কয়েকবার ফোন করলেও আমি বুঝতে পারিনি।’উপজেলার ব্যবসায়ী নেতা মোহাম্মদ জসিম বলেন, ‘অনেকবার যোগাযোগ করেও আমরা ব্যবসায়ীরা ডিজিটাল সংযোগ পাচ্ছি না। টেলিফোন সংযোগ পেলে আমাদের উপকার হতো।’ এ ব্যাপারে দীঘিনালা টেলিফোন এক্সচেঞ্জের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) কর্মকর্তা প্রদীপ বড়ুয়া বলেন, ‘প্রথমে পরীক্ষামূলকভাবে ২৩টি টেলিফোন চালু করা হয়। পরে আরও সাতটি সংযোগ দেওয়া হয়। গ্রাহকদের চাহিদা থাকা সত্ত্বেও ক্যাবল না থাকায় এবং আন্ডারগ্রাউন্ড ক্যাবলের কাজ না করায় সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা এই সমস্যা ঊর্ধ্বতন কর্তপক্ষের কাছে জানিয়েছি।’