ডিটি সড়কে ট্রাকের সারি অচল কাঁচা রাস্তা ও মনছুরাবাদ
ফুটপাত নেই। উভয় পাশে দাঁড়িয়ে থাকে সরকারি খাদ্যগুদাম থেকে চাল সরবরাহ নিতে আসা শত শত ট্রাক। দেখে মনে হয় ট্রাকের মিছিল। আর এর কবলে পড়ে নাকাল হচ্ছেন বিদ্যালয়-কলেজে যাতায়াতকারী শিক্ষার্থী, পথচারীসহ বিপুলসংখ্যক মানুষ। ভোগান্তির এ চিত্রটি নগরের মনছুরাবাদ এলাকার ডিটি সড়কের। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের অ্যাডমিশন অফিসার সালমা হক জানান, চার মাস ধরে মনছুরাবাদ ও আশপাশের এলাকায় প্রতিদিন সকাল-সন্ধ্যায় লেগে থাকা যানজটে অচল থাকে। বিশেষ করে ঈদগাঁও কাঁচা রাস্তার মাথা থেকে ডিটি সড়কের মাজার অংশে ট্রাকের জটলা থাকে বেশি। ডিটি সড়কের উভয় পাশের বড় একটি অংশ দখল করে ট্রাক দাঁড়িয়ে থাকায় সড়কটি সংকুচিত হয়ে পড়েছে। ফলে পথচারীদের চলাচল ও স্বাভাবিক যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। নগর ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, আলাদা ট্রাক টার্মিনাল না হলে বিদ্যমান সমস্যার সমাধান হবে না। একই কথা বললেন দেওয়ানহাট ট্রাক সমিতির নেতারাও। সরেজমিনে ২১ এপ্রিল সকালে দেখা যায়, মনছুরাবাদ সরকারি খাদ্যগুদাম থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চবিদ্যালয় ফটক পর্যন্ত শত শত ট্রাক রাস্তা দখল করে দাঁড়িয়ে আছে। এ সময় ট্রাকচালক মোহাম্মদ হানিফ (রাঙামাটি-ট-০২-০০১৬) বলেন, ‘ভোর পাঁচটায় এসে লাইনে গাড়ি দাঁড় করিয়েছি। এখনো গুদামের ফটক দিয়েও ঢুকতে পারিনি।’ ট্রাকচালক ইমরান আলী, শুক্কুর মিয়া, ওমদা মিয়াসহ আরও অনেকেই এ প্রতিবেদককে জানান, খাদ্যগুদামে ৪৬টি গুদাম রয়েছে। প্রতিদিন দুই-আড়াই শ ট্রাক গুদাম থেকে চাল ও গম সরবরাহ নিতে ভিড় করে। কিন্তু ওজন মাপার জন্য গুদামের অভ্যন্তরে একটি মাত্র স্কেল বা ‘ওজনসেতু’ থাকায় পণ্য খালাসে দেরি হচ্ছে। ফলে শত শত ট্রাক ডিটি সড়কের ওপর দাঁড়াতে বাধ্য হচ্ছে। এ ব্যাপারে গুদামের ব্যবস্থাপক হামিদুল হক ভূঁইয়া বলেন, ‘আরও একটি স্কেল স্থাপনের কাজ চলছে।’স্থানীয় বাসিন্দা ফরমান খান বলেন, ‘গত চার-পাঁচ মাস ধরে মনছুরাবাদ, ঈদগাহ ও ওয়াপদা গেট এলাকায় যানজট সমস্যা তীব্র হয়েছে।’ সরকারি খাদ্য গুদামের একজন খাদ্য পরিদর্শক নাম প্রকাশ না করে বলেন, ‘গুদাম থেকে সাম্প্রতিক খোলা বাজারের (ওএমএস) এবং দরিদ্রদের জন্য ন্যায্যমূল্যের চাল সরবরাহ বেড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’ গুদামের ব্যবস্থাপক মো. হামিদুল হক হঠাৎ করে গুদাম থেকে চাল-গম সরবরাহ বেড়ে যাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘গড়ে প্রতিদিন দুই-আড়াই হাজার টন ওএমএস ও ন্যায্যমূল্যের চাল, গম এ গুদাম থেকে সরবরাহ করা হচ্ছে। প্রায় তিন শতাধিক ট্রাক এসব পণ্য নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। ফলে ডিটি সড়কে একটু যানজট তো হচ্ছেই।’ খাদ্য গুদামের আরেক কর্মকর্তা বলেন, ‘দেওয়ানহাট ও মনছুরাবাদ এলাকায় অসংখ্য ট্রাকমালিক রয়েছেন। ট্রাক দাঁড় করানোর জন্য তাঁদের নিজস্ব কোনো জায়গা নেই। ইচ্ছেমতো রাস্তা দখল করে ট্রাকগুলো দাঁড়িয়ে থাকে।’ দেওয়ানহাট ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক ইদ্রিস আলম বলেন, ‘চটগ্রামে ট্রাক মালিক সমিতির সংখ্যা ১০টি। প্রতিটি সংগঠনের অভিন্ন দাবি ট্রাক-টার্মিনাল প্রতিষ্ঠার। আমাদের সংগঠনের আওতাভুক্ত ট্রাকের জন্য এখানকার সড়ক ও জনপথ বিভাগের পরিত্যক্ত মাঠে জায়গা চেয়েছিলেন। কিন্তু তা আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে আটকে গেছে।’ সড়ক দখল করায় নাগরিক ভোগান্তির কথা স্বীকার করে তিনি বলেন, ‘শুধু আমাদের সংগঠনভুক্ত ট্রাক ছাড়াও বন্দর, পতেঙ্গা ও মাঝিরঘাট থেকে বিপুলসংখ্যক ট্রাক এসে ভিড় করে মনছুরাবাদে। আমি প্রায় সময় ডিসি ট্রাফিককে বলে সেসব ট্রাক সড়ক থেকে সরানোর ব্যবস্থা নিয়ে থাকি।’ এদিকে, আগামী মঙ্গলবার মনছুরাবাদে নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় উদ্বোধন করতে চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে ডিটি সড়ক যানজটমুক্ত করতে নানা তৎপরতা শুরু করেছে নগর ট্রাফিক বিভাগ। ইতিমধ্যে দেওয়ানহাট থেকে ওয়াপদা কলোনি পর্যন্ত বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিভিন্ন গ্যারেজের সামনে রাখা ট্রাক অন্যত্র সরানো হয়েছে। কিন্তু স্থানীয় লোকজনের আশঙ্কা, প্রধানমন্ত্রী পাসপোর্ট কার্যালয় উদ্বোধন করে ঢাকা ফিরে গেলেই ডিটি সড়কে ফিরে আসবে পুরোনো চেহারা। তবে এ আশঙ্কার কথা নাকচ করে দিয়েছেন ডিসি ট্রাফিক ফারুক আহমেদ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী চট্টগ্রাম ঘুরে যাওয়ার পর খাদ্য গুদামের কোনো ট্রাক ডিটি সড়কে দাঁড় করাতে দেব না।’ আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ট্রাকের জন্য চট্টগ্রামে আলাদা টার্মিনাল নির্মাণ করা খুবই জরুরি।’ এদিকে, ২১ এপ্রিল ঈদগাহ, মনছুরাবাদ এলাকায় দেখা গেছে, লাঠি হাতে নিয়ে খোদ ট্রাফিক পুলিশের পরিদর্শক সিদ্দিকী ও সার্জেন্ট মোরশেদ ওই এলাকায় ট্রাকজটে সৃষ্ট যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন। এক প্রশ্নের উত্তরে ট্রাফিক পুলিশ পরিদর্শক সিদ্দিকী বলেন, ‘সরকারি খাদ্য গুদামে প্রতিদিন ৫০০ ট্রাক ভিড় করছে।’ ভুক্তভোগী স্থানীয় পানের দোকানদার মো. আবু তাহের বলেন, রাস্তার জায়গা দখল করে প্রতিদিন ট্রাক দাঁড়িয়ে থাকে। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হয়। ২১ এপ্রিল দুপুর সোয়া একটায় দেখা গেল, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মোজাম্মেল হোসেনকে নিয়ে দেওয়ানহাটের বাসায় ফিরছিলেন অভিভাবক লতিফ হোসেন। তিনি তাঁর শিশুকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন ট্রাক বহরের পাশ দিয়ে একেবারে সড়কের মাঝখান দিয়ে। এ সময় লতিফ হোসেন বলেন, ‘রাস্তার ওপর ট্রাকের রাজত্ব। প্রশাসন নির্বিকার। বাচ্চাকে নিয়ে যাচ্ছি তো বটেই কিন্তু কখন যে গাড়ি চেপে দেয় এ ভয়ে বুক কাঁপে।’ একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ লোকমান বলেন, ‘প্রতিদিন ডিটি সড়কজুড়ে ট্রাকের মিছিল। পথচারী ও শিক্ষার্থীদের দুর্ভোগের অন্ত নেই। কিন্তু কার কথা কে শোনে।’