ডিম নয় ভিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের মেসের অনেকগুলো নিয়মের মধ্যে একটি হলো—যদি কেউ গরুর মাংস না খায়, তবে তার জন্য ডিমের ব্যবস্থা রাখা। তেমনি একদিন গরুর মাংস রান্না হলো। বিকল্প ব্যবস্থা হিসেবে একজনের জন্য রান্না করা হলো ডিম। বিপত্তি দেখা দিল মিল বণ্টনের সময়। কাজের বুয়া সবার রুমে মিল পৌঁছে দিল। যার রুমে ডিমের তরকারি দেওয়া হলো সে বলল, ‘আমি তো গরুর মাংস খাই, আমাকে ডিম দিয়েছেন কেন?’ কাজের বুয়া মনে করল, যে বাজার করেছে সে-ই মনে হয় ডিম খাবে। কিন্তু সেও বলল, ‘আমি তো গরুর মাংস খাই।’ মহা ঝামেলা তো! ডিম তাহলে কে খাবে? অবশেষে কাজের বুয়া ম্যানেজারের রুমে রেখে চলে গেল। ম্যানেজার তখন রুমে ছিল না। সে এসে এটা দেখে বলল, ‘আমি তো গরুর মাংস খাই। তাহলে ডিম দিয়েছে কেন? আর ডিম পেলই বা কোথায়? আজকের বাজার তালিকায় তো ডিম ছিল না!’ তলব করা হলো বাজারকারীকে। তাকে বলা হলো ‘বাজার তালিকায় তো ডিম ছিল না, তাহলে তুমি ডিম কিনেছ কেন?’ বাজারকারী বলল, কেন, ‘যাওয়ার আগে তুমি মুখে বলে দিলে না ডিম আনতে।’ ম্যানেজার বলল, ‘কই, আমি তো ডিম কিনতে বলিনি। আমি বলেছি ভিম (ডিশ ওয়াশ সাবান) কিনে আনতে।’ তখন সবাই হাসিতে ফেটে পড়ল। বাজারকারী বলল সরি, ‘আমি ভিমকে ডিম মনে করেছি।’ মুহিবইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।