
কটনবাড দিয়ে তৈরি হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বিশাল প্রতিকৃতি। কেবল কটনবাড নয়, খানিকটা যেতেই চোখে পড়ল বোতাম দিয়ে তৈরি নারীর প্রতিকৃতি। ছিল কর্কশিটের ওপর শুধু আলপিন গেঁথে তৈরি নবজাতকের মুখও।
রিগান আহমেদের চারুকলার প্রথাগত শিক্ষা নেই। নিজের উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগিয়ে বিচিত্র জিনিস ব্যবহার করে শিল্প সৃষ্টি করেন তিনি। শিল্পকলা একাডেমীর জয়নুল আবেদিন গ্যালারিতে ১৮ এপ্রিল শেষ হলো তাঁর ১০ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী।
জলরং, প্যাস্টেল, তেলরং, মাটি ও সুতার প্রথাগত কাজের পাশাপাশি কাগজ, পেরেক, কটনবাড, কর্কশিট, আলপিনে তৈরি শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে। শিল্পীর দ্বিতীয় একক এ প্রদর্শনীতে বিভিন্ন মাধ্যমের ৭৬টি শিল্পকর্ম স্থান পেয়েছে।
৯ এপ্রিল বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর চিত্রাঙ্কন বিভাগের প্রশিক্ষক সঞ্জিত রায়।
স্বাগত বক্তব্য দেন শিল্পী রিগান আহমেদ। প্রদর্শনী দেখতে এসে একটি উন্নয়ন সংস্থার কর্মকর্তা আলী হোসেন বলেন, ‘কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া শিল্পী নানা মাধ্যমে যেভাবে কাজ করেছেন তা সত্যি অসাধারণ।’ এ আয়োজন প্রসঙ্গে তরুণ চিত্রশিল্পী রিগান আহমেদ বলেন, ‘আমি আসলে বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো ছবি কিংবা ভাস্কর্য তৈরি করি না। নিতান্তই শখের বশে কাজগুলো করি। সব সময় চেষ্টা করি অভ্যস্ত রুচির বাইরে গিয়ে কিছু একটা করতে।’