আমি তখন ক্লাস এইটে পড়তাম। ১৯৯৬ সাল। মাহামুদা নামে আমার এক বান্ধবী ছিল। ও তখন পড়ত ক্লাস সেভেনে। আমাদের বাসা ছিল কাছাকাছি। সব সময় একসঙ্গেই স্কুলে যেতাম। ও যদি আগে রেডি হতো, তাহলে ও আমাদের বাসায় আসত। আর আমি আগে হলে ওদের বাসায় যেতাম। একদিন আমি গেলাম ওদের বাসায়। ও তখন রেডি হচ্ছিল। আমাকে বলল, ‘জানিস একটা আশ্চর্য ঘটনা, আমাদের হলুদ মুরগিটা প্রতিদিন একসঙ্গে দুইটা করে ডিম পাড়ে।’ কথাটা শুনে কেন যেন আমার বিশ্বাস হলো না। এমন ঘটনা তো কোনো দিন শুনিনি। আমি ওকে জিজ্ঞেস করলাম, কবে থেকে পাড়ে? ও বলল, ‘গত তিন দিন থেকে প্রতিদিনই দুইটা করে ডিম পাড়ছে। আজকেও পাড়বে।’ ও খুব বিশ্বাসের সঙ্গে বলল। আমাকে মুরগির খোপের কাছে নিয়ে গেল। বলল, ‘এই দেখ, মুরগিটা খোপে ঢুকে বসেছে। স্কুল থেকে এসে দেখব, দুইটা ডিম পেড়েছে, তোকেও দেখাব।’ আমি বললাম, ঠিক আছে। খোপের দরজা বন্ধ করে দে, নইলে কুকুরে ডিম নিয়ে যেতে পারে। সে দিন স্কুল থেকে এসে মাহামুদা একটা ডিম পেল। খুব আত্মবিশ্বাস নিয়ে বলল, ‘কাল দুইটা পাড়বে।’ ঘটনা হচ্ছে, আমাদেরও তিন-চারটা মুরগি ছিল। এর মধ্যে একটা মুরগি ছিল অনেক মাস ধরে ডিম পাড়ে না। কয়েক দিন ধরে মুরগিটার মুখমণ্ডল একটু লালচে আর ডিম পাড়া মুরগির মতো ক-অ-ক ক-অ-ক করে ডাকে। আম্মু বলছিল, ‘এই মুরগিটার ডিম পাড়ার সময় হয়েছে।’ পরের দিন থেকে আমি আমাদের লক্ষণযুক্ত মুরগিটাকে খোপে আটকে রেখে যেতাম। আর স্কুল থেকে ফিরে দেখতাম, একটা ডিম পেড়েছে। আর মাহামুদাও ওই দিনের পর থেকে আর কোনো দিন একটা মুরগির দুইটা ডিম পায়নি। প্রতিদিনই আমি ওকে জিজ্ঞেস করতাম। ও বলত, ‘কাল হয়তো পাড়বে।’ তারপর বলতো, ‘বিশ্বাস কর, সত্যিই মুরগিটা প্রথম তিন দিন দুইটা করে ডিম পেড়েছিল।’ আমি কোনো দিন ওকে বলিনি, আমাদের মুরগিটাই ওদের খোলা খোপে গিয়ে ডিম পেড়েছে। লজ্জা পাবে, তাই বলিনি।মেরিনা ইয়াসমিনকাউনিয়া, বরিশাল।