টেকনাফে সংকটের অজুহাতে বাড়ছে এলপি (তরল পেট্রোলিয়াম) গ্যাসের দাম। নির্ধারিত দামের চেয়ে বর্তমানে অতিরিক্ত ৮০০ টাকা পর্যন্ত বেশি দিয়ে গ্রাহকদের সিলিন্ডার কিনতে হচ্ছে। তাঁদের অভিযোগ, বাজারে কোনো রকম তদারকি না থাকায় ডিলাররা ইচ্ছামতো দাম বাড়াচ্ছেন। ডিলারদের দাবি, সরবরাহ কম।বাজার ঘুরে দেখা গেছে, যমুনা এলপি গ্যাস ৮৫০ টাকার স্থলে এক হাজার ৬৫০, বসুন্ধরা এক হাজার ৫৩০ টাকার স্থলে এক হাজার ৯৩০ ও টোটাল গ্যাস এক হাজার ৫৩০ টাকার স্থলে বিক্রি হচ্ছে এক হাজার ৯৫০ টাকায়।গ্রাহকদের অভিযোগ, সংকটের অজুহাতে ডিলাররাই নিজেদের ইচ্ছামতো দাম বাড়িয়ে দেন। গ্যাস সিলিন্ডার কক্সবাজার সদরে নির্ধারিত দামে বিক্রি করলেও এখানে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। অথচ এ ব্যাপারে প্রশাসনের কোনো নজরদারি নেই।সদরের পুরান পল্লানপাড়া গ্রামের গৃহিণী ইয়াসমিন আকতার ও নুর নাহার বলেন, ‘কয়েক দিনের ব্যবধানে গ্যাসের দাম প্রায় ৮০০ টাকা পর্যন্ত বাড়ল। তাই এখন গ্যাসের ব্যবহার কমাতে স্টোভেও (তেলের চুলা) রান্না করছি। যেভাবে দাম বাড়ছে তাতে সামনে হয়তো এলপি গ্যাস ব্যবহার বন্ধ করে দিতে হবে।’জানা গেছে, টেকনাফে মেসার্স নাফ পেট্রল সার্ভিস, মেসার্স তারেক এন্টারপ্রাইজ ও মেসার্স তাহের গ্যাস ফেয়ার নামের তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি শতাধিক দোকানেও গ্যাসের সিলিন্ডার বিক্রি হয়। ডিলাররা জানান, সরবরাহ কম থাকায় গ্যাসের দাম বাড়ছে।টোটাল গ্যাসের ডিলার মেসার্স তারেক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ তারেক বলেন, ‘প্রতি মাসে কোমপানি থেকে বরাদ্দ পাওয়া যাচ্ছে ৪০ সিলিন্ডার। তা-ও কিনতে হচ্ছে বেশি দামে। চট্টগ্রাম থেকে গ্যাসের সিলিন্ডার এনে খুচরা বিক্রেতাদের ৫০ থেকে ৬০ টাকা লাভে সরবরাহ করা হচ্ছে। বর্তমানে চট্টগ্রামেও সংকট, তাই চাহিদামতো সিলিন্ডার পাওয়া যাচ্ছে না।’বাসস্টেশন এলাকার ডিলার মেসার্স তাহের গ্যাস ফেয়ারের স্বত্বাধিকারী মমতাজ আহমদ বলেন, ‘আমরা চট্টগ্রাম ও কক্সবাজার থেকে নির্দিষ্ট দামের চেয়ে একটু বেশি দিয়েই গ্যাস সিলিন্ডার কিনে আনছি। তাই একটু বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।’এদিকে, বৈধ ডিলারদের পাশাপাশি অবৈধভাবেও অনেকে গ্যাসের ব্যবসায় নেমেছেন। পান, ওষুধ, প্রসাধনী, মনোহারি, ইলেকট্রনিকস ও ফোন-ফ্যাক্সের দোকানেও বিক্রি হচ্ছে সিলিন্ডার। ডিলাররা জানান, পুরো টেকনাফের অলিগলিতে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। অথচ এসব দোকানে কোনো ধরনের বিস্ফোরক লাইসেন্স ও অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।বড় বাজারের খুচরা বিক্রেতা পানের দোকানদার মোহাম্মদ ইউনুছ ও প্রসাধনী দোকানদার নুরুল আমিন বলেন, ‘গ্যাস বিক্রি করতে কি আবার লাইসেন্স লাগে নাকি? সবাই বিক্রি করছে তাই আমরাও করছি।’