ডিলিট ব্যবসায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি দেশে এক নতুন ধারার ব্যবসায়ের চল হয়েছে। এরই মধ্যে এ ব্যবসা জনপ্রিয় হয়ে উঠেছে ভোক্তাদের কাছে। ঢাকা এবং বাইরের কয়েকটি জেলায় মাঠপর্যায়ে সমীক্ষা করে এ তথ্য পাওয়া গেছে। নতুন এ ব্যবসাটির নাম ‘ডিলিট ব্যবসায়’।

ঢাকা শহরের কয়েকটি দোকানে ঘুরে এই প্রতিবেদক প্রায় প্রতিটি দোকানের সামনে অনেক ভিড় দেখতে পান। সেখানে দেখা যায়, অনেকেই তঁাদের মোবাইল ফোন হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন। তাঁদের কয়েকজনের কাছে জিজ্ঞেস করে এই প্রতিবেদক জানতে পারেন, ইদানীং রাত নেই, দিন নেই, সারাক্ষণ মোবাইল ফোন অপারেটরগুলো নানা ধরনের মেসেজ পাঠাতে থাকে। এত মেসেজ আসে যে তাঁরা সেগুলো দেখা দূরে থাক; ডিলিট করার সময় পর্যন্ত পান না! তাঁদের এই ভোগান্তি দূর করতে দেশে গড়ে উঠেছে ‘ডিলিট ব্যবসায়’। যেখানে যত্ন নিয়ে স্বল্প খরচে মেসেজ ডিলিট করা হয়।

এরই মধ্যে এই ব্যবসার মাধ্যমে বেকারত্বের হার ২ শতাংশ কমেছে বলে জানিয়েছেন বেকারত্ব ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বাকের খান।

নতুন ধরনের এই সেবা পেয়ে উচ্ছ্বসিত একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মোরষেদ চৌধুরী। তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘খেয়াল করে দেখবেন, খুব ব্যস্ত সময়ে এই মেসেজগুলো আসে। ইনবক্স চেক করতে গেলেই মেজাজ হারিয়ে ফেলি। ফলে বুঝি না যে কোন মেসেজটা চেক করব আর কোনটা করব না। এ ছাড়া এই মেসেজগুলোর ভিড়ে দরকারি মেসেজও না পড়া থেকে যায়। আর বড় কথা হলো, আমি যা চাই না তা কেন বারবার পাঠানো হবে! ফলে এই সেবা পেয়ে আমি অত্যন্ত খুশি। ভাষায় প্রকাশ করতে পারব না আমার অনুভূতি!’

মিরপুরের ক্ষুদ্র ডিলিট ব্যবসায়ী মোখলেস পাটোয়ারীকে এই ব্যবসার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘এ মুহূর্তে বেশি কথা বলার সময় নাই। বর্তমানে আমরা চাহিদা অনুযায়ী “ডিলিটর” সরবরাহ করতে পারছি না। বুঝতেই পারছেন ভবিষ্যৎ পুরাই ফকফকা। আমাদের আরও অনেক ডিলিটর দরকার।’