ডিসি পাহাড়ে পুষ্প বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসি পাহাড়ের চারপাশে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে অন্তত ১০টি ফুলের দোকান ও নার্সারি। এ ছাড়া পাহাড়ের কোলঘেঁষে রাখা হয়েছে সারি সারি বাঁশের স্তূপ। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইজারা নিয়ে এ ফুলের ব্যবসা চলছে। এসব ফুলের দোকানের কারণে নগরের চেরাগি পাহাড় থেকে বৌদ্ধমন্দির সড়ক পর্যন্ত প্রতিদিন যানজটও দেখা দেয়। ফুটপাত দখলের কারণে পথচলতে সমস্যায় পড়েন সাধারণ লোকজন।অনুসন্ধানে জানা গেছে, নগরের চেরাগি পাহাড় থেকে নন্দনকানন পর্যন্ত অন্তত ১০টি নার্সারি ও ফুলের দোকান রয়েছে। এর মধ্যে তিনটি নার্সারি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জমি ইজারা নিয়ে ও বাকিগুলো চলছে জেলা প্রশাসকের ইজারায়। বিভাগীয় কার্যালয় থেকে ইজারা নেওয়া নার্সারিগুলো হলো—বাহাদুর নার্সারি, বনরূপা নার্সারি ও ন্যাশনাল নার্সারি। প্রতিবছর এসব ইজারা নবায়ন করা হয়। এ ছাড়া মাসিক ভাড়াও ফুলের দোকানগুলো কর্তৃপক্ষকে দিয়ে থাকে।নার্সারিগুলোর মালিকেরা পাহাড়ের পাদদেশে নানা রকম ফুলগাছ লাগিয়ে ব্যবসা পরিচালনা করছেন। এতে করে পাহাড়ের সৌন্দর্যবর্ধন হচ্ছে বলেও তাঁরা দাবি করেন। তবে ফুলের দোকানগুলো কেবল বাজার থেকে ফুল কিনে ব্যবসা করে আসছে। এ প্রসঙ্গে বাহাদুর নার্সারির স্বত্বাধিকারী মো. আবুল হোসেন বলেন, ‘ইজারা নিয়ে আমরা ব্যবসা করছি। পাহাড়ের সৌন্দর্য রক্ষার্থে আমরা নানা রকম ফুলের গাছও লাগিয়েছি। আর আমাদের নার্সারিগুলো এখানকার সবচেয়ে পুরোনো।’ জানা গেছে, বৌদ্ধমন্দির মোড় থেকে নন্দনকানন পর্যন্ত নার্সারিগুলো দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে ব্যবসা করে আসছে। চেরাগি পাহাড় থেকে মোমিন সড়ক পর্যন্ত দোকানগুলো নতুনভাবে ইজারা দেওয়া হয়েছে। চেরাগি পাহাড়ের মোড়ে নতুন গজিয়ে ওঠা ফুলের দোকানগুলোর কারণে প্রতিদিন যানজটও হচ্ছে। রাস্তার ওপর বিয়ের গাড়ি সাজানোর কারণে এ যানজট হয়। রাস্তার ওপর গাড়ি সাজানোর কথা স্বীকার করে বেলী পুষ্প বিতানের স্বত্বাধিকারী অরূপ বড়ুয়া জানান, ‘এখানে জায়গা কম। তাই রাস্তায় সাজাতে হয়। আমরা ইজারাদারদের ভাড়া দিয়ে এ জায়গায় দোকান চালাই।’ চেরাগি পাহাড়ের মোড়ে রেশমা পুষ্প বিতান, হেভেনস ফ্লাওয়ার, অপরাজিতা ও স্টার পুষ্পবিতান নামে বেশ কয়েকটি নতুন গজিয়ে ওঠা দোকানই মূলত মোমিন সড়কে যানজট ও নানা বিড়ম্বনার কারণ। দেখা যায়, ফুটপাথে পথচারীদের হাঁটাচলায় বিঘ্ন ঘটিয়ে প্রতিটি দোকানের সামনে ফেলে রাখা হয়েছে ফুলের বস্তা এবং চলছে ফুল ও পাতা বাছাইয়ের কাজ। এতে পথচারীদের চলতে সমস্যায় পড়তে হয়।যত্রতত্র ফুলের দোকান গড়ে ওঠার কারণে ডিসি পাহাড়ে সকালে ও বৈকালিক ভ্রমণে আসা লোকজনকে নানা রকম বিড়ম্বনায় পড়তে হয়। এদিকে, ডিসি হিলের কয়েক জায়গায় স্তূপ করে রাখা হয়েছে সারি সারি বাঁশ। সাহাবউদ্দিন ডেকোরেটারস এ বাঁশগুলো রেখেছে। এ প্রসঙ্গে ডেকোরেটারসের স্বত্বাধিকারী মো. সাহাবউদ্দিন জানান, ‘অনুমতি নিয়ে বাঁশগুলো রেখেছি। কর্তৃপক্ষ যখন জায়গা ছেড়ে দিতে বলবে তখনই জায়গা খালি করে দেব।’