চট্টগ্রাম একাডেমির আয়োজনে চার দিনের স্বাধীনতার বইমেলা আজ বৃহস্পতিবার থেকে ডিসি পাহাড়ের নজরুল স্কয়ারে শুরু হচ্ছে। বিকেল পাঁচটায় মেলা উদ্বোধন করবেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। প্রধান অতিথি থাকবেন প্রাবন্ধিক পবিত্র সরকার। আলোচক থাকবেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহবুবুল হক, বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক রাশেদ রউফ, শিক্ষাবিদ আনোয়ারা আলম, চট্টগ্রাম একাডেমির সাবেক মহাপরিচালক নেছার আহমদ ও একাডেমির মহাপরিচালক জিন্নাহ চৌধুরী। সভাপতিত্ব করবেন বইমেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক আমিনুর রশীদ কাদেরী। সন্ধ্যা সাতটায় কবি স্বপন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে ‘কবি সম্মিলন’।
পরদিন ২৪ মার্চ বিকেল থেকে থাকবে সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা, ‘চট্টগ্রামে সাহিত্যচর্চা’ শীর্ষক সভা ও শিশুসাহিত্যিক সম্মিলন। ২৫ মার্চ বিকেলে থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ‘মুক্তিযুদ্ধের পটভূমি ও সমকালীন বাংলাদেশ’ শীর্ষক সভা। ২৬ মার্চ সকাল সাড়ে ১০টায় রয়েছে শিশু সমাবেশ। বিকেল থেকে থাকবে মুক্তিযুদ্ধের ছড়া ও কবিতা পাঠ, লেখক-পাঠক সম্মিলন এবং সন্ধ্যা সাতটায় সমাপনী অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধা সম্মাননা। এতে সভাপতিত্ব করবেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
এ ছাড়া চার দিনের অনুষ্ঠানে দলীয় সংগীত ও আবৃত্তি পরিবেশন করবে উদীচী, বোধন, প্রমা, রাগেশ্রী, তারুণ্যের উচ্ছ্বাস, সংগীত পরিষদ-চট্টগ্রাম, স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম, বৃন্ত, অভ্যুদয়, বসুন্ধরা, শব্দরূপ বাচিক পাঠশালা ও উঠোন। বিজ্ঞপ্তি