ডিসি হিলে জমজমাট স্বাধীনতার বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের ডিসি হিলে ২৩ মার্চ শুরু হওয়া স্বাধীনতার বইমেলায় বেচাকেনা জমে উঠেছে। নানা বয়সী মানুষ বিশেষ ছাড়ে পছন্দের বই কিনতে ভিড় করছেন মেলায়। এ বছর বাংলা একাডেমীর একুশে বইমেলায় প্রকাশিত নতুন সব বইয়ের পাশাপাশি বিক্রি হচ্ছে বেশ কিছু পাঠকপ্রিয় চিরায়ত বইও। তবে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে শিশুতোষ বই। ভয়ংকর সব দৈত্য-দানব, রাক্ষস আর পরির ছবি দিয়ে তৈরি প্রচ্ছদের বইগুলো বাচ্চাদের টানছে বেশি। এ ছাড়া সৃজনশীল আর মননশীল বইগুলোও চলছে ভালো। প্রকাশকদের ধারণা কাল শুক্রবার ও পরশু শনিবার ছুটির দিনে মেলা জমবে পুরোপুরি। মঙ্গল ও বুধবার সরেজমিন চট্টগ্রাম একাডেমি আয়োজিত স্বাধীনতার বইমেলায় এমন চিত্র দেখা গেছে। ২৩ মার্চ বিকেল পাঁচটায় বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য ও লেখক নুরুল ইসলাম, কবি আবুল মোমেন, সাহিত্যিক ফাহমিদা আমিন, আনোয়ারা সৈয়দ হক প্রমুখ উপস্থিত ছিলেন। এবারের বইমেলায় বাংলা একাডেমী, সাহিত্য প্রকাশ, আগামী, অনন্যা, প্যাপিরাস, সময়, ভাষাচিত্র, ঐতিহ্য, টইটম্বুর, অনুপম, শিখা, বাংলাদেশ শিশু একাডেমী, আদিগন্ত, শৈলী, বলাকা, আবীর প্রকাশন, কালধারা, পাঞ্জেরী প্রকাশনের ২৬টি স্টল রয়েছে। ২৫-৩০ শতাংশ ছাড়ে বই বিক্রি হচ্ছে। বরাবরের মতোই বেশি চাহিদা শিশুতোষ বইয়ের। এরপর আছে গল্প-উপন্যাস আর কবিতা। হ্যাঁ, মুক্তিযুদ্ধবিষয়ক বইও বিক্রি হচ্ছে মোটামুটি। বাংলা একাডেমীর স্টলে প্রচুর বই। বিক্রয়কর্মী মো. রেজাউল কবির জানান, ‘আমাদের স্টলটি বইয়ের তুলনায় ছোট হয়েছে।’ পাঞ্জেরীর মোজাম্মেল হোসেন জানান, আবুল মোমেনের গল্পে গল্পে রবীন্দ্রনাথ, মাহবুবুল হকের চর্যাগীতি পাঠ, শাইখ সিরাজের আমার স্বপ্নের কৃষি ইত্যাদির পাশাপাশি বাচ্চাদের বইগুলো ভালো চলছে। অনন্যার স্টলে বেশি বিক্রি হচ্ছে ইমদাদুল হক মিলন, আনিসুল হক ও বিশ্বজিত্ চৌধুরীর বই। ছোটবোনকে সঙ্গে নিয়ে মেলায় এসেছেন উম্মে হাবিবা। তিনি জানান, ‘চট্টগ্রামে ফেব্রুয়ারিতে ভালো কোনো বইমেলা হয় না। তখন গণমাধ্যমে নতুন বইয়ের সংবাদ দেখে কিনতে ইচ্ছে হয়। কিন্তু মেলার মতো সুযোগ মেলে না। বাধ্য হয়ে বেশি দামে কিনতে হয়। ডিসি হিলে স্বাধীনতার বইমেলা ভালো জমে তবে মনে হচ্ছে না আশানুরূপ বিক্রি হচ্ছে। বাংলা একাডেমীর বইমেলার পর এটি অন্তত ১ মার্চ থেকে শুরু করলে পাঠকের জন্য ভালো হয়।’স্বাধীনতার বইমেলা শুধু বইয়ের বিকিকিনিতে সীমাবদ্ধ নেই। বইমেলা মঞ্চে প্রতিদিন থাকছে বিষয়ভিত্তিক আলোচনা, গান, নাচ, আবৃত্তি, ছড়া-কবিতা পাঠ, পাঠকের মুখোমুখি লেখক, মুক্তিযোদ্ধা সম্মাননা ইত্যাদি আয়োজন। এতে তরুণ পাঠক-দর্শক ধরে রাখার কাজটি সহজ হলেও গান-বাজনার উচ্চমাত্রার শব্দের কারণে অতিষ্ঠ ছিলেন অপেক্ষাকৃত প্রবীণেরা। স্বাধীনতার বইমেলা ও চট্টগ্রাম উৎসব পরিষদের মহাসচিব নেছার আহমদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রস্তুতি সুসম্পন্ন হয়েছে। স্বাধীনতার বইমেলাকে জমজমাট করার জন্য আমরা কিছু অনুষ্ঠান ও শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে থাকি। আমরা চাই শিশু-কিশোর, তরুণ-তরুণীদের বইমুখী করতে।’ কবি-সংগঠক কামরুল হাসান বলেন, ‘আগে স্বাধীনতার বইমেলায় শুধু চট্টগ্রামের লেখক-প্রকাশকের বই-ই থাকত। পাঠকের চাহিদা ও দাবির মুখে গত বছর থেকে ঢাকার প্রকাশনাপ্রতিষ্ঠানকে মেলায় আসার সুযোগ দিচ্ছে চট্টগ্রাম একাডেমি। এতে মেলায় বৈচিত্র্য এসেছে। ভালো ভালো বই সংগ্রহের সুযোগ পাচ্ছেন পাঠক। চট্টগ্রামবাসী বেশি বেশি বই কিনলে আগামী দিনে আরও অনেক প্রকাশক মেলায় আসতে উৎসাহী হবেন।’বই কিনতে আসা পাঠক মফিজুর রহমান বলেন, ‘চট্টগ্রামে বইমেলার নির্দিষ্ট কোনো স্থান নির্ধারিত না থাকায় তেমন সাড়া জাগায় না। পাশাপাশি সময়ও নির্ধারণ করা দরকার। যেমন ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমীর বইমেলা শুরু হয়ে মাসব্যাপী চলে।’এ প্রসঙ্গে চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক রাশেদ রউফ বলেন, ‘২০০০ সালে প্রথম চট্টগ্রাম প্রেসক্লাবের নিচতলায় স্বাধীনতার বইমেলার আয়োজন করে শৈলী প্রকাশন। এরপর থেকে চট্টগ্রাম একাডেমির আয়োজনে প্রতিবছর মার্চে স্বাধীনতার বইমেলা হয়ে আসছে। প্রেসক্লাব, এনায়েত বাজার মহিলা কলেজ, জেলা শিল্পকলা একাডেমী, জেএম সেন হল ঘুরে বলা যায় স্বাধীনতার বইমেলার স্থান নির্ধারিত হয়েছে ডিসি হিল প্রাঙ্গণ। বেশ কয়েক বছর ধরে এখানেই মেলাটি সফল ভাবে অনুষ্ঠিত হচ্ছে।’ আজ ২৫ মার্চ বিকেল তিনটায় দেশের গান প্রতিযোগিতার উদ্বোধন করবেন ওস্তাদ মিহির নন্দী। বিকেল পাঁচটায় ‘গৌরবময় অতীতের আলোকে চট্টগ্রামে সাম্প্রতিক সাহিত্যচর্চা’ বিষয়ে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কথাসাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক। প্রারম্ভিক বক্তব্য দেবেন প্রাবন্ধিক হরিশংকর জলদাস। আলোচনা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ভূঁইয়া ইকবাল ও প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিত্ চৌধুরী। সন্ধ্যে সাতটায় থাকবে ‘প্রান্তিক বইমেলার গুরুত্ব’ শীর্ষক আলোচনা।