ডিসি হিলে তিন দিনব্যাপী বাঙালি সংস্কৃতি মেলা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চলো বাঙালির শেকড় সন্ধানে’ স্লোগানে আজ বৃহস্পতিবার ডিসি হিলের নজরুল স্কয়ারে তিন দিনব্যাপী বাঙালি সংস্কৃতি মেলা। সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সংগঠন অবসর সাংস্কৃতিক গোষ্ঠী এই আসরের আয়োজন করছে। সম্প্রতি প্রয়াত লোকগানের সুরস্রষ্টা আবদুল গফুর হালীকে উৎসর্গিত মেলায় থাকছে চট্টগ্রামের ও সারা দেশের লোকসংস্কৃতির নানা আয়োজন। এ ছাড়া আসরে অবসরের পক্ষ থেকে দেওয়া হবে সাহিত্য পুরস্কার, মুক্তিযোদ্ধা সম্মাননা, শিল্পী সম্মাননা, আবদুল গফুর হালী স্মৃতিপদক, সংগঠন সম্মাননা, বাঙালি সংস্কৃতি মেলা পদক। প্রকাশিত হবে সংগঠনের মুখপত্র লিটল ম্যাগাজিন আগামীর বিশেষ সংখ্যা।
আজ বিকেল তিনটায় মেলার উদ্বোধন করবেন শহীদ জায়া বেগম মুশতারী শফী। এরপর বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও অবসর সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মেলার দ্বিতীয় দিন আগামীকাল ১০ ফেব্রুয়ারি থাকছে পিঠা উৎসব, সংগীত, আবৃত্তি প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, গণসংগীত, প্রবন্ধ পাঠ, স্বরচিত কবিতাপাঠ, মুক্তিযোদ্ধা সম্মাননা, বাঙালি সংস্কৃতি মেলা পদক, শিল্পী আবদুল গফুর হালী স্মৃতিপদক ও সংগঠন সম্মাননা প্রদান। বিজ্ঞপ্তি