ডিসি হিলে পাঁচ দিনের বইমেলা শুরু
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি ২০১১ উদ্যাপন উপলক্ষে নগরের ডিসি হিল প্রাঙ্গণে গত বৃহস্পতিবার থেকে পাঁচ দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক বই প্রদর্শনী ও সংস্কৃতি মেলা ২০১১ উদ্যাপন পরিষদ এ মেলার আয়োজন করেছে।মেলার উদ্বোধন করেন সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, জ্ঞানের পরিধি বাড়াতে হলে সবাইকে দেশ-বিদেশের প্রকাশিত নানা বই পড়তে হবে। বিশেষ অতিথি ছিলেন রাশিয়ান ফেডারেশন চট্টগ্রামের কনসালটেন্ট জেনারেল ভ্লাদিমির জি এ্যাগোরোব। তিনি বলেন, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হলে নতুন প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে হবে।মেলা কমিটির সভাপতি আ জ ম নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনবোধি ভিক্ষু, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের জনসংযোগ কর্মকর্তা গুরুপদ চক্রবর্তী। আবৃত্তিশিল্পী দিলরুবা খানমের সঞ্চালনে স্বাগত বক্তব্য দেন মেলা কমিটির মহাসচিব আশেক রসুল খান। মেলায় ব্রিটিশ কাউন্সিল, আমেরিকান কর্নার, ভারতীয় হাইকমিশন, আলিয়ঁস ফ্রঁসেজ, বাংলাদেশ শিশু একাডেমীসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মীরা তাদের প্রকাশনা তুলে ধরেন।