ডিসি হিলে প্রাণের আয়োজন
সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদ চট্টগ্রামের উদ্যোগে ৩০ চৈত্র (১৩ এপ্রিল) ডিসি হিল থেকে বেরোবে বর্ষবিদায় শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে উৎসবের উদ্বোধন করবেন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। এবার নাট্যজন মাহবুব হাসান, সমাজবিজ্ঞানী অনুপম সেন ও ওস্তাদ মিহির নন্দীকে সম্মাননা দেওয়া হবে।এরপর শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। একক পরিবেশনায় থাকবে চিরায়ত বাংলা গান ও পঞ্চকবির গান।পয়লা বৈশাখ ভোর ছয়টায় ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তীর পরিবেশনায় রাগ ভৈরব দিয়ে অনুষ্ঠান শুরু হবে। আমন্ত্রিত শিল্পী হিসেবে থাকবেন শাহনাজ বেলী। কবিগান, লোকগান, আঞ্চলিক গানের মধ্য দিয়ে সন্ধ্যা সাতটায় অনুষ্ঠান শেষ হবে। বিশেষ আকর্ষণ থাকবে কুষ্টিয়ার লালনের আখড়া থেকে আসা বাউলদের গান। সকালের প্রথম চার ঘণ্টার অনুষ্ঠান এটিএন বাংলায় সরাসরি সম্প্রচার করা হবে। উদ্যাপন পরিষদের সদস্যসচিব আহমেদ ইকবাল হায়দার বলেন, ‘চট্টগ্রামের যে শিল্পীরা বাংলা সংস্কৃতিকে লালন ও ধারণ করেন তাঁদের সম্মিলনেই আমাদের অনুষ্ঠান। আর ৩৩ বছর ধরে ডিসি হিলের উৎসবের সঙ্গে জড়িত তিন গুণীজনকে সম্মাননা দেওয়া হবে।’