ডিসি হিলে প্রাণের উৎসব
ডিসি হিলের মঞ্চে বাউলগানের সুর। প্রাণের উৎসবে মেতেছে নগরবাসী, যেন শিকড়ের কাছে ফেরা। দিনব্যাপী নানা আয়োজনে উদ্যাপিত হয়েছে লোকসংস্কৃতি উৎসব। ১৮ ফেব্রুয়ারি এ উৎসব আয়োজন করে সমাজ সমীক্ষা সংঘ। প্রধান পৃষ্ঠপোষক ছিল মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন।সকালে উৎসব শুরু হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে। এতে প্রায় ৩৫০ জন প্রতিযোগী অংশ নেয়। বিকেলে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। এরপর ‘সাম্প্রদায়িকতা ও যুদ্ধাপরাধ বিরোধী শোভাযাত্রা’ শহীদ মিনার থেকে ডিসি হিলে এসে শেষ হয়। খ্যাতনামা বংশীবাদক মৃণাল দাশগুপ্ত উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। সমাজ সমীক্ষা সংঘের নির্বাহী পরিচালক কল্লোল দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। বক্তব্য দেন গ্রামীণফোনের কর্মকর্তা আতিকুর রহমান ও উৎসব কমিটির চেয়ারম্যান এ কিউ এম সিরাজুল ইসলাম। উৎসব ঘোষণা পাঠ করেন সোহেলী পারভীন।আলোচনার পর লোকজ গান ও নাচে মেতে ওঠার পালা। শুরুতেই মঞ্চে ‘আমরা করব জয়’ গানটি পরিবেশন করে সমাজ সমীক্ষা সংঘের সাংস্কৃতিক স্কোয়াড। এরপর ইসতফা খানম ও মোহাম্মদ জাহাঙ্গীর পরিবেশন করেন চট্টগ্রামের আঞ্চলিক গান। আঞ্চলিক গান শেষে সৈয়দ মনির ও তাঁর দল মাইজভান্ডারি গানে মাতিয়ে রাখে দর্শকদের। এরপর ওডিসি টেগর অ্যান্ড ডান্স মুভমেন্টের সদস্যরা নৃত্যের ঝংকার তোলেন মঞ্চে। নির্দেশনায় ছিলেন শিল্পী প্রমা অবন্তী।এবার সুর তোলেন সুনামগঞ্জ থেকে আসা শিল্পী ঊর্মি দাশ ও বাউল শাহজাহান। হাসন রাজা আর শাহ আবদুল করিমের গান করে মানবতার জয়গান। এরপর মারমা শিল্পীগোষ্ঠী বান্দরবানের শিল্পীরা পরিবেশন করেন আদিবাসী নৃত্য। রাধারমণের গান পরিবেশন করেন ২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠের খেতাব পাওয়া শিল্পী সৈয়দ আশিকুর রহমান। রাধারমণের গান শেষে মঞ্চে আসেন বাউলকন্যা খ্যাত ক্লোজআপ ওয়ান তারকা বিউটি। তিনি বাউলসংগীতের মূর্ছনায় দর্শকদের নিয়ে যান অন্য ভুবনে। এর মধ্যে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ডিসি হিল প্রাঙ্গণে প্রজ্বালন করা হয় মঙ্গলপ্রদীপ। সবশেষে ফানুস ওড়ানোর মধ্য দিয়ে ভাঙে এই প্রাণের উৎসব।