ডিসি হিলে বাঙালি সংস্কৃতি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ দেশে গুণীজনের কদর নেই!’ এই ধরনের একটি প্রবাদ চালু আছে দীর্ঘদিন ধরে। কিন্তু এ প্রবাদ মিথ্যা প্রমাণ করল চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন ‘অবসর সাংস্কৃতিক গোষ্ঠী’। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১৫ ব্যক্তিকে সম্মাননা জানিয়েছে এ সংগঠন। বাঙালি সংস্কৃতি মেলা উপলক্ষে এ সম্মাননা জানানো হয়।গতকাল শনিবার ডিসি হিলে তিন দিনব্যাপী বাঙালি সংস্কৃতি মেলা শেষ হয়। ‘অবসর সাংস্কৃতিক গোষ্ঠী’ ষষ্ঠবারের মতো এ মেলার আয়োজন করে। বৃহস্পতিবার উৎসবের উদ্বোধন করেন ১২ জন বরেণ্য ব্যক্তি। বাঙালির ঐতিহ্য ঢোলবাদনের মাধ্যমে তিন দিনব্যাপী উৎসব শুরু হয়। উৎসবে সূচনা সংগীত পরিবেশন করেন অবসরের শিল্পীরা।উৎসবে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। তিনি বলেন, ‘চট্টগ্রাম সবকিছুতে অগ্রণী ভূমিকা পালন করেছে। আপন-পর সবাইকে বুকে টেনে নিয়েছে। এ কারণে চট্টগ্রাম হয়ে উঠেছে মুক্তবুদ্ধির কেন্দ্র।’ সাংস্কৃতিক বিকাশ প্রসঙ্গে তিনি বলেন, ‘সংস্কৃতির বিচরণক্ষেত্র কোনো বদ্ধ জায়গায় না, সমগ্র জগতে।’উদ্বোধনী উৎসবে শহীদজায়া মুশতারী শফির সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিশিষ্ট ভাষাবিজ্ঞানী অধ্যাপক মনিরুজ্জামান, অধ্যাপক রীতা দত্ত, প্রফুল্ল রঞ্জন সিংহ, সৃজন কান্তি পাল। মূল প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক সমীর ভট্টচার্য্য। আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সভাপতি সঞ্জিত বণিক।তিন দিনব্যাপী উৎসবে কথাসাহিত্যিক অধ্যাপক শামসুল আলম সাঈদ ও কথাসাহিত্যিক অধ্যাপক হরিশংকর জলদাসকে অবসর সাহিত্য পুরস্কার দেওয়া হয়। উৎসবের প্রথম দিন লোকগবেষক সেলিম জাহাঙ্গীরকে ‘আবদুল করিম সাহিত্যবিশারদ’, শিল্পী দম্পতি ডা. চন্দন দাশ ও মালবিকা দাশকে ‘সংগীতজ্ঞ মোহন লাল দাশ’, নাট্যজন অলোক কুমার দত্তকে ‘সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. কামাল এ খান’ পদক দেওয়া হয়। এ ছাড়া উৎসবের দ্বিতীয় দিন বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন চৌধুরীকে ‘শহীদ নূতন চন্দ্র সিংহ স্মৃতিপদক’, সুরকার আবু তাহের চিশতিকে ‘শিল্পী প্রবাল চৌধুরী স্মৃতিপদক’, শিক্ষাবিদ দীপক জ্যোতি মুৎসুদ্দিকে ‘শিক্ষাবিদ নির্মল সেন স্মৃতিপদক’, সেতারশিল্পী মিহির কানুনগোকে ‘সংগীতাচার্য জগদানন্দ বড়ুয়া স্মৃতিপদক’ দেওয়া হয়।সমাপনী দিনে অধ্যাপক আবুল মনসুরকে ‘চিত্রশিল্পী অংশুমান হোর স্মৃতিপদক’, কণ্ঠশিল্পী মিলন মজুমদারকে ‘নাট্যজন সুচরিত চৌধুরী স্মৃতিপদক’ এবং চলচ্চিত্র অভিনেতা উৎপল কুমার বড়ুয়াকে ‘চলচ্চিত্রকার সত্য সাহা স্মৃতিপদক’ দেওয়া হয়।এ ছাড়া অবসর সম্মাননা দেওয়া হয় হাজী মো. সাহাব উদ্দিন এবং মৃদুল বড়ুয়া মাদলকে।উৎসবের প্রতিদিন সন্ধ্যায় চট্টগ্রামের আঞ্চলিক গান, মাইজভান্ডারী গানসহ বিভিন্ন ধরনের সংগীত পরিবেশন করেন শিল্পীরা।