চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (সিএমবিএ) উদ্যোগে অষ্টমবারের মতো আয়োজন করা হয়েছে ব্যান্ড উৎসব। ২০ জানুয়ারি ডিসি হিলে আয়োজিত এ উৎসবে অংশ নেয় ১৯টি ব্যান্ড। আসরে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কমিউনিকেশন লিমিটেডের পরিচালক শ্যামল পালিত।
বিশেষ অতিথি ছিলেন সংগীতশিল্পী নকীব খান, সুব্রত বড়ুয়া, আহমেদ নেওয়াজ, জেকব ডায়েস, মো. সাহাবুদ্দিন, তিতু বড়ুয়া, দেওয়ান মাকসুদ ও নিও মেন্ডেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিএমবিএর সভাপতি মোহাম্মদ আলী। কথামালার পর্ব শেষে শুরু হয় গান। একে একে গান পরিবেশন করে ব্যান্ড দলগুলো।
এর মধ্যে সন্ধ্যা সাড়ে ছয়টায় সবাইকে চমকে দিয়ে মঞ্চে ওঠে গান পরিবেশন করেন শিল্পী নকীব খান। শুরুতে তিনি গাইলেন সোলসের জনপ্রিয় গান ‘মন শুধু মন ছুঁয়েছে’। তাঁর গানের সঙ্গে গলা মেলান দর্শকেরাও। গানের ফাঁকে তিনি বলেন, চট্টগ্রামের ব্যান্ড দলগুলো অতীতের মতো ভবিষ্যতেও নেতৃত্ব দেবে সারা বাংলাদেশের ব্যান্ড জগতে। এরপর তিনি গাইলেন রেনেসাঁ ব্যান্ডের ‘ভালো লাগে জোছনা রাতে’ গানটি।
এদিকে আসরে প্রতিটি ব্যান্ড দল পরিবেশন করে দুটি করে নিজস্ব গান। পরিবেশনায় অংশ নেয় ব্যান্ড দল রানওয়ে, ব্লাজে, অফ টাচ, মিউজিক মাইন্ড, ফ্র্যান্টিসি, আর্তনাদ, তীরন্দাজ, স্টোন, এইচআরবি, অক্সিজেন, রিসেন্ট, স্যান্ডস, ষড়ঋতু, মেট্রিক্যাল, স্পার্ক, সাসটেইন, মিলেনিয়াম, নাটাই ও ওয়ার্নিং।