ডিসি হিলে ব্যান্ডের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসি হিলে রুপালি গিটারের সুরের জাদু—‘এক চোখে হাসন কাঁদে/ আরেক চোখে লালন...।’ ব্যান্ডদল ফেরারির সঙ্গে দর্শকেরাও মজে গেলেন হাসন-লালনে। সন্ধ্যার হিমেল হাওয়া যেন প্রাণ পেল গানের তালে তালে। এরপর ষড়ঋতু নিয়ে এল পাহাড়ি মেয়ের গল্প—মাইলসের জনপ্রিয় সেই গান ‘পাথুরে নদীর জলে/পাহাড়ি মেয়ে নামে...।’ দর্শকেরাও গলা মেলালেন। ততক্ষণে জমে গেছে কনসার্ট। ব্যান্ডের গানে উন্মাতাল তারুণ্য। বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে চিটাগাং মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (সিএমবিএ) গত শুক্রবার জমজমাট ব্যান্ড সংগীত আসরের আয়োজন করে ডিসি হিলে। বিকেলে সিএমবিএর সহসভাপতি সেলিম জাহানের সভাপতিত্বে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, সংগঠনের উপদেষ্টা আহমেদ নেওয়াজ, জ্যাকব ডায়েস ও সভাপতি সুব্রত বড়ুয়া।বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘যে সংগীত ভালোবাসে না, সে মাকে ভালোবাসে না, দেশকে ভালোবাসতে পারে না। তাই অপসংস্কৃতি বাদ দিয়ে আজকের তরুণকে এগিয়ে যেতে হবে।’সিএমবিএর সভাপতি ও সোলসের প্রতিষ্ঠাতা সদস্য সুব্রত বড়ুয়া বলেন, ‘চট্টগ্রাম ব্যান্ডের তীর্থ স্থান। দেশের নামি প্রায় সব ব্যান্ডের শুরু চট্টগ্রাম থেকেই। সিএমবিএ সবসময় চেষ্টা করছে এখান থেকেই শিল্পী তৈরিতে। নিয়মিত আয়োজন করছে উন্মুক্ত কনসার্ট। এর আগে মাদকের বিরুদ্ধে ও শীতার্তদের সাহায্যে তহবিল করতে কনসার্ট হয়েছে।’ আলোচনার পর কনসার্ট শুরু হয় ব্যান্ড দল রিসেন্টের পরিবেশনা দিয়ে। তাঁরা করেন নিজেদের তিনটি গান। ‘নেশা’, ‘তোমাকে ভেবে’ ও ‘সব অভিমান ভুলে’। ড্রিমজ নামের সঙ্গে কাজের মিল রেখে স্বপ্ন দেখায় দেশ গড়ায়। গেয়ে শোনান ‘আমার বাংলাদেশ’। ব্যান্ড দল তীরন্দাজও ঘুণে ধরা সমাজ পাল্টে দেওয়ার অঙ্গীকারে গায় ওয়ারফেইজের ‘হে সমাজ’। এ ছাড়াও মুগ্ধতার আবেশ ছড়িয়ে এরপর একে একে মঞ্চ মাতায় আসোয়াদ, আর্তনাদ, বিন্দু, লিনারস, মিলেনিয়াম, অসময়, প্রান্তর, স্পার্ক, সাইসটেইন, সোয়েভ, উইং ও এক্সপ্লোর। সব শেষে মঞ্চে আসে নেক্সাস। ঘড়ির কাঁটাও তখন ১০ টার ঘরে। দর্শকেরাও যাই যাই করছে। এ সময় জিকির তুলল নেক্সাস। পুরো ডিসি হিল যেন মেতে উঠল নগর বাউল জেমসের ‘ইয়া রব ইয়া রব’ বলে। জিকির শেষে নিয়ে যায় প্রিয়তমার কাছে। গেয়ে শোনান মাইলসের ‘চাঁদ তারা সূর্য নও তুমি/ নও পাহাড়ি ঝরনা...।’ ততক্ষণে ভাঙছে দর্শকের মেলা।