ডিসি হিলে ভালোবাসার আড্ডা
‘সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়!’ রবিঠাকুরের গানের এই কলি সবার কাছে সমান সত্য নয় অন্তত সফল প্রেমিকদের কাছে ভালোবাসা যাতনাময় তো নয়ই। ভালোবাসার এসব সুখ-দুঃখের কথা ভাগাভাগি করে নিতে প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভা ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের পড়ন্ত বিকেলে আয়োজন করে জমজমাট আড্ডার।পড়ন্ত বিকেলের জমজমাট ভালোবাসার আড্ডায় বন্ধুসভার সব বন্ধুরা হাজির হয়েছিলেন ভালোবাসার ডালি নিয়ে। নিজের জীবনের রোমান্টিক অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে কেউ হেসেছেন, আবার কেউ ঝরিয়েছেন অশ্রুজল।ভালোবাসার আড্ডাটা শুরু হয় চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দিন খোকন ও তাঁর পত্নী বন্ধুসভার বন্ধু রিমঝিম আহমেদের ভালোবাসার গল্পের মধ্য দিয়ে। এরপর ভালোবাসার গল্প বলেন বন্ধু সেলিনা শেলী, নুরুল আবরার, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ ওসমান হারুন রাসেল চৌধুরী, মোহাম্মদ রুবেল, নুসরাত জাহান, প্রিয়ন্তী পূজা, নজরুল ইসলাম, পুলক শীল প্রমুখ। শুধু প্রেমিক-প্রেমিকার ভালোবাসা নয়, বন্ধুদের কথায় উঠে আসে বন্ধু, বাবা-মা, ভাই-বোন ও দেশকে ভালোবাসার কথাও। এ ছাড়াও উঠে আসে ভালোবাসার উপকারিতা এবং অপকারিতার কথা। আড্ডার মাসে ছোট্ট বন্ধু তিতলির গান, কবিবন্ধু মহিউদ্দীন মাহির কবিতা সবাইকে অভিভূত করে। সবশেষে আড্ডারত সব বন্ধুর ভালোবাসার গানে মুখরিত হয় আড্ডাস্থল ডিসি হিল প্রাঙ্গণ।