মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সর্বোত্তম অহংকার, অর্জন সমস্ত বাঙালির। বাঙালির এ গৌরবের অর্জনকে পঙ্গু করে দেওয়ার জন্য ঘরের শত্রু আর বাইরের শত্রু হাত মিলিয়েছে মুক্তিযুদ্ধের সময় থেকেই। সচেতনভাবে এ দেশের গৌরবজনক মুক্তিযুদ্ধ সম্পর্কে দেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলেছে এবং চলছে সুকৌশলে।তাই এ সময়ে বেশি প্রয়োজন সত্য উচ্চারণ। ‘স্মৃতি ৭১’ শীর্ষক মুক্তিযুদ্ধের বইমেলা সেই সত্য উচ্চারণের জন্য নির্মিত মঞ্চ। ৬ ডিসেম্বর নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বইমেলার বক্তারা এ কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক সংগঠন ‘আমরা করবো জয়’-এর ব্যবস্থাপনা পরিচালক শওকত বাঙালি।এ সময় উপস্থিত ছিলেন কবি আবু তাহের মুহাম্মদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাবুদ্দিন, সাবেক সাংসদ মাজহারুল হক শাহ চৌধুরী, আওয়ামী লীগের নেতা দীপংকর চৌধুরী, সাংবাদিক চৌধুরী ফরিদ ও তপন চক্রবর্তী প্রমুখ।সাংবাদিক সম্মেলনে বক্তারা আরও বলেন, মেলা চলবে ১০ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত। এবারের মেলা আটজন শ্রেষ্ঠ বাঙালিকে উৎসর্গ করা হয়েছে।এবারের মেলায় মহান মুক্তিযুদ্ধের ১৬ জন সংগঠক, মুক্তিযোদ্ধা ও বরেণ্য রাজনীতিবিদকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।বইমেলায় বই বিকিকিনি ছাড়াও প্রতিদিন আলোচনা সভা, স্মৃতিচারণামূলক অনুষ্ঠান, চলচ্চিত্র, ও নাটক প্রদর্শিত হবে।