ডিসি হিলে শৃঙ্খল ভাঙার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ মে ডিসি হিল প্রাঙ্গণে গণসংগীত, কথামালা, একক ও বৃন্দ আবৃত্তির মধ্যদিয়ে আন্তর্জাতিক শ্রম দিবস পালন করেছে মে দিবস উদ্যাপন পরিষদ। অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে ওঠে গণসংগীত। উদীচী শিল্পীগোষ্ঠী তাদের পরিবেশনার মাধ্যমে জানিয়ে দেয় মজুরির দাসত্ব থেকে শ্রমিকসমাজ মুক্ত হতে আজ সোচ্চার।অনুষ্ঠানে আলোচক ছিলেন দৈনিক প্রথম আলোর আবাসিক সম্পাদক কবি আবুল মোমেন। তিনি বলেন, ‘এ দেশের অর্থনীতিকে সচল রেখেছেন শ্রমজীবীরা। তাঁদের পরিশ্রমের উচিত মূল্য দিতে হবে। কারণ, বিশ্ব অর্থনৈতিক মন্দা পরিস্থিতি সত্ত্বেও তিনটি সেক্টরে তাঁদের অবদানে দেশে জিডিপি প্রবৃদ্ধি বেড়েছে। এ দেশে বাস করে আমেরিকার গান গেয়ে এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা যাবে না। এজন্য ইনফরমাল সেক্টরের সাথে যুক্ত কোনো শ্রমিককে অমর্যাদা করা যাবে না। এ ছাড়া মে দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য দেন চট্টগ্রাম থিয়েটারের দীপক চৌধুরী।এরপর দুনিয়াজুড়ে সংগ্রামরত মজুরের কণ্ঠের বেদনার্ত কথার বন্দনায় ভারী হয়ে ওঠে বোধন আবৃত্তি পরিষদের প্রযোজনা ‘সেই সব স্বপ্ন’ এবং প্রমা আবৃত্তি সংগঠনের আওয়াজ তুলেছে পয়লা মের পরিবেশনায়। আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী ও রাশেদ হাসানের বলিষ্ঠ কণ্ঠস্বরে শ্রমিকশ্রেণীর ন্যায্য দাবির কথা উঠে আসে। শেষ পরিবেশনা ছিল মেহনতি শ্রমিকের প্রতি নির্যাতন, নিপীড়ন শোষণ-বঞ্চনার নির্মমতানির্ভর নাটক কাজের দিন। মঞ্চায়ন করেন চট্টগ্রাম থিয়েটারের কলাকুশলীরা। উপস্থাপনায় ছিলেন জাভেদ হোসেন ও শর্মিষ্ঠা।