ডিসি হিলেতারার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রংধনু ভালো লাগে/ নীল আকাশ ভালো লাগে/ ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ/ বন্ধু তোমায় মনে পড়ে’, নিশীতার এই গান যখন দর্শককে মনে করিয়ে দিচ্ছিল বন্ধুর কথা, এর রেশ না কাটতেই চৈতি হাজির ‘সাম্পানওয়ালা’ নিয়ে। সুরের সাম্পানে চড়ে দর্শক যখন ভেসে যাচ্ছিলেন, তখন দিলরুবা ‘দুই ভুবনের দুই বাসিন্দা’ শুনিয়ে মুগ্ধতার অন্য রকম এক মায়াজাল তৈরি করেন। একের পর এক পছন্দের শিল্পীর পরিবেশনায় দর্শকের নড়েচড়ে বসার সুযোগটাও ছিল না। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত ডিসি হিলের নজরুল মঞ্চে তারকা শিল্পীদের মেলা বসেছিল। চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ১২ বছর পূর্তি ও নতুন কমিটির অভিষেক উপলক্ষে এমন জমজমাট আসরের আয়োজন করা হয়। সংস্থার পক্ষ থেকে সংগীতে অবদান রাখার জন্য এবার শিল্পী নকীব খান, রবি চৌধুরী, তবলাবাদক ওস্তাদ কিরণময় চৌধুরী এবং বেহালাবাদক ও বাদ্যযন্ত্র নির্মাতা গণেশচন্দ্র ধরকে (মরণোত্তর) সম্মাননা জানানো হয়। এ ছাড়া যন্ত্রশিল্পী সংস্থার সদস্য সদ্য প্রয়াত নির্মল বড়ুয়ার শিশুপুত্রের হাতে ৩০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। অশোক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। বিশেষ অতিথি রাউজান উপজেলার চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী। প্রধান অতিথি বলেন, ‘সংগীত পূর্ণতা পায় না যন্ত্রসংগীত ছাড়া। আমরা যন্ত্রসংগীতশিল্পীদের সম্মান জানাতে পারি না। তবে এবার এই সংগঠন জানাল। তাঁদের এই প্রয়াসকে আমি স্বাগত জানাই।’ বিকেল থেকে নাচগানে মাতিয়ে রেখেছিলেন চট্টগ্রামের প্রখ্যাত শিল্পীরা। সঞ্জিত আচার্য ও কল্যাণী ঘোষের দ্বৈত সংগীত ‘তরকারিওয়ালা’ মিষ্টি মধুর ঝগড়ার স্বাদ দিয়েছে দর্শকদের। কল্পনা লালা গাইলেন, ‘ও পরানের তালতো ভাই।’ অনুষ্ঠানের মাঝামাঝি মঞ্চে নাচ নিয়ে এলেন শিল্পীরা। ‘ধিম তানানা’ গানের সঙ্গে সঞ্চারী নৃত্যকলা একাডেমি, ‘হূদয়ে আমার বাংলাদেশ’ গানে মায়াবী ড্যান্স ‘আমার দেশের মাটির গন্ধে’ গানের সঙ্গে প্রাপণ একাডেমি ও ‘বছর ঘুরে এলোরে আবার বৈশাখ’ গানের সঙ্গে নাচ পরিবেশন করেন ওরিয়েন্টাল ডান্সের নৃত্যশিল্পীরা। এরপর আবদুল মান্নান রানা গেয়ে শোনান, ‘চিঠি এল জেলখানাতে...’। এটিএন তারকা একা গেয়ে শোনান ‘মায়া লাগাইছে...’। সদ্য প্রয়াত শিল্পী গীতিকার ও সুরকার এম এন আখতারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্লোজআপ তারকা রন্টি, সাব্বির, রাশেদ সমবেত কণ্ঠে গেয়ে শোনান ‘কইলজার ভিতর বাঁধি রাইখ্যম তোঁয়ারে।’ শেষ হয় রাশেদের ‘মা’ গানটি দিয়ে। অনুষ্ঠানের আহ্বায়ক লিটন মিত্র যখন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন, তখন ঘড়ির কাঁটা ১০টা ছুঁয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রবীর পাল ও দিলরুবা খানম।