আগামী ডিসেম্বরের মধ্যে স্যাটেলাইটে ছয় ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচার শুরু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র। এ লক্ষ্য বাস্তবায়ন করতে গত ২৮ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে চার ঘণ্টার সম্প্রচার চলছে। টেলিভিশন কর্তৃপক্ষ বলছে, দুই বছর আগেই শেষ হয়েছে ছয় ঘণ্টার সম্প্রচারের জন্য প্রয়োজনীয় আধুনিকায়নের কাজ। ঢেলে সাজানো হয়েছে অনুষ্ঠান সূচিও। এখন শুধু প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা।
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয় ঘণ্টার সম্প্রচারে সংবাদ, নাটক ও বিনোদনমূলক নানা অনুষ্ঠান প্রচারের পাশাপাশি চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট, তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হবে। এ কারণে এটি এই অঞ্চলের প্রতিনিধিত্বশীল টেলিভিশন চ্যানেল হয়ে উঠবে।
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক মনোজ সেনগুপ্ত বলেন, ছয় ঘণ্টার সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশনের এই কেন্দ্র প্রযুক্তিগতভাবে পুরোপুরি সক্ষম। বর্তমানে অনুষ্ঠান সম্প্রচারের জন্য আটটি ও সংবাদ প্রচারের জন্য দুটিসহ মোট ১০টি ক্যামেরা রয়েছে। এসব ক্যামেরার সবই ডিজিটাল। এ ছাড়া নাটক ও সংবাদ ধারণের (রেকর্ডিং) জন্য পৃথক দুটি এবং বহিরাঙ্গনের জন্য একটি স্টুডিও রয়েছে এই কেন্দ্রে। কেন্দ্রের দেড় শতাধিক তালিকাভুক্ত শিল্পীও তৈরি। এ ছাড়া নতুন করে শিল্পী নেওয়ার জন্য অডিশন চালু হচ্ছে শিগগিরই।
চট্টগ্রামের ফয়’স লেক এলাকায় অবস্থিত এই কেন্দ্রটি যাত্রা শুরু করে ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর। ২০ বছর ধরে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দুই ঘণ্টার টেরিস্ট্রিয়াল সম্প্রচার চালু ছিল এই টেলিভিশন কেন্দ্রে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ছিল এই কেন্দ্রকে একটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্রে পরিণত করার। কেন্দ্রের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে দায়িত্ব নেওয়ার পর মাস ছয়েকের মধ্যে এই কেন্দ্রের উদ্বোধন করেছিলেন। তখন তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, চট্টগ্রাম কেন্দ্রকে একটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্রে পরিণত করা হবে। দ্বিতীয় দফায় সরকারের দায়িত্ব নেওয়ার পর ২০১০ সালের ৮ সেপ্টেম্বর তৃতীয় কর্ণফুলী সেতু উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সেই প্রতিশ্রুতির আলোকে ওই বছরের ১ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠকে এ জন্য ৩৮ কোটি টাকা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
জানতে চাইলে মহাব্যবস্থাপক মনোজ সেনগুপ্ত প্রথম আলোকে জানান, ছয় ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচারের জন্য সব প্রস্তুতি চূড়ান্ত। প্রধানমন্ত্রীর সম্মতির জন্য শুধু অপেক্ষা চলছে। তিনি উদ্বোধন করলেই ছয় ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচার শুরু হবে। উদ্বোধনের দিনক্ষণ ঠিক করার জন্য তথ্য মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করা হচ্ছে। চলতি বছরের মধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে আশা করা যায়।
চার ঘণ্টার সম্প্রচারে বর্তমানে প্রচারিত হচ্ছে সংবাদ, নাটক, বিনোদন, সংগীত, বিজ্ঞান, মুক্তিযুদ্ধ, কৃষি ও ক্যাম্পাসবিষয়ক অনুষ্ঠান। বহিরাঙ্গনেও অনেক অনুষ্ঠান ধারণ করা হয়েছে।
বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর রশিদ বলেন, ‘আমরা আশা করছি বিজয়ের মাস ডিসেম্বরে প্রধানমন্ত্রী ছয় ঘণ্টার সম্প্রচার উদ্বোধন করবেন। এ জন্য নতুন ক্যামেরা, যন্ত্রপাতি ক্রয়সহ আধুনিকায়নের কাজ দুই বছর আগেই শেষ হয়েছে।’
ছয় ঘণ্টার সম্প্রচারে প্রচারিত অনুষ্ঠানের মান কেমন হবে, জানতে চাইলে মনোজ সেনগুপ্ত বলেন, ‘দেড় ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচারের জন্য দেড় শতাধিক তালিকাভুক্ত শিল্পী ও কলাকুশলী চট্টগ্রাম টিভি কেন্দ্রের রয়েছেন। এ জন্য আমরা অডিশন নেওয়া আবার শুরু করব। এতে আরও অনেক শিল্পী খুঁজে পাওয়া যাবে। এর ফলে আমরা ভালো মানের অনুষ্ঠান শ্রোতাদের উপহার দিতে পারব।’
টেলিভিশনের চার ঘণ্টার পরীক্ষামূলক সম্প্রচারের মান নিয়ে সন্তুষ্ট অনেক শিল্পী। তাঁদের আশা, ছয় ঘণ্টার সম্প্রচারে আরও অনেক বৈচিত্র্য থাকবে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজিত রায় প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ টিভির চট্টগ্রাম কেন্দ্র চার ঘণ্টার সম্প্রচারে যাওয়ার পর আমি সব অনুষ্ঠান উপভোগ করছি। আগের চেয়ে অনেক উন্নত অনুষ্ঠান উপহার দিচ্ছে চট্টগ্রাম কেন্দ্র।’
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের তালিকাভুক্ত সংগীতশিল্পী সুবর্ণা রহমান বলেন, ‘আগে তো চট্টগ্রাম টিভির অনুষ্ঠান চট্টগ্রামের লোকজন ছাড়া বাইরের কেউ দেখার সুযোগ পেতেন না। এখন স্যাটেলাইটে অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে। সারা বিশ্বের বাঙালিরা অনুষ্ঠান উপভোগ করবে। তাই অনুষ্ঠানের মান আরও উন্নত করতে হবে। এ ক্ষেত্রে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। মানসম্মত অনুষ্ঠান করার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’