ডিসেম্বরে হবে ঐতিহ্যের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্ট কাউন্সিল ঢাকার উদ্যোগে আগামী ডিসেম্বর মাসের ৯, ১০ ও ১১ তারিখে আয়োজন করা হচ্ছে প্রদর্শনীর। ‘এ স্টোরি অব লিগ্যাসি’ শীর্ষক এ প্রদর্শনীতে তুলে ধরা হবে পাল যুগের ভাস্কর্য, চিত্র ও মৃৎশিল্পের নতুন শিল্পকর্ম। এ উপলক্ষে ২৩ অক্টোবর আয়োজন করা হয় প্রদর্শনী প্রস্তুতিমূলক সেমিনারের। এতে পাল আমলের ভাস্কর্য ও তাদের জীবনপ্রবাহ নিয়ে আলোচনা করা হয়। তুলে ধরা হয় সে সময়কার ঐতিহ্যবাহী সংস্কৃতি। আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক এনামুল হক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরকিওলজি বিভাগের অধ্যাপক এ কে এম শাহনেওয়াজ। ‘প্রদর্শনী উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়েছে। যে ২৫ জন শিল্পী আমাদের সঙ্গে প্রদর্শনীতে কাজ করবে, তাদের অনুপ্রাণিত করাই আমাদের এ সেমিনারের উদ্দেশ্য। পাল যুগ ছিল বাংলার সত্যিকারের সোনালি যুগ। ৪০০ বছরের বিভিন্ন শিল্পভিত্তিক কাজ তুলে ধরা হয়েছে আজ। পাল যুগের ভাস্কর্য, চিত্র ও মৃৎশিল্প দেখে তাদের নিজস্ব চিন্তা থেকে যেন নতুন কিছু তৈরি করে দেখাতে পারে।’ জানান আর্ট কাউন্সিল ঢাকার ট্রাস্টি মাহিন খান। অধ্যাপক এনামুল হক বলেন, ‘বাংলাদেশের প্রাচীন এবং মধ্যযুগের বিষয়ে এখন সেভাবে আর পড়াশোনা হয় না। বিষয়টির প্রতি অবহেলা করা হচ্ছে। আমার উদ্যোগে প্রতিষ্ঠিত বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রে এ বিষয়টির ওপর ভিত্তি করে গবেষণা করা হয়। বাংলার বহুমাত্রিক শিল্পের চর্চা হওয়া দরকার। এ ধরনের প্রদর্শনী থেকে অন্যরাও উৎসাহিত হবে বলে আশা করছি।’ অধ্যাপক এ কে এম শাহনেওয়াজ বলেন, ‘ইতিহাসের ধারাবাহিকতা জেনে সে বিষয়ে কাজ করাটা আমার কাছে অনেক ইতিবাচক বলে মনে হয়েছে।’