ডিয়ানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হার্টসভিল, ৩৪৩ নম্বর ফরেস্ট রোডের গিলগ্রিনি হেয়ার ড্রেসিংয়ে চুল কাটাতে এসেছি। মাস চারেক হলো এখানেই চুল কাটাই। এদের ব্যবস্থা ভালো। প্রথমে শ্যাম্পু দিয়ে মাথা ধোয়, তারপর কয়েকটি পত্রিকা সামনে দিয়ে জিজ্ঞেস করে, ‘কী দেব, চা, না কফি?’ অতঃপর চুল কাটা। যথারীতি ডিয়ানি এসে বলল, ‘আমার সঙ্গে আসো।’ তাকে অনুসরণ করলাম। এই মেয়ের রূপ শুধু চোখে পড়ার মতোই না, মনে ধরার মতোও। এক দেখাতেই মন গলে যায়। তুলির মতো আঙুলের কোমল স্পর্শে চুলে শ্যাম্পু করছে। আমি কোথায় যেন হারিয়ে যাচ্ছি। হাসিমুখে জানতে চাইল, ‘তুমি আজ কেমন আছ? কেমন লাগছে?’ একটু হেসে উত্তর দিলাম, ‘ভালো। ধন্যবাদ।’ডিয়ানির বন্ধুত্বপূর্ণ কথোপকথনও ভালো লাগে। মেয়েটি শুধু রূপবতীই নয়, মানুষ হিসেবেও ভালো। কী কৌতূহল! কোন দেশ থেকে এসেছি, কত দিন ধরে, খারাপ লাগে কি না, পড়াশোনা শেষে ফিরে যাব কি না, মা-বাবা বেঁচে আছেন কি না—কত কথা জানতে চায়! কিন্তু কখনোই তার সম্পর্কে কিছু জানা হয়নি। আজ জানতে চাইলাম। ডিয়ানি দীর্ঘশ্বাস নিয়ে এমন একটা ভঙ্গি করল, যার অর্থ ‘তোমাকে বলে কী হবে?’ তার পরই বলল, ‘আমার জীবনটা অন্য রকম।’‘কেমন?’মলিন মুখে বলল, ‘সে অনেক কথা। সব কথা কি বলা যায়? আর...তুমি আমার কে?’‘তা ঠিক...কিন্তু আমি তোমার বন্ধু হতে পারি।’‘ছেলেদের বন্ধুত্ব আমার জানা আছে।’‘তা জানতে পারো; কিন্তু আমার বন্ধুত্ব তোমার জানা নেই।’ডিয়ানি কিছুক্ষণ চুপ থেকে উদাস গলায় বলা শুরু করল, ‘গায়ে পেট্রল ঢেলে মাকে আত্মহত্যা করতে দেখেছি। তখন বুঝিনি মানুষ কেন আত্মাহুতি দেয়।’‘কী হয়েছিল?’ বলেই নড়েচড়ে বসলাম।‘মায়ের জন্মের কিছুদিন আগে নানা-নানির বিচ্ছেদ হয়ে যায়। বেশ অল্প বয়সেই নানি একা হয়ে গিয়েছিলেন। একসময় মা সংসারজীবন শুরু করলে তিনি আরও একা হয়ে যান। মা দ্বিতীয়বার গর্ভবতী হলে নানিকে আমাদের বাসায় নিয়ে আসা হলো। কিন্তু বাবা পরকীয়ায় জড়িয়ে পড়লেন। মা আর সহ্য করতে পারেননি।’‘তারপর?’‘তারপর আর কী...। সবাইকে ভীষণ অচেনা লাগত। বাবার কাছে থাকিনি। দাদির কাছে বড় হয়েছি। স্কুলজীবনে সহপাঠী, বন্ধুরাই ছিল সব। একজনকে ভালো লাগত। খুব। স্কুল থেকে একসঙ্গে শিক্ষাসফরে গিয়েছিলাম। ভালোই শিক্ষা হয়েছে। আমার সেই স্বপ্নের বালকসহ আরও দুই সহপাঠী-বন্ধুর পাশবিকতার শিকার হলাম। গোপনে আমাকে ভিডিও করল। ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখাল। ভেবেছিলাম, যা গেছে তো গেছেই, সব ভুলে যাব। কিন্তু ভুলতে দিল কই? কদিন পরপরই আবদার। ‘না’ বলতে সাহস পাইনি। শেষ পর্যন্ত এক আঙ্কেলের পরামর্শে পুলিশকে জানালাম। ওই দিনই দুটোকে ধরে ফেলল, কিন্তু সবচেয়ে বদটাকেই ধরতে পারল না। সপ্তাহ খানেক পর ইন্টারনেটে ভিডিও আপলোডের খবর পেয়ে সম্পূর্ণ ভেঙে পড়লাম। ইউটিউব, গুগলকে জানালাম। কাজ হলো। পুলিশের সহায়তায় অন্য ওয়েবসাইটগুলো থেকেও ভিডিওটি মুছে ফেললাম। কিন্তু সেই বদ ছেলেটা প্রায়ই ফোন করে ভয় দেখাত। কী দুঃস্বপ্নের মধ্যে পড়ে গিয়েছিলাম! আঙ্কেলকে বলতাম, কিন্তু সেখানেও সমস্যা। কিছুদিন পর তিনিও ঘন ঘন ডিনারের প্রস্তাব দেওয়া শুরু করলেন।’‘তারপর?’‘তারপর একদিন কাউকে কিছু না বলে পার্থ থেকে সিডনি চলে এসেছি। পার্টটাইম কাজ করে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছি।’‘আচ্ছা! তুমি তো সহজেই অফিশিয়াল চাকরি পেতে পারো।’‘হু। এ পর্যন্ত অনেক ধরনের চাকরি করেছি। কিন্তু কোনোটাই বেশিদিন করতে পারিনি। সহকর্মী, কর্মকর্তাদের কাছ থেকে ভালো অভিজ্ঞতা পাইনি। চোখেমুখে কেমন জানি একটা মতলব! আচ্ছা, তুমি বলতে পারো, পৃথিবীতে মাথানষ্ট পুরুষের সংখ্যা কত?’ আমি কোনো কথা বলতে পারলাম না। হতাশায় ডুবে যাওয়া কণ্ঠে ডিয়ানি বলল, ‘মাস ছয়েক হলো এখানে মাথা ধোয়ার কাজ নিয়েছি। এটাও ভালো লাগছে না। প্রতিদিন ৪০-৫০টি মাথা ধুই। কিন্তু মাথার ওপরটা ধুয়ে কী হবে, বলো? ভেতরটা যদি ধুয়ে ফেলতে পারতাম! পাপগুলো তো মানুষের মাথার ভেতরেই থাকে...।’শাখাওয়াৎ নয়নঅস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে পিএইচডিরত। [email protected]