ডুব
আজ থেকে প্রায় সাড়ে পাঁচ বছর আগের কথা। তখন আমি ক্লাস সিক্সে পড়ি। স্কুল ছুটি। মায়ের সঙ্গে বেড়াতে গেলাম নানুবাড়িতে। সেখানে বেশ ভালোই দিন কাটাচ্ছিলাম। একদিন মামার বাড়ির পুকুর পরিষ্কার করার জন্য পুকুরের সব পানি সেঁচে ফেলল। পুকুরে ছোট-বড় অনেক মাছ ছিল। মাছ ধরার জন্য ছোট ছেলেমেয়েরা নেমেছে। তাদের মাছ ধরার আনন্দ দেখে মায়ের অনুমতি নিয়ে আমিও কাদা-পানিতে নামলাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমি একটি মাছও ধরতে পারিনি। যা হোক, গায়ের কাদা পরিষ্কার করার জন্য পাশের আরেকটি পুকুরে সবাই নামলাম। গোসল শেষে একে একে সবাই চলে গেল। পানিতে শুধু আমি, আমার মামাতো ভাই আর একটি ছয়-সাত বছরের মেয়ে। কিছুক্ষণ পর আমি আর আমার ভাই বাসায় চলে যাই। বাসায় গিয়ে ভালোভাবে পরিষ্কার হয়ে বিশ্রাম নিয়ে খেলতে লাগলাম। কিছুক্ষণ পর একজন অর্ধবয়স্ক নারী এসে আমাদের বললেন, ‘তোমরা আশাকে দেখেছ?’ সজীব, মানে আমার মামাতো ভাই বলল, ‘না।’ ওর উত্তর শুনে তিনি চলে গেলেন। আমি সজীবকে বললাম, ‘আশা কে রে।’ উত্তরে ও বলল, ‘যে মেয়েটি তখন আমাদের সঙ্গে পুকুরে গোসল করল। ওর নামই আশা। যা হোক, আমরা আবার খেলতে লাগলাম।ক্রমে সন্ধ্যা হয়ে এল। সবাই বলাবলি করছে, আশাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি কোনো আত্মীয়ের বাসাতেও সে নেই। আমি আর সজীব সবাইকে বললাম, ও আমাদের সঙ্গে পুকুরে গোসল করেছিল। আমাদের কথা শুনে অনেকেই জাল নিয়ে পুকুরে আশাকে খুঁজতে লাগল। কিন্তু না। আশার খোঁজ মিলল না। কিন্তু সে গেল কোথায়? প্রতিবেশী এক ভাই পুকুরে আশাকে খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গিয়ে পুকুরে হাঁটুপানিতে দাঁড়িয়ে ছিল। সে যখনই এক পা সামনে বাড়াল, তার পায়ে কী যেন একটি ঠেকল।সঙ্গে সঙ্গে সে তুলে দেখল যে সে আর কেউ নয়, সে-ই আশা।আমি হতভম্ব হয়ে গেলাম। কী করব ভেবেই পাচ্ছি না। চোখ দিয়ে অঝোরে পানি নামছে। নিজেকে বড় অপরাধী বলে মনে হচ্ছিল। কারণ আমরা যদি দুপুরেই সবাইকে বলতাম যে আশা আমাদের সঙ্গে পুকুরে গোসল করেছিল, তাহলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো।আফরিন আরারংপুর সরকারি কলেজ।