ডুবসাঁতারে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বন্ধুদের সাহায্য পেয়ে তিতো বেজায় খুশি। এরই মধ্যে তিনি ডুবুরির পোশাক পরে নিয়েছেন। তারপর নৌকা থেকে সাগরে নেমে পড়লেন। জায়গাটা মেক্সিকোর কাবো পুলমো উপকূলের কাছেই। তিতো বললেন, পানির নিচে থাকতে তাঁর বেশি ভালো লাগে।
সি অব কোর্তেসের উপসাগরে সাঁতার, নৌচালনা, মাছ শিকার আর সার্ফিং করেই বড় হয়েছেন তিনি। সমুদ্রকে কখনো আলাদা ভাবতে পারেননি। কিন্তু বছর পাঁচেক আগে এক মোটরগাড়ি দুর্ঘটনা সবকিছু বদলে দেয়। শয্যাশায়ী তিতোকে সমুদ্রস্মৃতি বড় কাতর করে। ইচ্ছা করে, আবার আগের মতো সাগরে দাপিয়ে বেড়াবেন। কিন্তু সেটা কীভাবে সম্ভব?
২৪ বছর বয়সী তিতোর পুরো নাম রবার্তো আলেহান্দ্রো রামিরেস রিভাস। মেক্সিকোর বাহা কালিফোর্নিয়া সুরের রাজধানী লা পাসের বাসিন্দা তিনি। ২০১১ সালের নভেম্বরে এক অনুষ্ঠানে গিয়েছিলেন। রাতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ডের বেশ কয়েকটি অংশ চুরমার হয়ে যায়। সেই থেকে তিনি পক্ষাঘাতগ্রস্ত।
প্রথম দিকে ঘাড়ের নিচ থেকে শরীরের বাকি অংশ একেবারেই অসাড় ছিল। চিকিৎসায় ধীরে ধীরে কিছুটা উন্নতি হতে থাকে। প্রতিদিনের চেষ্টায় দুই হাতের শক্তি ফিরে পেতে থাকেন। বাইরের খেলাধুলাপ্রিয় মানুষটি চলতে-ফিরতে এখন অন্যের সাহায্যের ওপর নির্ভরশীল। কিন্তু পানিতে নামার পর তাঁর দুটো হাতই যথেষ্ট, আর কাউকে লাগে না। ২০১৬ সালের জানুয়ারিতে আর্জেন্টিনাভিত্তিক ডুবুরি সংগঠন বুসেও সিন বারেরাস তিতোকে বিনা খরচে একটি ডুবুরি প্রশিক্ষণ সহায়তা কোর্সে আমন্ত্রণ জানায়। বেশ কয়েকটি ক্লাস এবং পরে সাগরে নেমে ব্যবহারিক প্রশিক্ষণ নেওয়ার পর তিতো পেশাদার সনদ অর্জন করেন। তারপর সাগরের বিস্ময়কর জগতে আবার সাঁতরে বেড়ানোর জীবন ফিরে পান। অক্সিজেন বা জলফুসফুস সঙ্গে নিয়ে যখন সাগরতলে যান, নিজেকে অন্য রকম মনে হয়। এই অনুভূতিই তাঁর বেঁচে থাকার সহায়। মহাসমুদ্রের প্রতি তাঁর ভালোবাসাও বাড়তে থাকে অবিরত।