ডুমুরিয়ার কার্তিক মল্লিক অথবা এক ভাগ্যহত পিতার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কি কারণে জানি সাংবাদিকদের ওপর খুব অভিমান করে আছেন খুলনার ডুমুরিয়ার কার্তিক মল্লিক। আমাদের ডুমুরিয়া প্রতিনিধি আব্দুল্লাহ একাধিকবার ফোন করেছেন। কিন্তু কার্তিকের ওই এক গোঁ—সাংবাদিকদের সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই তাঁর। এই অভিমান বড়সড় তারকাদের কদাচিৎ হয় বলে শুনেছি, কিন্তু ডুমুরিয়ার সাড়াতলা গ্রামের এক পাটকল-শ্রমিকের এমন অভিমান? তাজ্জব তো লাগেই। তার পরও খানিক আশাবাদী হয়ে উঠি যখন জানতে পারি, তথ্যযোগাযোগ প্রযুক্তি বিপ্লবের এই সময়ে মুঠোফোন পৌঁছে গেছে কার্তিক মল্লিকদের হাতেও। ফোন করি। একবার...দুইবার...ওপাশ থেকে যান্ত্রিক কণ্ঠ শুধু বারবার দুঃখ প্রকাশ করতে থাকে। চতুর্থ দফায় কাঙ্ক্ষিত ব্যক্তির খোঁজ মেলে। ‘কে?’ ওপাশের মানুষটার কণ্ঠে শঙ্কা। ‘ঢাকা থেকে বলছিলাম। পত্রিকায় তৃষ্ণা-কৃষ্ণার ছবি দেখলাম। আপনার মেয়ে দুটো দেখতে এত মিষ্টি হয়েছে...মেলবোর্নে আমাদের চেনা একজন যাচ্ছে ওদের একবার দেখে আসতে...ওদের মায়ের সঙ্গেও কথা বলবে।’ হড়বড় করে অনেক কথা বলতে হয়। এবং ভাগ্যই বলতে হবে, এতটুকু বলতে না-বলতেই কার্তিকের সব অভিমান বুঝি জলের মতো ভেসে যায়। ভয়ের উল্টো তাঁর কণ্ঠে কৌতূহল ঝরে, ‘ভাই, উনি কি আমার মেয়ে দুইটারে সত্যিই দেখতে পারবে?’ ‘দেখা করতে পারবে, যদি হাসপাতাল কর্তৃপক্ষ অনুমতি দেয়। আপনার মেয়েরা তো এখন বড় তারকা। ওদের সঙ্গে দেখা করার আগে রীতিমতো দরখাস্ত লিখতে হয়। দেশ-বিদেশের সাংবাদিকেরা সব হুমড়ি খেয়ে পড়েছে ওদের একবার দেখার জন্য...ওদের সাক্ষাৎ পাওয়া তো সহজ কথা নয়!’ শুনে কার্তিক মল্লিকের কণ্ঠে কি একটু গর্বের ছোঁয়া লাগল? ‘ভাই, এই সব শুনতে তো ভালোই লাগে। কিন্তু মেয়েদের একবার দেখতে পালি ভালো লাগত।’ মনের খুশি লুকানোর ব্যর্থ চেষ্টা করতে করতে বলেন কার্তিক। জন্মের প্রায় মাসখানেক পর, মেয়েরা তার কাছ থেকে চলে গেছে দূরে। এরপর আর মেয়েদের বুকে টেনে নেওয়ার সৌভাগ্য হয়নি কার্তিকের। টেলিভিশনে কতবার দেখানো হয়েছে তাঁর মেয়েদের! কিন্তু কার্তিকের পোড়া কপাল। যখনই মেয়েদের টিভিতে দেখায় তখনই তিনি থাকেন পাটকলে। কাজে ব্যস্ত। এই করে করে মেয়ে দুটোর চেহারাই যে ভুলতে বসেছেন তিনি!তবে দেখা যে একেবারে হয় না তাও নয়। স্বপ্নে ওদের দেখা মেলে ঠিকই। ঘুমের ঘোরে শুনতে পান, মেয়ে দুটো তাঁর আশপাশে গুট গুট করে হেঁটে বেড়াচ্ছে। খিলখিল করে হাসছে। তাঁর বুকে এসে ঝাঁপিয়ে পড়ছে। ...স্বপ্নটা ভেঙে গেলে অবশ্য মন খারাপ হয় খুব। সপ্তাহখানেক আগে স্ত্রী লাভলীর সঙ্গে ফোনে কথা হয়েছে। কার্তিক জানেন, মেয়ে দুটো ভালো আছে। ব্যস, শুধু এটুকুই। কার্তিক ক্রিকেট খেলা দেখেন। সে কারণেই জানেন অস্ট্রেলিয়া দেশটার নাম। আর জানেন অস্ট্রেলিয়া মানেই সাত সমুদ্র তেরো নদীর ওপারের এক দেশ। ‘মেয়েরা যখন অস্ট্রেলিয়া গেল, ভয় লাগেনি?‘কেন, ভয় লাগবে কেন? ভালোর জন্যই তো গেছে।’ কার্তিকের ত্বরিৎ জবাব। ‘মেয়েরা বড় হয়ে কী হবে?’এই প্রশ্নের উত্তরটাও তৈরি ছিল কার্তিকের। ‘ডাক্তার বানাব, ডাক্তার।’‘দুজনকেই?’‘হ্যাঁ। দুই বোনই ডাক্তার হবে।’ বলতে বলতে কার্তিক হাসেন। গর্বিত পিতার হাসি। তারপর ফোন রাখার আগে ডুমুরিয়ার কার্তিক মল্লিক কঠিন একটা প্রশ্ন করেন, ‘ভাই, আমি কি কোনো দিন যাতি পারব অস্ট্রেলিয়ায়?’কার্তিকের কণ্ঠ ভেঙে আসে। ওপাশের মানুষটির চোখ জলে ছলছল। এপাশ থেকে বুঝে নিতে একটুও অসুবিধা হয় না। তৃষ্ণা-কৃষ্ণার খুব শিগগির দেশে ফেরার সম্ভাবনা নেই। কারা যেন কার্তিক মল্লিককে এসে মিছেমিছি ভয় দেখিয়ে গেছে, সাংবাদিকদের সঙ্গে কথা বললে অস্ট্রেলিয়া যাওয়া ভণ্ডুল হয়ে যাবে তাঁর। বাবা হয়ে মেয়েদের একনজর দেখার সুযোগ হারানোর ঝুঁকি তিনি কীভাবে নেন? সে কারণেই তো ব্যাকুল পিতা পণ করেছিলেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না কিছুতেই!