ডেইলি স্টার-দৃষ্টি ‘বিজনেস আইডিয়েশন’ প্রতিযোগিতা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃষ্টি, চট্টগ্রামের আয়োজনে ব্রেইনস্টর্মিং বিজনেস আইডিয়েশন প্রতিযোগিতা গত বুধবার নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হয়েছে। ব্যবসার নতুন ধারণা, পরিকল্পনা, প্রচার ও প্রসার এবং ব্র্যান্ডিং-সংক্রান্ত চট্টগ্রামে এ ধরনের একমাত্র আয়োজন এটি। প্রতিযোগিতা উদ্বোধন করেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ফরিদ আহমদ চৌধুরী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিস অব ডিন অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ও ডেইলি স্টার-এর চট্টগ্রাম ব্যুরোপ্রধান রইসুল হক বাহার। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহসভাপতি মিলি চৌধুরী, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবের শাহ ও সমন্বয়কারী বোরহান উদ্দিন । প্রধান অতিথি মাহফুজ আনাম বলেন, ‘আমাদের কী নেই তা নিয়ে চিন্তা না করে তরুণদের উচিত আমাদের যা আছে তা নিয়ে চিন্তা করে সময়ের সদ্ব্যবহার করা।’ তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম হচ্ছে বাণিজ্যিক রাজধানী। আমাদের সব ব্যবসা-বাণিজ্য চট্টগ্রাম থেকে নিয়ন্ত্রণ হওয়া উচিত।’ চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ফরিদ আহমেদ চৌধুরী বলেন, ‘চট্টগ্রামকে বিশ্বের সামনে তুলে ধরতে হলে আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েদের প্রচুর পরিশ্রম করতে হবে।’ প্রতিযোগিতার চূড়ান্ত বিষয় নির্ধারণ করা হয়েছে ‘ব্র্যান্ডিং চিটাগাং’। অনুষ্ঠানে প্রতিযোগীদের পাশাপাশি উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় ব্যক্তিরা। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ও বিদ্যালয়ের ৩৩টি দল অংশ নিচ্ছে।