ডেঙ্গু জ্বর থেকে বাঁচতে
প্রায়ই শোনা যাচ্ছে নানাজনের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার খবর। এ নিয়ে চিন্তিত হয়ে পড়ছে অনেকে। তবে কিছু সাবধানতা মেনে চললে অনেকটা নিরাপদে থাকা যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন এ বি এম আবদুল্লাহ বলেন, অনেকেই মনে করেন যে ডেঙ্গু জ্বর মারাত্মক রোগ এবং এতে অনেকেই মারা যায়। এ ধারণা ভুল। সময়মতো এবং নিয়মিত চিকিৎ সা করালে কম সময়েই ডেঙ্গু জ্বর ভালো হয়। ডেঙ্গু জ্বরের উপসর্গ হলো প্রচণ্ড জ্বর, শরীরে র্যাশ ওঠা ও রক্তক্ষরণ। ডেঙ্গু জ্বর কি ছোঁয়াচে কোনো রোগ? এ বি এম আবদুল্লাহ বলেন, ডেঙ্গু জ্বর ছোঁয়াচে কোনো রোগ নয়। এমনকি আক্রান্ত মায়ের বুকের দুধ খেলেও শিশুর ডেঙ্গু জ্বর হয় না। জ্বর শুরুর পাঁচ-ছয় দিন পর রক্ত পরীক্ষা করা উচিত। এর আগে রক্ত পরীক্ষা করলে সঠিক ফলাফল না-ও আসতে পারে। আর সব রোগীর ক্ষেত্রেই রক্তে চিনির মাত্রা পরীক্ষা করা উচিত। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার খাওয়া উচিত। যেহেতু ডেঙ্গু জ্বর ভাইরাসজনিত রোগ, তাই এর চিকিৎ সায় অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই।ডেঙ্গু জ্বর হয় মূলত এডিস মশার কামড়ে। এডিস মশা জন্মায় স্যাঁতসেঁতে পানিতে। গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক রিনাত ফৌজিয়া বলেন, ডেঙ্গু জ্বর প্রতিরোধে আগেভাগেই ধ্বংস করতে হবে এডিস মশার বসবাসের স্থান। বাড়ির বারান্দায় রাখা শখের টবে কিংবা মাটির সানকিতে লাগানো গাছের গোড়ায় যেন পানি না জমে, সেদিকে খেয়াল রাখতে হবে। বাড়ির আশপাশে ঝোপঝাড়ে প্লাস্টিকের পাত্র অথবা নারকেলের মালায় যেন পানি জমতে না পারে। তাই আগেভাগেই অপ্রয়োজনীয় জিনিস যথাস্থানে ফেলে দেওয়াই ভালো। এমনকি রান্নাঘরের প্রতিদিনের ময়লা জমিয়ে না রেখে ফেলে দেওয়া উচিত। বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের পানি যেন ঘরের বাইরে বের করে দেওয়া হয়, সে জন্য একটা নল লাগিয়ে দেওয়া যেতে পারে। এতে ঘরের ভেতরে পানি জমে স্যাঁতসেঁতে ভাব হয় না। আবার রেফ্রিজারেটরের পানি যেন নিচের ট্রেতে পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। পানি জমে গেলে ট্রে পরিষ্কার করে নিন। মোট কথা, যেন ঘর পরিচ্ছন্ন আর শুষ্ক থাকে, সেদিকে বিশেষ নজর দিতে হবে।সতর্কতা এডিস মশার বংশবৃদ্ধি প্রতিরোধ করতে হবে। জ্বর বেশি হলে চিকিৎ সকের শরণাপন্ন হতে হবে। প্রয়োজনমাফিক বিভিন্ন ধরনের পরীক্ষা করাতে হবে। পানি ও তরল খাবার বেশি খেতে হবে। ডেঙ্গু জ্বর মারাত্মক কোনো রোগ নয়। রোগীকে এই অভয় দেওয়া উচিত।