ডেটা এন্ট্রির অন্তর্ভুক্ত হয়েছে করপোরেশনের শিক্ষাপ্রতিষ্ঠান
চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন স্কুল-কলেজগুলোর শিক্ষক-কর্মচারীর যাবতীয় তথ্য ডেটা এন্ট্রির অন্তর্ভুক্ত হয়েছে। ফলে একপলকেই এঁদের সম্পর্কে যেকোনো তথ্য জানা যাবে কম্পিউটারের পাতায় চোখ রাখলেই। এতে জবাবদিহি ও কাজের গতিও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। এ প্রসঙ্গে সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আলম নিজামী বলেন, ‘ল্যানের (লোকাল এরিয়া নেটওয়ার্কিং) কাজ চলছে। এটি শেষ হলে করপোরেশনের স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বিষয়ে যাবতীয় তথ্য কম্পিউটারে বসে জানা সহজ হবে।’করপোরেশন সূত্রে জানা যায়, এ বছরের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে ডেটা এন্ট্রির কাজ শুরু করা হয়। বর্তমানে করপোরেশনের ৪৪টি স্কুল ও নয়টি কলেজের প্রতিটি শিক্ষক-কর্মচারীর তথ্য ডেটা এন্ট্রির অন্তর্ভুক্ত হয়েছে। আগামী দু-তিন মাসের মধ্যে ল্যানের কাজ শেষ হবে। এরপর করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ কম্পিউটারে বসেই দেখতে পারবেন এসব তথ্য। এখন করপোরেশনের নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে প্রয়োজনীয় ডেটা এন্ট্রির তথ্যগুলো দেখার সুযোগ রয়েছে।প্রধান শিক্ষা কর্মকর্তা জানান, ‘আগামী সময়ে পুরো সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের যাবতীয় তথ্য ডেটা এন্ট্রির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। আশা করছি, এ বছরের মধ্যেই কাজ শেষ করা যাবে।’ নিজস্ব প্রতিবেদক