
হাজার বছরের ইতিহাসের চিহ্ন ধরে রেখেছে, নগরে এমন দালান বা রাস্তাঘাট এখন নেই বললেই চলে। নেই জনগণের মিলিত হওয়ার জন্য কোনো নগরকেন্দ্র বা সুপরিসর স্থান। কিন্তু ডেনমার্কের তরুণ স্থপতিদের স্বপ্নের চট্টগ্রাম একেবারেই আলাদা। তাঁদের সৃজনশীল নকশায় ফুটিয়ে তোলা চট্টগ্রামে নতুন রূপে মাথা তুলে দাঁড়িয়ে থাকতে দেখা যাবে পি কে সেন ভবনকে। চওড়া রাস্তার মাঝে পুরোনো ভবনকে অক্ষত রেখেই নগরকে নতুন করে বিনির্মাণ করতে চান তাঁরা। ঢেলে সাজাতে চান চাক্তাই খাল ও কর্ণফুলী নদীর দুই তীর।
‘ট্রান্সফরমিং পারস্পেকটিভ অব ডেভেলপমেন্ট’ শিরোনামে ৮ ডিসেম্বর বিস্তার আর্টস কমপ্লেক্সের উদ্যোগে শুরু হয়েছে স্থাপত্য কলাবিষয়ক এই প্রদর্শনী। ডেনমার্কের কোপেনহেগেনের দ্য রয়েল ড্যানিশ একাডেমি অব আর্টসের স্কুল অব আর্কিটেকচারের ২৬ জন শিক্ষানবিশ স্থপতির চট্টগ্রামবিষয়ক ভাবনা নিয়েই এই প্রদর্শনী। স্নাতকোত্তর কোর্সের অংশ হিসেবে চট্টগ্রাম নিয়ে ছয় মাস ধরে মাঠপর্যায়ে গবেষণা, অনুসন্ধান ও জরিপ চালিয়েছেন তাঁরা। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহায়তাও নিয়েছেন। চট্টগ্রামের ইতিহাস, রাজনীতি ও জনবিন্যাস সম্পর্কে জেনেছেন। সবকিছুর পর নিজেদের নকশায় ফুটিয়ে তুলেছেন চট্টগ্রামের নবরূপ।
প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম। উপস্থিত ছিলেন দ্য রয়েল ড্যানিশ একাডেমি অব ফাইন আর্টসের শিক্ষক নিলস গ্রনবেক, দাগ পিটারসন, শিক্ষার্থী নিকোলাই লারাসে ও ট্রাইনে স্ট্রকদি। সঞ্চালনা করেন বিস্তার আর্টস কমপ্লেক্সের পরিচালক আলম খোরশেদ।
প্রদর্শনীতে ছয়টি বিভাগে তরুণ স্থপতিদের নকশা স্থান পেয়েছে। এসব নকশায় উঠে এসেছে নগরের অবকাঠামোর পুনর্বিন্যাস ও পুনর্নির্মাণের পরিকল্পনা, পাবলিক স্পেস বা নাগরিকদের সম্মিলনের জন্য উন্মুক্ত স্থানের নকশা এবং নতুন রূপ দেওয়া বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোর রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণবিষয়ক নানা পরিকল্পনা।
তরুণ স্থপতিদের এই পরিকল্পনা তাঁদের শিক্ষারই অংশ। তবু তাঁরা যেন নতুন এক চট্টগ্রামেরই স্বপ্ন দেখালেন, যেখানে অতীত ভবিষ্যতের হাত ধরাধরি করে আছে। যে শহরের ভবনে, রাস্তায় কিংবা ফুটপাতে খোদিত থাকবে এখানকার জনজীবন ও সংস্কৃতি।
রয়েল ড্যানিশ একাডেমি অব ফাইন আর্টসের শিক্ষক নিলস গ্রনবেকও বললেন সে কথাই। তিনি বলেন, চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতি শিক্ষার্থীদের খুব প্রভাবিত করেছে। তাঁরা চেয়েছেন সে বিষয়গুলোকে তাঁদের নগর-পরিকল্পনায় তুলে আনতে।