
২০ জানুয়ারি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অভিষেক হলো যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। খবরটি জানাজানি হওয়ার পর থেকেই দারুণ বিরক্তি প্রকাশ করেছেন ভারতীয় অভিনয়শিল্পী এবং সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই। তিনি বলেন, ‘দশ দিক থেকে খবর আসছে ডোনাল্ড ট্রাম্পের নাকি অভিষেক হলো। এটা কীভাবে সম্ভব? অভিষেক কেবল আমার এবং আমার। অভিষেক কখনোই ডোনাল্ড ট্রাম্পের কিংবা ডোনাল্ড ট্রাম্প কখনো অভিষেকের হতে পারে না, আমি কখনো তা হতে দেব না!’
এদিকে এমন একটা খবরও পাওয়া যাচ্ছে যে হোয়াইট হাউসের সামনে শপথ নেওয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্প ফিসফিস করে বলেন, ‘ছোটবেলায় পিটি-প্যারেড করার সময় টিচারের কানমলার ভয়ে শপথ করতাম, কিন্তু এখন এই বুড়ো বয়সে এসে এ রকম শপথ করা বাচ্চামি ছাড়া কিছুই না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমার প্রথম কাজই হবে সব শপথ ভঙ্গ করা। কারণ, দুনিয়ায় শপথ করাই হয় ভেঙে ফেলার জন্য। পারলে শপথ নয়, গোটা দুনিয়াটাকেই ভেঙে ফেলব আমি।’
ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পদার্পণের পরপরই নাকি চিৎকার করে বলেন, ‘আট বছর, দীর্ঘ আট বছর পর এই হাউস সত্যিকারের হোয়াইট হলো!’
এ বিষয়ে রস+আলোর এই প্রতিবেদক ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে চাইলে তাঁর ব্যক্তিগত সহকারী বলেন, ‘স্যার এখন ব্যস্ত। রেসলিং দেখছেন।’
ওদিকে ৭২ ঘণ্টা ধরে ঐশ্বরিয়ার হাউকাউ চলছেই। রস+আলোর এই প্রতিবেদক তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এক করণ জোহরই তাঁর সর্বনাশ করেছেন। কারণ, তাঁর হাবি অভিষেককে নিয়ে দোস্তানা সিনেমা করেছিলেন এই পরিচালক। তখন থেকেই অভিষেকের চালচলনে পরিবর্তন লক্ষ করছেন। আর এখন শুনছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাকি অভিষেক হয়ে গেছে! এটা তিনি মেনে নেবেন না বলে জানিয়েছেন। যেকোনো মুহূর্তে হোয়াইট হাউসের দিকে হাঁটা দেওয়ার হুমকিও দিয়েছেন এই অভিনয়শিল্পী।
এই প্রতিবেদক যখন জিজ্ঞেস করেন, তাঁর সঙ্গে আর কেউ যাবেন কি না। তখন সাবেক মিস ওয়ার্ল্ড কম্পমান কণ্ঠে গেয়ে ওঠেন, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে...’।

তুমি শুধু আমার! আর কারও না, কারও না!
অ্যাশ, তুমি কিন্তু পাগলামি করছ! অভিষেক শুধু তোমার! বাকি সব মিডিয়ার অপপ্রচার।